অনুভূতি-১
আমাদের আশেপাশের কোন এক বাসায় এক পিচ্চি থাকে। ল্যাদল্যাদা টাইপের পিচ্চি, কমপ্লান গোছের না। একদিন দেখি হঠাৎ সে একগাদা চকোলেট নিয়ে দৌড়াদৌড়ি করছে। যথারীতি আমার গা জ্বলেপুড়ে শ্মশান হয়ে গেল! হাত তুলে থামালাম,
‘ওহে আণ্ডা, ফালাফালি করতেছিস কীজন্য? আর হাতে কি বল দেখি- কি কি চকোলেট মিষ্টি?’
পিচ্চির উত্তর মনঃপুত হল না। সে টেলিভিশান কমার্শিয়াল এর ধারেকাছেও ঘেঁষল না।
‘হাতে কি বলতে পারব না। বললেই তোমাকে দিতে হবে।’
মারমুখী ভঙ্গিতে ঝাঁপিয়ে পরে ছিনতাই করব কিনা ভাবলাম, কিন্তু ভার্সিটিতে পড়ার বহুবিধ যন্ত্রণা- চাইলেও অনেক কিছু করা যায় না। আচ্ছা দেখি কথার প্যাঁচে ফেলে উদ্দেশ্য হাসিল করা যায় কিনা-
‘আচ্ছা দেখি তো কেমন গুনতে শিখেছিস, গুনে বল কতগুলা বস্তু তোর হাতে।’
‘২০ টা। একটাও তোমার জন্য না। আব্বু বিদেশ থেকে পাঠাইছে, আমি সব ছোটোদের জন্য নিয়ে যাচ্ছি।’
অবাক হলাম। এতোটুকুন বাচ্চা নিজে না খেয়ে অন্য বাচ্চাদের জন্য নিয়ে যাচ্ছে একসাথে খাবে বলে! নিজে না পাওয়ার দুঃখ ধামাচাপা দিলাম!
অনুভূতি-২
নেপাল বেড়াতে গেলাম। উদ্দেশ্য অবশ্য শুধু বেড়ানো নয়- বন্ধুর বিয়ে। খাওয়া- দাওয়ার প্রতি আমার লোভ- লালসা জনিত অনুভূতির প্রতি পূর্ণ সম্মান রেখে দাওয়াত পাওয়ামাত্রই বিমানে চাপলাম। ঘোরাঘুরি কিছুই হয় নাই, যা হয়েছে টা হল গণযোগাযোগ। তো একদিন বন্ধুর বাড়ির সবার সাথে আড্ডাবাজি করছি। কথায় কথায় ক্রিকেট প্রসঙ্গ। কেউ একজন বলল,
‘তোমাদের ক্রিকেট টিম তো ভালো। ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছো তোমরা।’
আমি অবাক হলাম না। নেপাল ক্রিকেটে ভালো না, এতে অবশ্য ওদের তেমন মাথাব্যাথা নাই। নেপালিদের ইন্ডিয়াপ্রীতি চোখে পড়ার মতো। অনেক নেপালি নিজের দেশের চেয়ে ইন্ডিয়ার গুণগান বেশি করে। তাই স্বভাবতই ওরা অন্য সব কিছুর মতোই ইন্ডিয়ান টিমকে নিজেদের টিম মনে করে। তাই বাংলাদেশ টিম ভালো কিনা তার মাপকাঠি যে ইন্ডিয়ান টিম হবে এতে আশ্চর্য কি!
‘হাহাহা। শুধু ইন্ডিয়া! বিশ্বের সব টিমকেই আমরা হারাইছি। বাংলাদেশের সাথে খেলার আগে তারা বাথরুম ক্লিয়ার করে আসে! পরের ওয়ার্ল্ড কাপ আমরাই বগলদাবা করব।’
‘ইয়ে, বাংলাদেশ ভালো দল। বিশ্বকাপ নেওয়া তোমাদের পক্ষে সম্ভব।’
গর্ব হল। অহংকার হল। নিজের দেশকে নিয়ে অহংকার।
অনুভূতি- ৩
রোজকার মতো মা অফিস শেষ করে বাড়ি ফিরলো।
‘মা, এতো দেরি করলা ক্যান? কাজ নাই তোমার?’
‘আর বলিস না, আজকে অফিসে যা সিন ক্রিয়েট হল!’
‘কি হইছে? তোমাদের সুপারকে কেউ মড়াখেকো বলে গালি দিছে?’
‘না। ওই আকবর সাহেব আছে, সে ঘুষ চাইছে, আর যেই লোকের কাছে চাইছে সে চিল্লাচিল্লি শুরু করছে।’
‘তারপর পুলিশে দিয়ে আকবরের হালুয়া টাইট করে নাই?’
‘নাহ, আকবর সাহেব চুপ করে গেছে আর ওই লোক রেগেমেগে বের হয়ে গেছে।’
‘সাহেব সাহেব কইরো না তো, এইগুলার হাত ভেঙ্গে নাকের ফুটার মধ্যে ঢুকিয়ে দেওয়া উচিত।’
‘না রে বাবা, আকবর সাহেব অন্যদের মতো না। সে জমি-জিরাত নিয়ে মামলা মকদ্দমায় জিপি ফান্ড থেকে একগাদা লোন নিয়ে এখন মেয়ের বিয়ে দিতে পারতেছেনা। এই লোক আগে ঘুষ খেত না।’
করুণা হল। নিরুপায় হয়ে দুর্নীতিতে নাম লেখানো একজন মানুষের প্রতি করুণা।
অনুভূতি- ৪
ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতল। সাকিবের ‘মেহমানরা যা খুশি নিতে পারে ওয়ার্ল্ড কাপ ছাড়া’ ডায়লগ পরিবর্তিত হয়ে ‘মেহমানরা সাবধান, ওয়ার্ল্ড কাপ নিছস তো নিছস, আর কিছুর দিকে তাকাইলে চক্ষু উপড়ায়ে মার্বেল খেলবো’ আকার ধারণ করেছে। বাকি সব দেশকে গালাগালি করেও সাধ মিটল না, রুমে ঝোলানো ওয়ার্ল্ড ম্যাপ থেকে ইন্ডিয়া রাষ্ট্রটিকে ব্ল্যাক কালি দিয়ে কেটে ওইটার ফটো তুলে ইন্ডিয়ান ফ্রেন্ডদের কে মেইল করে ‘ব্ল্যাকমেইল’ করব কিনা ভাবলাম। অবশেষে ক্লান্ত হয়ে নিদ্রা সকল সুখের মূল হিসেবে ঘুম দিলাম।
হিংসা হল। তীব্র হিংসা।
অনুভূতি- ৫
হুমায়ূন আহমেদ- এর জোছনা ও জননীর গল্প শেষ করলাম। অন্য সব মুক্তিযুদ্ধের বইপত্রের মতোই এই বইটিও পড়ে মনে তীব্র ঘৃণার সঞ্চার হল- যতটুকু না পাকবাহিনীর প্রতি, তারচেয়েও বেশি সেইসব কুলাঙ্গার বেজন্মা রাজাকার গোলাম আযম, নিজামিদের প্রতি। যারা ধর্মের দোহাই দিয়ে পাকবাহিনীর হত্যাযজ্ঞ, ধর্ষণ, লুটপাট, সহিংসতায় অংশগ্রহণ করেছিল। এই দেশের দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের দ্বারা চপেটাঘাত খেয়েও এদের শিক্ষা হয়নি, এইসব ধর্মান্ধ ফতোয়াবাজ অমানুষরা এখনো দেশকে মধ্যযুগে নিয়ে যাওয়ার চেষ্টায় লিপ্ত। কুত্তার লেজ কখনো সোজা হয় না। এদের দেখাদেখি এখন দেশে আরও ধর্মান্ধ চরমপন্থি সংগঠন মাথাচাড়া দিয়েছে। এদের জন্য আমার অন্তরে ঘৃণা ছাড়া আর কিছুই নেই।
অনুভূতি- ৬
আমাদের পাড়ায় একজন কাঠমোল্লা আছে। না, কোন মসজিদের হুজুর না, সে স্বঘোষিত মোল্লা এবং হজ না করেই স্বঘোষিত হাজী। দুনিয়ার সকল বিষয়ে তার সমস্যা। তার বিশেষ সমস্যা তরুণসমাজ নিয়ে। তরুণসমাজের যাবতীয় সদস্য তার চক্ষুশূল। সে তাদের ক্রমাগত শাপশাপান্ত করতে থাকে। তার বে- সিন্ড্রোম আছে। তার সকল গালির উপসর্গ বে, বে-দ্বীন, বে-লাহাজ, বেয়াদব, বেজন্মা ইত্যাদি ইত্যাদি। একদা তার গমনপথে আমার ছুড়ে দেয়া কলার খোসায় সে পপাত ধরণীতল অবস্থায় উপনীত হয়। তারপর আর কি! তার বে-সুলভ শাপশাপান্তে আমার লম্বা লম্বা পা ফেলে সটকে পড়া!
হাসি পেল। অট্টহাসি! আর একটু হেসে নেই? উত্তরের অপেক্ষা করার ধৈর্য নাই- মুহাহাহাহাহাহাহুহুহুহুখিকখিকজ।
অনুভূতি- ৭
গত দুবারের মতো এইবারও শাবিপ্রবিতে সিএসই কার্নিভাল হবে। অন্য দুবার ভলান্টিয়ার হিসেবে ছোটখাটো কাজ করলেও বৃহৎ ক্ষেত্রটা এবারই উপলব্ধি করছি। দিনরাত খাটাখাটনি করছে ছাত্র-শিক্ষক সকলেই। পোলাপাইনদের দেখছি পাংশুমুখে ছুটোছুটি করতে- বাজেট মেলাও, জিনিসপত্র কিনো, ল্যাব সেটআপ করো, পোষ্টার লাগাও, হ্যান করো ত্যান করো, হাবি করো জাবি করো, সাত করো সতেরো করো! দিনরাত পরিশ্রম করি, ঘুমানোর সময়- সংকট। পরিশ্রম করতে গায়ে লাগে না, টেনশনটাই বড়- সবকিছু ঠিকঠাক হচ্ছে তো? আল্লাহ, মাত্র এইটুকু সময় বাকি! কিভাবে শেষ করব এতো কাজ! এত্ত বড় একটা ইভেন্ট, কত মানুষ আসবে! শেষে লজ্জায় পড়তে হবে না তো!
ক্লান্তি লাগছে অনেক। অবসাদে শরীর মন ভেঙ্গে পড়ছে।
অনুভুতি-৮
কার্নিভাল শেষ হল। ইয়াহু! সফল সমাপ্তি। সকল টেনশনের অবসান। একি! প্রোগ্রামিং কনটেস্টে আমার ভার্সিটি দ্বিতীয়! আর সফটওয়্যার কনটেস্টে প্রথম! খোদা! এতদিনের আকাংখা কি অবশেষে পূর্ণ হচ্ছে?
আনন্দ বাঁধ মানল না। একি, চোখে জল চলে আসছে কেন! নাহ, কষ্ট নয়, আনন্দাশ্রু। এটা কি এতদিনের ক্লান্তির ফলে নিয়ন্ত্রনঅযোগ্য আবেগের বহিঃপ্রকাশ? কে জানে!
অনুভূতি শেষ হয় নি। কষ্ট নামের একটা অনুভূতি এখনো বেঁচেবর্তে আছে, চোখ রাঙ্গাচ্ছে। কষ্টের কথা বলতে ভালো লাগেনা। উপরের যত ঘটনা বললাম সব ঘটনায় কষ্ট অনুপস্থিত। এরকম কোন ঘটনায় আমি কষ্ট পাইনা। আমি কষ্ট পেতে চাইনা।
আমি কষ্ট পাই। যখন দেখি জাগো নামের কোন ফাউন্ডেশন ছিন্নমূল শিশুদের পিছনে যত শ্রম ব্যয় করছে তার চেয়ে শোডাউন এর পিছনে বেশি ব্যয় করে। মানুষের ব্যাক্তিগত জীবন নিয়ে আমার কোন আগ্রহ নেই। জাগোর ভলান্টিয়াররা কি পোশাক পড়ছে তাতেও আমার কোন মাথাব্যাথা নেই। কিন্তু কেন তাদের খরচের প্রভাব শিশুদের উপর না পড়ে ভলান্টিয়ারদের উপর বেশি পড়ে? কেন তাদের অনুষ্ঠানের জাঁকজমক এতো বেশি হবে যেন তাদের মূল উদ্দেশ্য তাতে ঢাকা পড়ে যায়? তাদের উদ্দেশ্য মহৎ তাতে সন্দেহ নেই। আমার আপত্তি তাদের কাজকর্মের অস্বচ্ছতা নিয়ে। তারা যদি সঠিক কাজে তাদের সব টাকা-পয়সা খরচ করে তাহলে স্বচ্ছতার ব্যাপারে তাদের কেন এতো আপত্তি?
আমি কষ্ট পাই। যখন দেখি আমার অন্যতম প্রিয় শিক্ষক জাফর স্যারকে ধর্মান্ধ চরমপন্থি সম্প্রদায় অহেতুক আক্রমন করে। এখন তাদের ধর্মান্ধতায় নতুন জোয়ার এসেছে। মূর্খের দল বাংলা ভাষার মানে বুঝতেও অক্ষম। হঠাৎ হঠাৎ তারা স্যারের লেখা কলামের নতুন মর্মোদ্ধার করতে পারে! যেমন এখন একটা হুজুগ তুলেছে তারা, বিতর্কে ফেসবুক উত্তপ্ত। তারা সহজে থামবে না কারণ মূর্খদের আসলে কিছু বোঝানোও যায় না। তাদের মনে অনেক দিনের ক্ষোভ। মুক্তচিন্তার ডঃ মুহাম্মদ জাফর ইকবাল যে তাদের যাবতীয় উদ্দেশ্যমূলক ধর্মান্ধতা, চরমপন্থার বিরোধিতা করে আসছেন! কিন্তু এটা তো হতে দেয়া যাবে না! একটা মানুষ এইভাবে আমজনতা বিশেষত তরুণসমাজকে প্রগতিশীলতায় উদ্বুদ্ধ করতে থাকলে দেশকে তারা মধ্যযুগে নিয়ে যাবে কিভাবে? তাকে হুমকি দিয়ে চিঠি লিখো! কাজ হচ্ছে না? সরাসরি হুমকি দিয়েই দেখো না! নাহ, তাও তো কাজ হয় না! মহা মুশকিল! তার বিরুদ্ধে দেশব্যাপী প্রচারণা চালাও! তার চিন্তাভাবনা ঠিক না। এইবার যাবে কোথায়? না, ওয়েট- শক্তভাবে কাজ করতে হবে। প্রচার করো তার কথা মানলে ইসলামচ্যুত! মর জ্বালা! তাও দেখি এই লোকের কথাই শোনে সবাই! ইয়েস! পেয়েছি! পারসোনাল অ্যাটাক করো! তার ফ্যামিলিকে নিয়ে! যা সত্য নয় তাকেও সত্য বানাও। যা সত্য তাকে এমনভাবে উপস্থাপন করো যেন মনে হয় তা বিরাট অন্যায়! এবার?
হাহ! এবার? তবে শোন ব্যাটারা। কাপুরুষ তোরা। তোরা নিজেদের স্বার্থ দেখে যেকোনো নীচতার আশ্রয় নিতে পারিস, কিন্তু একজন দেশপ্রেমিক, জাতীয়তাবোধে উদ্বুদ্ধ, প্রগতিশীল মানুষ তার চিন্তাধারা থেকে পিছু হটে না। যত বাধা বিপত্তিই আসুক সে তার আদর্শে অটল থাকে। এতো আক্রমণ, নোংরামি, নষ্টামি করে কি তোরা তাঁকে বিন্দুমাত্র দমিয়ে রাখতে পেরেছিস? পারবি না মূর্খের দল! পারবি না কারণ পুরো দেশ তাঁর সাথে আছে। আমরা তাঁর সব ছাত্রছাত্রী তাঁকে ঘিরে রেখেছি। তাঁকে নিয়ে এইসব নোংরামিতে আমরা তাঁর কাছে লজ্জিত কিন্তু আমাদের মনোবল কমেনি একটুও।
আমি কষ্ট পাই। যখন দেখি রাজাকার আলবদররা দেশের মন্ত্রী হয়। যাদের দেশের মাটিতে কবর পাওয়ারও কোন অধিকার নাই, যাদের মৃত্যুদণ্ড কার্যকর করে লাশ পার্সেল করে পাকিস্তানে পাঠিয়ে দেয়া দরকার, তারা বুক ফুলিয়ে চলাফেরা করে আমার স্বাধীন দেশে। এরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলের জন্য। আমি কষ্ট পাই এদের ফতোয়াবাজিতে। যখন দেখি পর্দার নামে, শালীনতার নামে মেয়েদের সত্ত্বাকে বন্দী করে রাখা হয়। তাদের অনেক ভয়, যদি পুরুষশাসিত সমাজ বদলে যায়! নারীদের সমান অধিকার! নাউজুবিল্লাহ! তাহলে আমাদের দাস হবে কারা! আমাদের সেবা করবে কে? মেয়েরা দেহ সংযত করো, ছেলেদের চক্ষু অবাধ বিচরণের ক্ষমতা রাখে! ছেলেরা ৮ প্যাক বানিয়ে শোডাউন করো মাশাল্লাহ, মেয়েরা বোরখা না পড়লে দোষ! আরব শেখের গুষ্টি কাসিনোতে গেলে দোষ নাই, মেয়েরা স্কুল-কলেজে গেলে দোষ! ধর্মের রীতিনীতির বারোটা বাজিয়ে অপব্যবহারের এমন নজির আর নাই।
আমি কষ্ট পাই। যখন দেখি এতো পরিশ্রমের কার্নিভালের পর কিছু অবিবেচক মানুষ কার্নিভালের কনটেস্টের রেজাল্ট নিয়ে দুর্নীতির অভিযোগ তোলে। কই ড্যাফোডিল কনটেস্টের পর তারা চুপ কেন? নাকি তারা জানতে চায় কত টাকা দিয়ে আমরা ড্যাফোডিল কিনে নিয়েছি! দেশের স্বনামধন্য কিছু বিশ্ববিদ্যালয়কে বলি, কিসের এতো দেমাক তাদের? তাদের মানসিকতা নিয়ে প্রশ্ন করতে ইচ্ছা করে কিন্তু উত্তর পেয়ে গেছি আগেই। উত্তর পেয়েছি সেদিন যেদিন কার্নিভালের প্রোগ্রামিং কনটেস্টের শুরুতে দুই- তিনটি প্রবলেম সলভ করে তারা চিল্লিয়ে ওঠে, ‘ DU RESONANCE কোথায়? দেখি না তো!’ সব বিশ্ববিদ্যালয় এবং তাদের টিমগুলোর মধ্যে পারস্পারিক শ্রদ্ধাবোধ থাকা একান্ত প্রয়োজন, এটা শিখতে আমাদের দেশসেরা বিশ্ববিদ্যালয়ে পড়ার দরকার হয়নি।
এলোমেলো লেখাটা শেষ করি। জানিনা যা বলতে চেয়েছি তা বলতে পেরেছি কিনা। অনেকদিনের অব্যাক্ত কথাগুলো অবশেষে ব্যাক্ত করতে পারলাম এটাই আনন্দের। আমি আর কষ্ট পেতে চাইনা, ভাগাভাগি করে হলেও কষ্ট কমাতে চাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




