ক্রেতা পেলে আকাশটাকে বেচে দিবো নাম মাত্র দামে, মাত্র এক রেললতা ফুলের সমমূল্যে।
তুমি বললে নীলামে চড়াবো ছেলেবেলার পাঠ্য নিকেতন, শচীন টেন্ডুলকারের টেস্ট রেকর্ড,
স্মৃতিময় সাগরের আকর্ষণ আগেই বাদামের খোসার মতো ফেলে এসেছি রবীন্দ্র সরোবরে।
তোমার ঠোঁটের কোনে হেলে পরা বৈকালিক গোলাপ গাছটাই কেবল থাকবে আমার
পারলে একে পরজীবীর মর্যাদা দিয়ো, নইলে তুলে দিয়ো বেহুলা লখিন্দরের ভাসানে।
আমার অঞ্জলি ভরা রোদের বিচালি, সেতো কবে উড়ে গেছে কাল বোশেখের তোড়ে।
কোন এক সুবহে সাদিকে এক অনাহারি আগুন্তক বাদুর আমার লাজ-লজ্জা, হায়া শরম
ভুলে খেজুর রস ভেবে পান করে চলে গেছে। এখন আমি দেহহীন আত্মার মতো নিঃস্ব ছায়া।
আমাকে দেউলিয়া ঘোষণা করুক কেন্দ্রীয় ব্যাংক এ তুমি চাওনা বলেই রক্ষা, এখনো টিকে আছি।
তোমার কাছে গচ্ছিত পকেট সাইজের সংবিধানে মুদ্রিত আমার একমাত্র সার্বভৌমত্ব,
সবুজ জামরুল পাতার লাশ, আমার প্রেম, আমার মৃত্যু, কবিতার ডায়রী ছাড়া
আর কিছু অবশিষ্ট নেই। এসব ফিরে নিতেও চাইনা।
মিথ্যে প্রতিযোগিতায় শিশু শিক্ষার অমূল্য বাণী লন্ডন ব্রীজ হতে আমি খুব অসহায়
ভাবে ফেলে দিয়েছি টেমস নদীর জলে, এতোদিন ওসবের নির্ঘাত সলীল সমাধি হয়েছে।
ছোট বেলার সেই যত্নে রাখা শ্লেট, ভাংগা চকের টুকরা, রং পেন্সিলে আঁকা স্বপ্নের রংধনু
সবার অগোচরে সেন্ট মার্টিনের কেয়া বনে গোপন পাপের মতো দাফন করেছি, কেউ জানেনি।
এখন আমার হাতে আছে কেবল মূল্যহীন আকাশ, উপযুক্ত মূল্য পেলে তাও ছেড়ে দিবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





