যুগান্তরের ঘূর্ণিপাক
যে আইন ও বিধির দ্বারা বিদেশি শাসকেরা শাসন করে, সে আইন ও বিধিকে বদলিয়ে নিজেদের উপযোগী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করাই হলো স্বাধীনতার মূলকথা। বিদেশি শাসক বদলিয়ে দেশীয় শাসকদের ক্ষমতায় বসিয়ে ঔপনিবেশিক আমলের রাষ্ট্র-কাঠামো ও শাসনব্যবস্থা দিয়ে দেশ পরিচালনা করা জনগণের জন্য ‘এক ধরনের পরাধীনতা’।
...............................................................................................
আমরা প্রতিবাদের নায়ক হতে চাই না। আমরা চাই না প্রতিবাদের নামে অরাজকতা সৃষ্টি করতে। আমরা চাই না কারো ক্যাডার হতে কারো ক্ষমতায় যাবার সিঁড়ি হিসেবে ব্যবহার হতে।
ছাত্র সমাজের নামে এই যে কলঙ্ক তা থেকে আমরা মুক্ত হতে চাই।
আমরা চাই প্রচলিত ‘রাজনৈতিক আবর্জনা’ থেকে দেশকে বের করে নিয়ে আসতে। এ এক নতুন ধারনা। এ ‘ধারনা’র ঝান্ডা তুলে ধরে শক্তি-সঞ্চালনের মাধ্যমে বিজয় অর্জন সম্ভব।
প্রিয় ছাত্র-যুবসমাজ, ’৫২র ভাষা আন্দোলন, ’৬২র শিক্ষা আন্দোলন, ’৬৬র ৬ দফা এবং ’৬৮-’৬৯-এর গণঅভ্যুত্থানের কেবল নেতৃত্বই নয়, ছাত্র-যুবসমাজ গোটা জাতিকেই তখন ঐক্যবদ্ধ করেছিলো। ’৬২র ‘নিউক্লিয়াস’ (স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ) এবং বি.এল.এফ ও
’৭১র সশস্ত্র যুদ্ধে ছাত্র-যুবসমাজই ছিলো প্রধান শক্তি। এসব ইতিহাস সৃষ্টিকারী বৈপ্লবিক কর্মকাণ্ডের প্রাণশক্তি ছাত্র-যুবসমাজকে কেউই তখন ‘লেজুড়বৃত্তি’ করাতে পারেনি। ‘লেজুড়বৃত্তি’ করে এ ধরনের ঐতিহাসিক দায়িত্ব পালনও করা যায় না।
’৭১-এর ২ মার্চ স্বাধীনতার ‘পতাকা উত্তোলন’, ৩ মার্চ ‘ইশতেহার পাঠ’, ২৩ মার্চ ‘পতাকা দিবস’ পালনের মধ্যদিয়ে স্বাধীনতার প্রশ্নে দিক-নির্দেশনার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো তৎকালীন যুবসমাজই করেছিলো।
’৭১ এ স্বাধীনতা লাভের মধ্যদিয়ে শাসক বদল হয়েছে; তবে শাসনব্যবস্থা বদলানোর কাজটি সামনে রয়েছে।
প্রিয় দেশবাসী, আমরা ছাত্র-যুবসমাজের পক্ষ হয়ে আপনাদের সামনে এক কঠিন পরীক্ষায় উত্তীর্ন হবার ঘোষণা দিতে চাই। আমরা আজ ‘এক ধরনের পরাধীনতা’র মাঝে আবদ্ধ। পরাধীন আমলের শাসনব্যবস্থা দিয়ে দেশ সামনের দিকে এগুতে পারছে না। এ কারণে আমাদের শিক্ষাব্যবস্থাসহ সকল ব্যবস্থাই কেবল ‘সেকেলেই’ নয় আমাদের জন্য অনুপোযোগী এবং অকার্যকর।
আমরা এই অবস্থা থেকে গোটা জাতিকে মুক্ত করে সত্যিকারের স্বাধীনতার স্বাদ জনগণের দুয়ারে পৌঁছাবো। এ হলো আজকের ছাত্র-যুবসমাজের প্রতিজ্ঞা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




