একজন গ্রু’র কথা
একদা শহরের শেষ প্রান্তে যে বিখ্যাত তরুণটির বাসা ছিল, আজ তিনি বৃদ্ধ। অবিবাহিত অবস্থায় বৃদ্ধটি একদিন মারা গেলেন। পত্রিকায় নিউজ হলো- “লাভ গ্রু মারা গেছেন। মরে গিয়ে গ্রু প্রমাণ করলেন- ভালুবাসলেই ঘর বাঁধা যায়না।”
দু’ভাই
১
লোকটার সাথে আমার পুরানো বিরোধ। বছর পাঁচেক আগের এক ভর দুপুরের কথা বলি। সরকারি দলের অতিমাত্রার চাটুকারিতায় মত্ত হবার কালে তাকে আমি একটা থাপ্পড় মেরেছিলাম।
২
লোকটা পাঁচ বছর আগে আমায় থাপ্পড় মেরেছিলো। পুরোনো বিরোধ। আজ আবার থাপ্পড় মারলো! অথচ এবার আমি সরকারি দলের বদনামে মত্ত ছিলাম।
সাধু
লোকটা মরবার পর সবাই বলতে লাগলো, আহা বড় সাধু লোক ছিলো।
কিংবদন্তি দাঁড়িয়েছে, স্থানীয় লোকজনেরা সাধু লোকটির কবর থেকে প্রায়ই অট্টহাসির আওয়াজ পায়।
পিতা-পুত্র
ছেলে বলল- বাবা, আমি নতুন আরেকটা চাকরি পেয়েছি।
বাবা জবাব দিলেন- আচ্ছা। পুত্র, আমি আরেকটি বিয়ে করতে চাই।
ভালবাসা
যৌবনের সবচেয়ে কঠিন দিনটার মুখোমুখি হলো আনোয়ার। প্রেমিকার মনোবিদ বাবা জিজ্ঞেস করলেন- আমার মেয়েকে যে ভালোবাসো, তার একটা মনস্তাত্বিক উদাহরণ দাও।
আনোয়ার একটা ঢোঁক গিলে বললো- পকেটে পেঁচিয়ে থাকা হেডফোনের একটা তার আরেকটা তারকে যেমন ভালবাসে, আমাদের ভালবাসাও তেমন।
জ্ঞান
কোর্স টিচার কেশে গলা পরিষ্কার করলেন। প্রতি দশমার্ক ১০০০ টাকা।
ছাত্রের মুখে ফুটে উঠলো অমলীন হাসি।
বাতি
আমি কখনও অন্ধ হবো। রাত নামলে আমার ঘরে তবু তুমি বাতি জ্বালাবে। ঘুমুবার আগে আবার ঠিক বাতি নিভিয়েও দেবে।
এইখানটাতে ভাবার বিষয় আছে। ভাবো।
---------------------
এনামুল রেজার গল্প
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



