
ভাবনার পাশ বালিশে হেলান দিয়ে অনুভূতির পেয়ালায় ইচ্ছাকে পান করব আজ। আয়েশ করে দু'চোখ মুদে চিন্তাবিলাসে মগ্ন থাকব। হ্যাঁ। চিন্তাবিলাস! ঘূর্ণায়মান পৃথিবীর যান্ত্রিক মানুষের কাছে, চুপচাপ বসে চিন্তা করা বিলাসিতাই, নয়ত পাগলামো।
এই যে একের পর এক কর্মমুখর দিনযাপন, এর গন্তব্য কোথায়?সাড়ে তিন হাত দূরত্বে গিয়ে সকল সাংসারিক ব্যস্ততার সাথে পুরোপুরি সংযোগ বিচ্ছিন্ন। তাই ত? চির অবসর গ্রহণ। এই হল গন্তব্য! আচ্ছা, গন্তব্যে গিয়ে কেমন লাগবে আমার? কি জানি!! কর্মমুখর দিনগুলো, সেই অবসর দিনের সঙ্গী হবে ত!
আমার মনে হয়,চির অবসরের কথা যদি মানুষের মাথায় থাকত তবে অর্থ, স্বার্থ নিয়ে টানাটানি হানাহানির ব্যস্ততা থাকত না। পৃথিবীতে অশান্তি নামের শব্দটারও সৃষ্টি হত না।
আজকে আমার ভীষণ ব্যস্ততার দিন। তবু ঘরের কোণে চুপটি করে বসে থাকব। যে ব্যস্ততা আরো ব্যস্ত হওয়ার তাগিদ দেয়, বাক্সবন্দী করেছি তাকে আজ। চির অবসর নিয়ে ভাববো বলে, এই দিনটাই আমি অবসরে কাটাবো। যন্ত্র আত্নার বিরুদ্ধে মানুষ আত্নার মৌন প্রতিবাদ মিছিল হবে আজ!
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



