“হাহ, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে!!”- এই জাতীয় উক্তি শুনতে শুনতে মাঝে মাঝে আমাদের কানে পচন ধরার উপক্রম হয়। আমার প্রশ্ন হচ্ছে, আরে বাবা আমি লাখ টাকার আরামদায়ক কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখব কীজন্য?! কারণ তাহলে তো আমার কাছে অলরেডি লাখ টাকা আছেই! স্বপ্ন দেখতে হলে বড় বড় স্বপ্নই দেখতে হয়।
ধরা যাক কেউ কোটিপতি হতে চায়। বেচারার পকেটে অবস্থা দেখে গড়ের মাঠও হাসিতে গড়াগড়ি খায়। পকেটে মাত্র ১০০ টাকা। তার পক্ষে কি কোটিপতি হওয়া সম্ভব?
আমার মত চালবাজ কেউ বলবে, “ হা হা হা! অবশ্যই সম্ভব! জাস্ট কে হতে চায় কোটিপতি অনুষ্ঠানে দৌড় দে ব্যাটা, কোটিটাকা তোর স্বামী(পতি) হয়ে যাবে! হা হা হা!”।
রসিকতা শেষ হলে এবার দেখা যাক আসলেই সম্ভব কিনা,
- খুবই সোজা। ১০০ টাকা দিয়ে ১০০টা ম্যাচ(দিয়াশলাই বক্স) কিনে নাও। প্রতিটি ম্যাচে থাকে ৪০+/-২ টি কাঠি(প্রতিটি ম্যাচবক্সে এর উল্লেখ আছে)। অর্থাৎ ৩৮-৪২ টি কাঠি। প্রবাবিলিটি বলে ৮০% ম্যাচে ৩৮ টির চেয়ে বেশি কাঠি থাকবে। অর্থাৎ প্রবাবিলিটি অনুসারে ১০০ টি ম্যাচের মধ্যে ২০ টি ম্যাচে থাকবে ৩৯ টি, ২০ টি ম্যাচে ৪০ টি, ২০ টি ম্যাচে ৪১ টি এবং ২০ টি ম্যাচে ৪২ টি করে কাঠি থাকবে। এছাড়াও বাকি ২০ টি ম্যাচে ৩৮ টি করে কাঠি থাকবে, যেই ম্যাচগুলো নিয়ে আমরা চিন্তিত না। এখন যদি তুমি সবগুলো ম্যাচে সমান ৩৮ টি করে কাঠি রাখো তাহলে তুমি অনেকগুলো বাড়তি কাঠি পাবে। বাড়তি কাঠির সংখ্যা- (২০*৪ + ২০*৩ + ২০*২ + ২০*১)= ২০০ টি। ২০০ টি কাঠি মানে ৪০ টি কাঠি করে ৫ টি ম্যাচ! তারমানে তোমার কাছে মোট ম্যাচ হল ১০৫ টি! এখন এই ১০৫ টি ম্যাচ ১০৫ তাকায় বিক্রি করে দাও এবং নতুন ১০৫ টি ম্যাচ কিনো। তারপর ওইগুলোতেও ৩৮ টি করে কাঠি রাখো! এইভাবে তুমি বাড়তি ম্যাচ পেতেই থাকবে এবং অচিরেই তুমি কোটিপতি হয়ে যাবে!
সুতরাং, ১০০ টাকা পকেটে নিয়ে কোটিপতি হওয়া খুবই সম্ভব। শুধু টাকা-পয়সার স্থুল স্বপ্ন নয়, যেকোনো স্বপ্ন পূরণ করা যায়- প্রয়োজন শুধু খুব ভাল একটি আইডিয়া। অসাধারণ একটি আইডিয়ার অর্থ আশিভাগ কাজের সমাপ্তি। অনেকেই স্বপ্ন নিয়ে হাসাহাসি করবে, স্বপ্নের ছেলেমানুষি ব্যাপারগুলো নিয়ে ফালাফালি করবে- এগুলোতে কর্ণপাত করলে নিজের স্বপ্নকে নিজে অপমান করা হয়। জগতে কোন কিছুই অসম্ভব না, সবই সম্ভব। আর অতি বড় বড় স্বপ্ন বাস্তবায়ন শুরু হয় খুব ক্ষুদ্র ক্ষুদ্র কিছু পদক্ষেপ থেকে। আপাতদৃষ্টিতে তুচ্ছ কিছু কাজই গড়ে তোলে মহৎ কিছু কাজের ভিত। আর তুচ্ছ কাজ আমরা সবাই করতে পারি। তাই স্বপ্ন দেখা বন্ধ করতে হয় না। যত বড় সম্ভব স্বপ্ন দেখতে হয়। কারও স্বপ্নই অবজ্ঞা করতে হয় না। সবারই তার স্বপ্ন স্বার্থক করার ক্ষমতা আছে। আর আমাদের মত বোহেমিয়ান মানুষদের জন্য স্বপ্ন দেখা ছাড়া আছেই বা কি? বিশ্বাস করতে ইচ্ছা করে সব স্বপ্ন সত্যি হবে। কিন্তু হয় না। এর জন্য কি আমরা নিজেরাও দায়ী নই?
পাদটীকাঃ মাথাভর্তি দুষ্টবুদ্ধি কিলবিল করার পরিণাম হল ম্যাচবক্স টাইপের ফাউ আইডিয়া। এই ফর্মুলায় অনেক ফাঁক-ফোঁকর থাকার কথা। একবার ট্রাই করে দেখব ভাবতেছি!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




