
বিএনপির প্রভাবশালী ও বিতর্কিত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর সংসদ সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। কমিশনের নিজস্ব আইন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার পর তারা সাকা চৌধুরীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় আইনি বিধানগুলো চূড়ান্ত করেছে। আর সাকা চৌধুরীর সংসদ সদস্যপদ বাতিলের অংশ হিসেবে আত্ম-পক্ষ সমর্থনের সুযোগ দিয়ে শিগগির তাকে চিঠি পাঠাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
সংবিধান, গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ এবং হলফনামা সংক্রান্ত হাইকোর্টের রায় অনুযায়ী সাকার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে। সাকার সদস্যপদ বাতিল ইস্যুতে ইসির আইনজীবী ড. কামাল হোসেনের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে কমিশনের। আইন বিশেষজ্ঞ ড. কামাল হোসেন সাকা চৌধুরীর সংসদ সদস্যপদ বাতিলে আইনে কোনো বাধা নেই বলে মত দিয়েছেন।
নির্বাচন কমিশনের একটি সূত্রে জানা গেছে, সাকা চৌধুরীর আসন শূন্য ঘোষণায় সংবিধানের ১১৯ এবং ৬৬ ধারায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করবে ইসি। এ রকম একটি ইঙ্গিত এরই মধ্যে সাংবাদিকদের জানিয়েছেন সিইসি ড. এ টি এম শামসুল হুদা। সংবিধানের ৬৬ ধারায় বলা হয়েছে, ‘কোন ব্যক্তি সংসদের সদস্য নির্বাচিত হইবার এবং সংসদ সদস্য থাকার যোগ্য হইবে না যদি তিনি কোন আইনের দ্বারা বা অধীন অনুরূপ নির্বাচনের জন্য অযোগ্য হন। কোন সংসদ সদস্য তাহার নির্বাচনের পর এই অনুচ্ছেদের (২) দফায় বর্ণিত অযোগ্যতার অধীন হইয়াছেন কিনা কিংবা এই সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুসারে কোন সংসদ সদস্যের আসন শূন্য হইবে কিনা সে সম্পর্কে কোন বিতর্ক দেখা দিলে শুনানি ও নিষ্পত্তির জন্য প্রশ্নটি কমিশনের নিকট প্রেরিত হবে। এ ক্ষেত্রে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত হইবে।’
সংবিধানের ১১৯-এ ‘নির্বাচন কমিশনের দায়িত্ব’ অধ্যায়ে লেখা রয়েছে ‘উপরিউক্ত দফাসমূহের নির্ধারিত দায়িত্বসমূহের অতিরিক্ত যেরূপ দায়িত্ব এই সংবিধান বা অন্য কোন আইনের দ্বারা নির্ধারিত হইবে, নির্বাচন কমিশন সেইরূপ দায়িত্ব পালন করিবেন।’
এ বিষয়ে সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক জানান, সংবিধান অনুযায়ী দুভাবে সংসদ সদস্যপদ বাতিল হয়ে যায়। প্রথমত, নির্বাচনে অংশ নেয়ার প্রাথমিক যোগ্যতা না থাকলে। দ্বিতীয়ত, নির্বাচিত হওয়ার পর অযোগ্য হলে। হলফনামায় সঠিক তথ্য দেয়া একটি যোগ্যতাÑ যেমন প্রার্থী ঋণখেলাপি নয়, সেটা প্রমাণ করা। হলফনামায় শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভুল তথ্য দেয়া হলে সেটা অবশ্যই অযোগ্যতা। তিনি আরো বলেন, এক্ষেত্রে নির্বাচন কমিশন সংবিধানের ৬৬(৪) অনুচ্ছেদ অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। ওই অনুচ্ছেদে বলা হয়েছে, ‘কোন সংসদ সদস্য তাহার নির্বাচনের পর সংবিধান বর্ণিত অযোগ্যতার অধীন হয়েছেন কিনা কিংবা এই সংবিধানের অনুসারে কোন সংসদ সদস্যের আসন শূন্য হইবে কিনা, সে সম্পর্কে কোন বিতর্ক দেখা দিলে শুনানি ও নিষ্পত্তির জন্য প্রশ্নটি নির্বাচন কমিশনের নিকট প্রেরিত হইবে এবং অনুরূপ ক্ষেত্রে কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে।’
আইন বিশেষজ্ঞদের পরামর্শে ইসি সাকার সদস্য পদ বাতিলের ক্ষেত্রে চারটি আইনের সমন্বয়ে আইনগত দিক খতিয়ে দেখেছে। এর মধ্যে নির্বাচনী আইন সংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশের ১২ ধারাকে এক্ষেত্রে আমলে নেয়া হয়েছে। এ ধারা অনুযায়ী কোনো প্রার্থী কোনো ধরনের নির্বাচনী অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট হলে কমিশন চাইলে তাকে সংসদ সদস্য হওয়ার বা সংসদ সদস্যপদে থাকার অযোগ্য ঘোষণা করতে পারবে। একইভাবে গণপ্রতিনিধিত্ব আদেশের ‘প্রার্থিতা বাতিলে কমিশনের ক্ষমতা’ বিধানে রয়েছেÑ কোনো প্রার্থী কোনো বিধান লঙ্ঘন করেছেন তা কমিশনের কাছে প্রতীয়মান হলে তিনি সংসদ সদস্য হওয়ার বা থাকার অযোগ্য হবেন। কমিশন লিখিত আদেশ দিয়ে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করে প্রজ্ঞাপন জারি করতে পারবে।
ইতিপূর্বে নির্বাচন কমিশন সাকার সদস্যপদ বাতিলের বিষয়ে স্পিকারের মতামত চেয়ে চিঠি পাঠায়। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ১৬ জুলাই স্পিকার কমিশনের চিঠির উত্তর দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, সংবিধানের ৬৬ অনুচ্ছেদ, জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৮ অনুচ্ছেদ, সংসদ সদস্য বিরোধ নিষ্পত্তি অধ্যাদেশ ১৯৮০-এর ৩ ধারায় নির্বাচন কমিশন সাকা চৌধুরীর সদস্যপদ বাতিলের বিষয়ে জানতে চেয়ে যে চিঠি দিয়েছে, তা স্পিকারের এখতিয়ারের মধ্যে পড়ে না বলে উল্লেখ করা হয়েছে। সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব নাজমুল হক চিঠিতে স্বাক্ষর করেন।
এর আগে ১৭ জুন নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) এ কে এম সলিমউল্লাহ স্বাক্ষরিত চিঠি স্পিকারের কাছে পাঠানো হয়। কমিশনের চিঠিতে বলা হয়, সাকা চৌধুরী তার দাখিলি হলফনামায় তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার তথ্য গোপন করে গণপ্রতিনিধিত্ব আদেশের ১২(৩খ) ধারা লঙ্ঘন করেছেন। তাছাড়া সাকা চৌধুরী তার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দাখিলের বিষয়ে কমিশন প্রদত্ত সুযোগ গ্রহণ না করে তার নিজ অঙ্গীকার বরখেলাপ করেছেন। হলফনামা করে এমন অসত্য তথ্য প্রদানকারী কোনো ব্যক্তি সংসদ সদস্য হিসেবে থাকার যোগ্য নন মর্মে কমিশন মনে করে।
চিঠিতে আরো উল্লেখ করা হয়, ‘নির্বাচন কমিশন সচিবালয় থেকে ৩ জুন তারিখে প্রেরিত পত্রের উত্তরে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ৯ জুন সংসদ সদস্যদের ‘জীবনবৃত্তান্ত’ বিষয়ক কাগজপত্রাদি প্রেরণ করেন। কমিশন উহা পর্যালোচনাপূর্বক অবগত হইয়াছে যে, সালাউদ্দীন কাদের চৌধুরী ১৯৭১ সনে পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় হইতে রাষ্ট্র বিজ্ঞানে বিএ (অনার্স) পাস করিয়া সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা অর্জন করেন। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে চৌধুরী কর্তৃক হলফনামায় প্রদত্ত তথ্য ও সংসদ সচিবালয় হইতে প্রাপ্ত তথ্যের মধ্যে সুস্পষ্ট গরমিল সম্পর্কে কমিশন নিশ্চিত হইয়াছে।’
সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগ রিট পিটিশন প্রদত্ত রায়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে আটটি তথ্য প্রদান ও নির্বাচন কমিশন কর্তৃক ভোটারদের জ্ঞাতার্থে প্রচারের নির্দেশনা প্রদান করে। আপিল বিভাগ সিভিল হাইকোর্ট বিভাগের ওই রায় বহাল রাখে। সুপ্রিমকোর্টের আদেশ যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ১২ ধারায় সংশোধনী আনে। ১২ ধারায় (৩খ)-এর অধীন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থীকে মনোনয়নপত্রের সঙ্গে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের সত্যায়িত অনুলিপিসহ আটটি তথ্য হলফনামা সম্পাদনপূর্বক দাখিলের বিধান করা হয়।
ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নবম সংসদসহ ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাকা চৌধুরী। এর আগে দ্বিতীয় জাতীয় সংসদ (১৯৭৯), তৃতীয় জাতীয় সংসদ (১৯৮৬), পঞ্চম জাতীয় সংসদ (১৯৯১), সপ্তম জাতীয় সংসদ (১৯৯৬) এবং অষ্টম জাতীয় সংসদে (২০০১) তিনি সংসদ সদস্য ছিলেন। শিক্ষাগত যোগ্যতার তথ্যাবলীতে সাকা চৌধুরী সংসদে একেকবার একেক ধরনের তথ্য দিয়েছেন। একটি তথ্যে উল্লেখ করা হয়, তিনি চট্টগ্রামের সেন্ট প্লাসিড স্কুল থেকে মাধ্যমিক পাস করে নটর ডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর পাঞ্জাব থেকে বিএ অনার্স করেন। লন্ডনের লিংকনস ইনে আইন বিষয়ে পড়ার সময় তার বাবা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর মৃত্যুতে দেশে ফিরে আসেন। আরেকটি তথ্যে বলা হয়েছে, লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বাবার অসুস্থতার খবর পেয়ে তিনি দেশে ফিরে আসেন। এর আগে পাঞ্জাবের একটি স্কুল থেকে এসএসসি পাস করেন। এইচএসসিও করেন পাঞ্জাবে। সম্প্রতি সংসদ থেকে এ তথ্য কমিশনে আসে।
সাকা চৌধুরীর ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, তিনি পাঞ্জাবের একটি স্কুল থেকে এসএসসি পাস করেন। নটর ডেম থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হয়ে অনার্সে পড়াকালে মুক্তিযুদ্ধ শুরু হয়। এ সময় তিনি লন্ডনে চলে যান। কিন্তু প্রতিবারই সংসদে দেয়া তথ্যে নিজেকে কখনো ব্যারিস্টার, কখনো এমএ পাস, কখনো অনার্স পাস বলে উল্লেখ করেন।
খবরের লিংক: Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



