![]()
"মেয়ে তুমি - অপূর্ণতার অহমিকা"
মেয়ে তুমি
বিষন্ন অলসতায়
ভালো লাগা কিছু মুহূর্তের মতো
অসংলগ্ন চিন্তার মাঝে ধুমকেতু সম
টুকরো স্মৃতির একরাশ দমকা বাতাস যেন
বেগের প্রবলতায় উড়িয়ে দাও কষ্টগুলো
পর্ণকুটিরে আঁকো ভালোবাসার নিশ্চিত নিবাস।
মেয়ে তুমি
বৃষ্টিভেজা মুহূর্তের কাছে
অকৃপণ যাযাবর
দামমাত্র মূল্যে তাই
ভালোবাসার কেনাবেচা।
মেয়ে তুমি
আকাশের কান্না কষ্টকে বুকে নিয়ে
সেই পরিশুদ্ধ অশ্রুকণার তীক্ষ্ণ আস্বাদনে
ঘোরলাগা কোন হ্মণে তোমায় গোপণে
লুকিয়ে প্রেম করেছি অর্পণ লোকচক্ষুর আড়ালে।
মেয়ে তুমি
আশার বসত গড়েছো নিকোটিনের বিষাক্ত হৃদয়ে
বেদনার নীল রঙে রাঙিয়ে
যাপিত জীবনের কষ্টদের তাড়িয়ে
এক বাসযোগ্য পৃথিবীর নির্মান আমার বুকে।
মেয়ে তুমি
অসাধারণত্বকে দূরে ঠেলে
ঠাঁই নেবে কি বুকের মাঝে?
বাঁচিয়ে রাখা প্রতি নিঃশ্বাসের
হিসেব মিলবে আমার কাছে।
তোমার জন্যই রেখেছি তুলে
অলিন্দের প্রতি প্রকোষ্ঠের কোণে
রক্তাক্ত কবিতার বিশুদ্ধ প্রেম।
মেয়ে তুমি
জ্যোৎস্নাময়ী রাত্রির কাছে
অকৃপণ যাযাবর
দামমাত্র মূল্যে তাই
হৃদয়ের কেনাবেচা।
মেয়ে তুমি
আবেগকে বিকিয়েছো সময়ের দৈন্যতায়
আমাকে ফিরিয়েছো কিসের ছলনায়
রক্তাক্ত আমি আর আমার কবিতা
প্রেম তাই ছন্দহীন শব্দের উপমা।
মেয়ে তুমি
নিয়ন আলোর আঁধারিয়া জগতে
ভালোবাসা খসে পড়া পলেস্তারাহীন দেওয়ালে
প্রেমশূন্য আমার তৈলচিত্র।
মেয়ে তুমি
পাবে না ফিরে এই আমার আমিকে
কবিতার খাতা ভাঙা পেন্সিলের মতো
রয়ে যাবে পুরনো ডায়েরির মলিন পৃষ্ঠাগুলো
তাই অপূর্ণতাই হোক তোমার অহমিকা।
টুকরো কথাঃ
অন্ধকারময় চারপাশ। জলন্ত সিগারেটের যবনিকা। কুন্ডলী পাকিয়ে ধোঁয়াদের হারিয়ে যাওয়া।
যা! শেষ হয়ে গেল।
ছাইভস্ম সিগারেট জীবনের প্রতিরূপ যেন।
কিন্তু তুমি সিগারেট নও। নও বাতাসে মিলিয়ে যাওয়া ধোঁয়াদের মতো। তুমি প্রতিনিয়ত জলন্ত সিগারেটের আগুনে তাপিত একজোড়া ঠোঁট।
ঝলসে গেছো। কিন্তু এখনো রয়েছো পুরোটা জুড়ে।
কথা দিলাম ঠিক ততোদিন তোমায় মনে রাখবো যতদিন বুকের মাঝে হৃদপিন্ডটা জানান দেবে "বেঁচে আছি"।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



