লাশ আনলো কখন??? প্রশ্নটা শুনে অামার বুক ভেঙে যায়...চিৎকার করে বলতে ইচ্ছে করে, এ্যাই মাত্র কয়েক মিনিটে আমার নামটা ভুলে গেলে কি করে??? কিছুক্ষন আগেও তো হাসপাতালে আমার বেডের পাশে দাঁড়িয়ে ফিসফিস করে কাকে যেনো ফোনে আমার নাম ধরে বলছিলে, ওর অবস্থা তেমন ভালো নারে...
সাদা কাপড়টা মুখের ওপর টেনে দেয়ার সঙ্গে সঙ্গে সবাই অামাকে লাশ-লাশ বলছো কেনো...অামার একটা নাম আছে...আমি তাে মিনিটখানেক আগেও তোমাদের বন্ধু, স্বামী, পিতা, স্বজন ছিলাম...
যে লােকটি আমাকে গোসল করাচ্ছিল নির্বিকার ভঙ্গিতে সে আগুন গরম পানি ঢালছিলাে আমার গায়...অথচ আর কেউ না জানলেও অন্তত তুমি তো জানতে আমি টাটকা গরম পানি গায়ে ঢালতে পারি না...আমার কুসুম গরম পানির মাত্রাতো তোমার মুখস্থ...মুহুর্তেই আমার পছন্দ-অপছন্দ মূল্যহীন হয়ে গেলাে...
অামার চিৎকার করে আরো অনেক কিছু বলতে ইচ্ছে করছিল...কিন্তু মৃতদের কথা বলা নিষেধ...তাই প্রথমবারের মতাে চুপচাপ বিনা প্রতিবাদে তোমাদের সব কথা শুনছিলাম...শুধুই শুনছিলাম....
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



