জেনো বড্ড চেয়েছিলাম তোমায়,
ভোরের আকাশে যখন সূর্য উঁকি দেয় সেই আলোতে তোমার মুখটা কেমন দেখায় তা দেখতে চেয়েছিলাম,
তোমার কপালে শিশিরকণা ছুঁইয়ে তোমার ঘুম ভাঙাতে চেয়েছিলাম,
তোমার মিষ্টি রাগ দুচোখভরে দেখতে চেয়েছিলাম,
তোমার সামনে আয়না ধরে দেখাতে চেয়েছিলাম রাগলে তোমায় কেমন দেখায়।
ক্লান্তিমাখা দুপুরে তোমার সাথে সূর্যস্নান করতে চেয়েছিলাম,
সূর্যের তাপে তোমার কপালে জমা বিন্দু ঘাম মুছে দিতে চেয়েছিলাম,
রোদ পোহাতে পোহাতে তুমি যখন বিরক্ত হয়ে যেতে, তখন ছায়া দিয়ে আগলে রাখতে চেয়েছিলাম।
বিকেলবেলাতে দুইজন মিলে পুকুরপাড়ে বসে জলতরঙ্গের খেলা দেখতে চেয়েছিলাম,
তোমার সাথে পুকুরে ঢিল ছুঁড়তে চেয়েছিলাম,
শেষ ঢিলটা কে ছুঁড়বে তা নিয়ে ঝগড়া বাঁধাতে চেয়েছিলাম।
চাঁদের আলোতে বসে দুজনে একই গানে গলা মেলাতে চেয়েছিলাম,
একইসাথে দুজনে গানের কথা ভুলে গিয়ে পরস্পরের দিকে তাকিয়ে হেসে ফেলতে চেয়েছিলাম,
তোমার কোলে মাথা রেখে জোৎস্না দেখতে চেয়েছিলাম।
মাঝরাতে তোমার ঘুম ভাঙিয়ে 'ভালোবাসি' বলতে চেয়েছিলাম,
জেনো বড্ড চেয়েছিলাম তোমায়।।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



