নতুন করে হাঁটা শিখতে হবে দেখছি
পা পড়েছে মাটিতে ওসব কি মুছে দেয়া দরকার,
আবার হাঁটবো মসৃণ কাচের উপর
নতুন করে শিখছি সাদা মানে লাল আর লাল মানে সাদা,
নতুন শিখেছি এ দেশে কিছুতেই বিরোধ নেই
পথে ঘাটে মধু পড়ছে, পিঁপড়েরা বিরক্ত মাধুর্যের বিড়ম্বনায়
ইঁদুর দেখি নি বহুদিন ইঁদুর কাটা সংবিধানের স্তুপে,
ইঁদুরের মত কি দিব্যি ঘুমাচ্ছে হা করা বিড়ালের চোয়ালে!
যা শিখছি তাতে আইনগ্রন্থের উপর নিচে একশত সেলাই দিয়ে
সংশোধনীর পরিমাণ হবে লাইব্রেরির সমান,
যা দেখছি ভুলে গিয়ে চোখ বন্ধ করে ফের দেখতে হবে
হাটা চলার সনাতন ধারণার আপগ্রেড দরকার।
-
ড্রাফট ১.০
পা ব্যাথা বলে চিঠি লিখতে পারি না, হোজ্জার অজুহাত, কারণ হাতের লেখা নিজে ছাড়া অন্য কেউ পড়তে পারে না। ভাবুন এমনই এক চিঠি লিখছি কবিতায়। পড়বেন এমন ঝোঁকে যেন বিদ্রুপ করে বলছেন - জিন্দেগীতে কত কিছু যে দেখতে হবে!
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



