চাঁদে বেড়াতে যাওয়ার টিকিট বিক্রি করছে যুক্তরাজ্যভিত্তিক একটা প্রতিষ্ঠান। ২০১৫ সাল থেকে শুরু হবে চাঁদে বেড়াতে যাওয়ার রকেট সার্ভিস। সাবেক সোভিয়েত ইউনিয়নের নভোযানে করে এই চন্দ্র-পর্যটনকাণ্ড সম্পন্ন করা হবে। চাঁদের টিকিটের দাম মাত্র ১৫ কোটি ডলার। ১২০০ কোটি টাকার মতো।
আমরা আশা করছি, এই চন্দ্রাভিযানে বাংলাদেশের কোটিপতিরা ব্যাপকভাবে অংশগ্রহণ করবেন। তবে একটাই শর্ত, অর্থের উৎস জানতে চাওয়া হবে না। আর চন্দ্রাভিযানে ব্যয়িত অর্থের ওপর কর বসানো হবে না।
টাকা বাংলাদেশের জন্য কোনো ব্যাপারই না। অর্থ উপার্জন এখানে সবচেয়ে সহজ।
সবচেয়ে সহজ উপায়টা হলো, ব্যাংক থেকে ঋণ নেওয়া আর শোধ না দেওয়া। অর্থমন্ত্রী বলেছেন, দেশে ঋণখেলাপির সংখ্যা এক লাখ ২২ হাজার। এদের কাছে কত টাকা অনাদায়ী আছে, তা অবশ্য এই ভাষণে পাওয়া যায়নি।
হাজার হাজার কোটি টাকা নাকি শেয়ারবাজার থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। এই টাকার মালিক এখন যাঁরা, তাঁরাও চন্দ্রাভিযানে যেতে পারেন।
আর টাকা আয়ের সহজতম উপায়টা যাঁরা এত দিন অবলম্বন করেছেন, ১০ জনের টাকা একজনের পকেটে, তারপর ১০০ জনের টাকা, তারপর এক হাজার জনের টাকা—এমএলএম না কী যেন বলে এই পদ্ধতিটাকে, তাদের কাছেও থাকতে পারে এই পরিমাণ টাকা, শুধু হেসেখেলে চাঁদে বেড়িয়ে উড়িয়ে দেওয়ার জন্য।
তবে আমার মনে হয়, সবচেয়ে ভালো করবেন তাঁরা, যাঁরা চাঁদে প্লট আর ফ্ল্যাট বিক্রি শুরু করবেন। বুকিং দিলেই টেলিভিশন ফ্রি। চন্দ্রাচল প্রকল্প নাম দিয়ে তাঁরা একটা চমৎকার অফিস নেবেন আর পত্রপত্রিকা, টেলিভিশন, বিলবোর্ডে বিজ্ঞাপন দিতে থাকবেন। চাঁদে প্লট বরাদ্দ চলছে। অ্যাপ্লাই করুন, অ্যাপ্লাই করুন। বুকিং ফি মাত্র ৫০ হাজার টাকা। তারপর কাঠাপ্রতি ১০ হাজার টাকা ছাড়। পাঁচ কাঠার প্লট মাত্র ২৫ লাখ টাকা। প্রতি মাসে কাঠাপ্রতি ১০ হাজার টাকা দিলেই হবে। আপনি কিস্তিতে ছয় বছরে পরিশোধ করুন।
হাজার হাজার লোক অ্যাপ্লাই করবে। এক লাখ লোকের প্রত্যেকের পকেট থেকে প্রথম বছরে ছয় লাখ টাকা করে আদায় করতে পারলেই ছয় হাজার কোটি টাকা। পাঁচজন চাঁদে যেতে পারবেন।
তবে মূল্যবান টাকা যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানের হাতেই বা দেওয়ার দরকার কী? আমরাই তো চাঁদে পাঠাতে পারি। বুকিং চলছে। চন্দ্রাভিযান। চাঁদের টিকিট কিনলেই কক্সবাজারে লাক্সারি হোটেলের মালিকানার সাফকবলা। আমরাই দেশ-বিদেশের চন্দ্রপর্যটকদের পকেট থেকে টাকা আনতে পারব।
অন্য উপায়ও হতে পারে। আমাদের কোনো দেশপ্রেমিক নেতা ঘোষণা করতে পারেন, ‘আমার খুবই শখ চাঁদ দেখতে যাব। আমাকে টিকিট কিনে দিন। এই বাংলার ১৫ কোটি লোক। প্রত্যেকে যদি ১০০ টাকা করে দেন, তাহলেই তো আমার ১৫০০ কোটি টাকা হয়ে যায়। আমি চাঁদে যেতে পারি।’
বাংলাদেশের মানুষ নেতাদের জন্য করতে পারে না এমন কিছুই নেই। অবশ্যই আমরা ১৫০০ কোটি টাকাই দেব। শুধু একটাই শর্ত। টিকিটটা যেন ওয়ান ওয়ে হয়।
১৫০০ কোটি টাকা বাংলাদেশের অনেকের কাছেই কোনো টাকা নয়।
কাজেই বাংলাদেশে এই টিকিট বিক্রির জন্য লাইসেন্স দেওয়া যেতে পারে।
অবশ্যই লাইসেন্স তিনিই পাবেন, যিনি আমাদের কমিশন দেবেন সবচেয়ে বেশি। লাইসেন্স ফি তো দিতেই হবে, সেটা যাবে সরকারি কোষাগারে, কিন্তু বেসরকারি পকেটেও তো কিছু ভরতে হবে। সেটা নিয়েই হবে আমাদের আসল তেলেসমাতিটা। বিভিন্ন পার্টি অ্যাপ্লিকেশন করবে। কে পাচ্ছে কাজটা, এই নিয়ে তুমুল উত্তেজনা। এই পর্যায়ে এসে বিশ্বব্যাংক বলবে, খেলব না, দুর্নীতি হয়েছে।
দুর্নীতি হয়েছে কি হয়নি, তদন্ত চলতে থাকবে। পত্রপত্রিকায় এই নিয়ে কথাবার্তা বলাবলি শুরু হতে না-হতেই অর্থমন্ত্রী ধমক দিয়ে বলবেন, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হলেই কেউ দুর্নীতিবাজ হয় না। অভিযোগ আগে প্রমাণিত হতে হবে।
কথা সত্য। অভিযুক্ত মাত্রই অপরাধী নয়। এবং অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকেই অপরাধী বলা উচিত নয়।
যা-ই হোক, কষ্ট করে চাঁদে যাওয়ার পরে দেখবেন, সেখানে এরই মধ্যে চীনারা পৌঁছে গেছে এবং চায়নিজ রেস্টুরেন্ট দিয়ে ফেলেছে। ভারতীয়রা সেখানে কম্পিউটারের সফটওয়্যারটা চালাচ্ছে।
সোভিয়েত মহাকাশযান কোনোরকমে নামতে পেরেছে বটে, কিন্তু ফেরার ব্যবস্থা করতে পারছে না। কারণ যান্ত্রিক ত্রুটি। পাইলট ভদ্কার বোতল সাবাড় করছেন।
সেখানকার নিরাপত্তাঝুঁকি বিবেচনা করে বেশ কিছু মহাকাশ পর্যবেক্ষণকেন্দ্রে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরিমাণ বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
কৌতুক:
ইন্টারনেটের কৌতুক, ইংরেজি থেকে অনুবাদ:
বাবা-মা আর তাঁদের সন্তান। ছেলে বড় হয়ে কী হবে তা নিয়ে বাবা-মা উদ্বিগ্ন। তাঁরা ঠিক করলেন, তাঁরা একটা পরীক্ষা করবেন।
তাঁরা ছেলের ঘরের সামনের হলরুমে টেবিলে একটা বই, ১০০ ডলার, একটা পিস্তল আর এক বোতল হুইস্কি রেখে দিলেন। ছেলে ঘরে ঢোকার মুখে কী করে, তাঁরা লুকিয়ে লুকিয়ে দেখছেন।
যদি সে বইটি নেয়, বড় হলে সে বুদ্ধিজীবী হবে।
সে যদি পিস্তলটা নেয়, বড় হলে সে ডাকাত হবে।
সে যদি টাকাটা নেয়, বড় হলে সে ব্যাংকার হবে।
সে যদি হুইস্কির বোতল নেয়, বড় হলে সে কিছু হবে না, একটা বেহেড মাতাল হবে।
বাবা-মা উত্তেজিত। সে আসছে। কী সে নেয়!
ছেলে টেবিলের কাছে এল। টাকাটা তুলে নিয়ে পরীক্ষা করে দেখল জাল নাকি আসল। টাকাটা সে মানিব্যাগে ভরল। তারপর পিস্তলটা নিল। সেটা রাখল কোমরে গুঁজে। তারপর এক হাতে বইটা নিয়ে আরেক হাতে বোতলটা ধরে সে চলল নিজের ঘরের দিকে।
বাবা বললেন ছেলের মাকে, আমার ছেলে বড় হয়ে রাজনীতিবিদ হবে।
আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



