
কাচের কাঁকনে স্বপ্নের হাত
ভেবে নির্ঘুম কাটিয়েছি রাত
প্রতিকূলতাকে দূরে রেখে পথ চলিনি
বৃষ্টির মতো ঝরেছে শিশির
শরীর, দুচোখ ভিজে অস্থির
তবু কষ্টের কারণ কাউকে বলিনি
প্রবোধ দিয়েছি মনটাকে কত
কেন বোকা তুই অপেক্ষারত?
কেন অহেতুক যুক্তিবিহীন বায়না?
ধুলোতে বসত যে মানুষ করে
আকাশের চাঁদ নামে তার ঘরে?
না-না, চাইলেই সবকিছু পাওয়া যায় না!
থাক বেঁচে থাক তবু এ অসুখ
ভাঙা আয়নায় দেখি পোড়া মুখ
আহা! কতদিন হাসি নেই, মুখ হাসেনি
রিক্ত হৃদয় ধূ-ধূ মরুভূমি
হয়তো বুঝবে একদিন তুমি
এত ভালোবাসা মানুষ কাউকে বাসেনি
ছবি: সংগৃহীত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





