
ধোঁয়া না কুয়াশা?
ভালোবাসবো কাকে?
প্রশ্ন করলাম তোমাকে-
তুমি বললে, ধোঁয়াকে।
আমি বললাম, ধোঁয়াতো
জ্বালায় দুচোখ পোড়ায়-
শুনেই তুমি উপেক্ষা
আঁকলে ভুরু জোড়ায়।
হেসে বললে, কুয়াশা বোকাই শুধু নয়-
মাথামোটাও বটে,
একটু যদি বুদ্ধি থাকে ঘটে!
স্বর্গ ছেড়ে কেউ কি নামে নিচে
হাড়হাভাতের মতোন!
কথায় কথায় কাব্য করে বেড়ায়
এমন অধঃপতন!
শোনো, আমার সহজ কথা যতো
ধোঁয়া হয়তো একটু জ্বালায় পোড়ায়
কিন্তু দেখো উচ্চাকাঙ্ক্ষী কতো!
পেছন ফেলে তুচ্ছ পৃথিবীটা
উর্ধ্বাকাশে ছোটা!
এসব কাজে যে যোগ্যতা লাগে,
তার কথাতো ভাবতে হবে আগে।
জানি, তুমি ভালোবাসবে কাকে-
হতচ্ছাড়া ঐযে কুয়াশাকে!
আমি বললাম না-না,
না-না, না-না, না-না
তোমার কথার ওপর কথা নেই
ভালোই তোমার জানা!
তারপর?
কুয়াশা নয়, ধোঁয়ার কথাই হলো।
কারণ, তোমার যুক্তিগুলো ভালো।
অকাট্য একবারে,
দুচোখ বুজে মেনেই নিলাম তারে।
ছবি: সংগৃহীত
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১৬ রাত ৯:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



