অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ২০১১ সাল থেকে ডিজিটাল বাংলাদেশ গড়ার কার্যক্রম পুরোদমে শুরু করা হবে।
২০১০ সালের জুন মাসে 'ডিজিটাল বাংলাদেশ' গড়ার 'রোডম্যাপ' ঘোষণা করা হবে বলে জানান তিনি।
মুহিত বুধবার সন্ধ্যায় রাজধানীর শেরাটন হোটেলে ইংরেজি দৈনিক অবজারভার আয়োজিত 'ডিজিটাল বাংলাদেশ' বিষয়ক এক গোলটেবিল আলোচনায় বক্তব্য দিচ্ছিলেন। (আরো তথ্যসহ)
অর্থমন্ত্রী বলেন, "ইতিমধ্যেই আমরা রোডম্যাপ মোটামুটি তৈরি করে ফেলেছি। আর সে রোডম্যাপ অনুযায়ীই ডিজিটাল বাংলাদেশ গড়ার কার্যক্রম পরিচালিত হবে। আগামী ৫ বছরে দিন বদল হবেই হবে।"
মুহিত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত লক্ষ্যমাত্রা ২০২১ সালের মধ্যে সরকার অবশ্যই দেশবাসীকে ডিজিটাল বাংলাদেশ উপহার দিতে পারবে।
তবে এজন্য আইটি খাতের প্রতিনিধিসহ সবার সহযোগিতা প্রয়োজন বলেও জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, দেশের মাত্র ৪ শতাংশ মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করে। এদের সিংহভাগই শহরের। এক্ষেত্রে শহর ও গ্রামের বৈষম্য দূর করতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারনেট সুবিধা পৌঁছে দিতে হবে।
মুহিত জানান, সরকারি উদ্যোগে প্রতিটি উপজেলায় একটি "সাইবার ক্যাফে' প্রতিষ্ঠা করা হবে। সেখানে সবাই সামান্য খরচে আধুনিক তথ্য প্রযুক্তির সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে।
তিনি আরো জানান, সরকার তাদের সব কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করতে চায় বলে সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার 'ডিজিটালাইজেশন' করা হবে। আর এ কাজটি করা সম্ভব হলে দুর্নীতির সুযোগটা কমে যাবে বলে আশা প্রকাশ করেন মুহিত।
মুহিত বলেন, বিশেষ করে ভূমি নিবন্ধন ও পুলিশ প্রশাসনের 'ডিজিটালাইজেশন' হলে দেশে দুর্নীতি অনেকাংশে কমে আসবে।
সূত্রঃ http://www.bdnews24.com

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



