র্যাবের গুলিতে লিমনের পা হারানোর ঘটনার প্রতিবাদে রাজধানীর শাহবাগে সংক্ষুব্ধ নাগরিক সমাজ আয়োজিত পথনাটকে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আল আমিন (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, লিমনের ওপর হামলার প্রতিবাদে সংক্ষুব্ধ নাগরিক সমাজ আজ বিকেলে শাহবাগ মোড়ে মানববন্ধন ও পথনাটকের আয়োজন করে। বিকেল সাড়ে চারটার দিকে পথনাটক ‘খেঁকশিয়াল’-এর প্রদর্শনী চলছিল। চারদিকে ভিড় করে নাটক দেখছিলেন প্রতিবাদকারীরা।
এ সময় দুই তরুণ ভিড় ঠেলে নাটকের মাঝে ঢুকে ‘এই সব থামা’ বলে মাইকের স্ট্যান্ড লাথি মেরে ফেলে দেয়। প্রথমে সবাই এটাকে নাটকেরই অংশ মনে করলেও পরে ওই তরুণেরা একটি বেসরকারি টিভি চ্যানেলের চিত্রগ্রাহককে ধাক্কা দিয়ে পালাতে শুরু করলে সবাই বিষয়টি বুঝতে পারে। উপস্থিত দর্শকেরা ওই দুই তরুণের পিছু নিয়েও তাদের ধরতে পারেনি।
পরে আল আমিনকে ধরে পুলিশে সোপর্দ করে প্রতিবাদকারীরা। তবে পুলিশ ও ঘটনাস্থলে উপস্থিত ফটোসাংবাদিকেরা জানিয়েছেন, আল আমিন হামলাকারীদের মধ্যে ছিলেন না।
এ বিষয়ে শাহবাগ থানার পুলিশ জানিয়েছে, আল আমিন জানিয়েছেন, তিনি বাসে করে যাচ্ছিলেন। শাহবাগ মোড়ে মানুষের ভিড় দেখে ভাবেন হয়তোবা বাস ভাঙচুর করা হবে। এই ভয়ে তিনি বাস থেকে নেমে পড়েন। আল আমিনের বাবা মুনির হোসেন থানায় ফোন করে জানিয়েছেন, চাকরির পরীক্ষা দেওয়ার জন্য চাঁদপুর থেকে ঢাকায় এসেছেন তিনি।
ঘটনাস্থলে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি সুলতানা আক্তার রুবি সাংবাদিকদের বলেন, ‘সরকারের উচ্চপর্যায়ের সহযোগিতায় এমনটি ঘটেছে বলে আমরা মনে করছি।’

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




