আমার আব্বু, পেশায় একজন শিক্ষক । পাশের বাসার মিসবাহ ভাই, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত । পাশাপাশি ফ্ল্যাটেই আমরা থাকতাম । মিসবাহ ভাই আবার আব্বুর ছাত্রও ছিলেন । মাঝে মাঝেই আব্বুর কাছ থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য আমাদের বাসায় আসতেন । কিছুক্ষণ কথাবার্তা বলে আবার চলে যেতেন ।
সেদিন রাত তখন সাড়ে দশটারও একটু বেশিই হবে । আমি ততক্ষনে ঘুমিয়ে পড়েছি । মিসবাহ ভাই আসলেন আমাদের বাসায় । আব্বুর সাথে অনেকখন কথা বললেন । তারপর হঠাৎ বিদেশ থেকে তার ফোন আসলো, তাই তাড়াহুড়ো করে চলে গেলেন ।
ফজরের সময় আব্বু উঠে মসজিদে চলে গেলেন । যাওয়ার সময় আমাকে আমাকে ডেকে দিয়ে বললেন দরজা লাগানোর জন্য । আমি ধিরে সুস্থে উঠে, ঘুম ঘুম চোখে, চোখ কচলে কচলে দরজা লাগাতে গেলাম । দরজার সামনে গিয়ে তো আমার চক্ষু চড়কগাছ !! দরজার সামনে একজুড়ো জুতো !!

এরকম জুতো তো আমাদের বাসার কারো নেই । তড়াক করে মাথায় আসলো, আমার তো উঠতে দেরি হয়েছে এই ফাঁকে নিশ্চয় কোনো চোর বাসায় ঢুকে পড়েছে । সাথে সাথে শুরু করলাম চিৎকার চেঁচামেচি । আম্মু, দাদু, চাচ্চু সবাই তাদের রুম থেকে বেরিয়ে আসলেন । তাদেরকেও জুতোটা দেখালাম এবং আমার চিন্তার কথাটা বললাম । সাথে সাথে শুরু হল দৌড়ঝাপ । দাদু বলে এঘরে দেখো, তো আম্মু বলে ওঘরে দেখো । আমি আবার এককাঠি সরেস হয়ে বললাম, "নিশ্চয় চোরটা সবকিছু নিয়ে পালিয়ে গেছে জুতোটা রেখে" ।
খাটের তলা থেকে শুরু করে স্টোররুম পর্যন্ত খোজা হল । কিন্তু, চোরের হদিস তো মিললই না বরং দেখা গেল সবকিছু ঠিকঠাকই আছে, কোনো কিছুই খোয়া যায়নি । আতংকগ্রস্থ অবস্থায়ই আবার ঘুমিয়ে পড়লাম ।
সকালে ঘুম থেকে উঠলাম যথারীতি । হাতমুখ ধুয়ে, নাস্তা করে, বাইরে বেরুতেই সাইদের সাথে দেখা । সাইদ, মিসবাহ ভাইয়ের ছোট ভাই, আমার এক ক্লাস জুনিয়র । ভাবলাম তাকে ঘটনাটা শুনিয়ে একটু চমকে দেই । কিন্তু, সে আমাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই বলে উঠল, "বড় ভাইয়া, কাল রাতে আপনাদের বাসায় জুতো রেখে এসেছেন । জুতোটা নেওয়ার জন্য ভাইয়া আমাকে পাঠিয়েছেন" ।
কথাটা শুনার সাথে সাথে আমার হাসি হাসি মুখটা শুকনো হয়ে গেলো । উত্তেজনার বেলুনটা নিমিষেই চুপসে গেলো । কষ্টে হেসে তাকে বললাম, " এসো, নিয়ে যাও" ।
(ব্লগে আমার আগমন অনেক উৎসাহ-উদ্দীপনা নিয়েই । মাঝে সেই উৎসাহে একটু ভাটা পড়ে গিয়েছিল । কাল যখন দেখলাম যে "আপনি একজন নিরাপদ ব্লগার", আগের সেই ঊৎসাহ শতগুনে বেড়ে গেলো । সবাইকে অসংখ্য ধন্যবাদ ।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



