
আজ কবিতার অন্তর্জলী যাত্রা
নীরব নিঃশব্দ নির্বিকার প্রস্থান
আজ কবিতার মহাপ্রয়াণ
নির্বিকল্প সমাধি মৃত্যুর আখ্যান
মৃত্যু অসহ্যতার আবরণে ঢাকা
অনিবার্য শূন্যতার অনাবাদী ভূমি যার করতলে
যেখানে অমীমাংসিত রহস্যের বসবাস
যেখানে অন্ধকার নিবিড় নিচ্ছিদ্র
সঘন অথচ সপ্রাণ
যেন মাতৃগর্ভ পুনরুত্থানের অপেক্ষায় যেখানে পূর্ণতার সতেজ ভ্রুণ
যেন মৃত্যুর করুণ ধ্বনিতে প্রতিধ্বনিত জীবন
যে জীবন আহত হইয়া মুমূর্ষু প্রায় হয় এবং ক্ষণিক মুর্ছা হইতে পুনরায় জাগিয়া ওঠে।১
প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে
প্রতি মুহূর্তে আমরা আঘাত দ্বারা মুমূর্ষু হইতেছি এবং পুনরায় সঞ্জীবিত হইতেছি। আঘাতের বলেই জীবনের শক্তি বর্ধিত হইতেছে। তিল তিল করিয়া মরিতেছি বলিয়াই আমরা বাঁচিয়া আছি।২
এবং আমরা বেঁচে আছি মৃত্যুর অপেক্ষায়।
এবং
মৃত্যু আছে বলেই অমন আকুল ছোটা কাজের পিছে/ তা নইলে আর কোথায় মজা? জীবনের চাঞ্চল্য মিছে
হওয়স কো হ্যায় নিশাতে কার ক্যা ক্যা/নহ্ হো মরনা তো জীনে কা মজা ক্যা?৩
কবিতা জীবনের সহোদর
তাঁহার জন্ম আছে জন্ম-কষ্ট আছে আছে আনন্দ শোকতাপ আছে প্রথাগত মৃত্যুর বিচিত্র মাত্রা
যে কবিতার জন্ম আজ
শুরু সেই কবিতার অন্তর্জলী যাত্রা
অতএব
...বিলাপ কোরো না।
এও নিয়মের অংশ, আদিষ্ট, অলঙ্ঘনীয়,
আঘাতের প্রত্যাঘাত, ধ্বনিজাত প্রতিধ্বনি
লোষ্ট্রাহত জলের কম্পন শুধু।
...
জেনো এই ধ্বংস- এও ভালো। এরই সংযোজনে ফিরে এলো বৃত্তবিন্দু পূর্ণ হলো কালের ঘূর্ণন।৪
১ অব্যক্ত, জগদীশচন্দ্র বসু
২ অব্যক্ত, জগদীশচন্দ্র বসু
৩ গালিবের কবিতা, অনুবাদ শক্তি চট্টোপাধ্যায়/আয়ান রশীদ
৪ কালসন্ধ্যা, বুদ্ধদেব বসু
ছবি: সংগৃহীত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





