somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঋতুর জন্য ভালোবাসা

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাতীয় জাদুঘরের মিলনায়তনে কবিতাসন্ধ্যা ছিল। ঋতুর এক বান্ধবীর তাতে একটা আবৃত্তি ছিল। বান্ধবীর কারণে ঋতুর সেখানে যাওয়া এবং ঋতুর যাওয়ার খবর পেয়ে আমিও গিয়েছিলাম, তবে কবিতা আবৃত্তি শুনতে নয়, ঋতুর সাথে একটু দেখা হয় এই আশায়। যথারীতি সঙ্গে সুহৃদ।
প্রথম সারিতে বিখ্যাত ব্যক্তিরা, পরের সারিতে ঋতু এবং ওর বান্ধবীরা। আমার অনেক ইচ্ছে হয়েছিল আমি ঠিক ওর পাশটাতে বসি, অথবা পেছনের যেই সারিটাতে আমি আর সুহৃদ বসেছি, ঋতু এসে একান্তে আমার নির্জন পাশে গা ঘেঁষে বসে আমার হাতে হাত রাখুক- ইচ্ছে হয়েছিল। আমি সারাক্ষণ ওর দিকে তাকিয়েছিলাম, ঋতু বার কয়েক পেছন ফিরে আমাদের দেখেছে, হেসেছে, আমি ইশারায় আসতে বলেছি, ঋতু মুখ ফুটে কিছু বলে নি, তবে আমি বুঝেছি বান্ধবীদের ছেড়ে সে আসতে পারে না।
অনুষ্ঠান শেষ হলে আমরা গেইটের বাইরে গিয়ে ফোঁচকা খেতে বসি। আমি, সুহৃদ এবং ঋতু। ঋতু ওর বান্ধবীর সাথে চলে যেতে চেয়েছিল, পরে ‘চুক্তি’ হয় একেবারে ‘নিরুপদ্রবে’ তাকে বাসায় পৌঁছে দিতে হবে। এক টেবিলে আমরা তিনজন ফোঁচকা খেতে থাকি।
ঋতুর সাথে সেটা সুহৃদের দ্বিতীয় সাক্ষাৎ ছিল। ও এমনিতেই বড়ো মুখচোরা, ঋতুর মতো অপরিচিতা ও রূপবতী মেয়ের সামনে ওর জড়তা কিছুতেই কাটছিল না। অথচ, আমি বুঝতে পারছিলাম, ঋতু চাইছিল সুহৃদ যেন অনর্গল প্রাণোচ্ছলভাবে ওর সাথে কথা বলে, যদিও আমি তা চাইছিলাম না, কারণ, সুহৃদ আমার প্রতিদ্বন্দ্বী। ওর কথায় ঋতু আকৃষ্ট হোক তা আমি ভাবতে পারি না।
সুহৃদকে উদ্দেশ্য করে ঋতু ছোটোখাটো রসিকতার কথা বলছিল।
তোমার বন্ধুটা কি বোবা? ঋতু আমাকে জিজ্ঞাসা করে।
বোবা হবে কেন? ও একটা বিখ্যাত বুদ্ধিজীবী, পণ্ডিত ব্যক্তি। পণ্ডিত ব্যক্তিরা সবার সাথে কথা বলে না। আমি বলি।
ঋতু ফিক করে হেসে দেয়। ফোঁচকা মুখে দিতে দিতে সুহৃদও হাসতে থাকে।
আমি ঋতুকে বলি, তুই জানিস ওর ভেতরে কী জিনিস আছে?
কী জিনিস আছে?
আমার বোধোদয় হয়, আমি এ কী করছি? আমার প্রতিদ্বন্দ্বীকে আমার ঈপ্সিতার কাছে এত বড়ো করছি কেন? আমি চুপ মেরে যাই। প্রসঙ্গ পালটাবার জন্য অন্য কথা ধরি।
ফোঁচকাটা দারুণ, তাই না? ঋতুকে লক্ষ করে আমি বলি।
কিন্তু সুহৃদকে লক্ষ করে ঋতু বলে, বলুন তো আপনার মধ্যে কী জিনিস আছে?
সুহৃদ হেসে বলে, জানি না তো। যে বলেছে তাকেই জিজ্ঞাসা করুন।
আমি হাসতে হাসতে বলি, ওর মধ্যে একটা দারুণ জিনিস আছে, যা আমার মধ্যে নেই ... ওর গাম্ভীর্য্য আছে।
মুচকি একটু হাসি ছড়িয়ে দেয় ঋতু। তারপর সে ফস করে বলে বসে, আচ্ছা ভাইয়া, আমি ভুলে গেছি, গাম্ভীর্য্য অর্থটা যেন কী?
‘গামলা ভর্তি ...’
সঙ্গে সঙ্গে ... ঠাস ... ।
আমার শেষ শব্দটার উচ্চারণ শেষ হতে না হতেই ঋতুর হাতের কঠিন একটা চড় এসে আমার গালে লাগে। তারপর উঠে হন হন করে সে-স্থান ছেড়ে একাই ঋতু বাসায় চলে গিয়েছিল।
ওর নরম হাতের চড়টা ছিল প্রচণ্ড শক্ত ও চর্মভেদী। গালে যতটুকু চোট লেগেছিল, আমার অন্তরে লেগেছিল তার চেয়ে অনেক বেশি, ঋতুর চড় খাওয়ার জন্য নয়, ‘সাধ না মিটিতেই’ সে চলে গিয়েছিল বলে।
আমি ভেবেছিলাম ঋতু জীবনে আমার সাথে আর কথা বলবে না। সেই ভয়েই ওদের বাড়িতে যাওয়া বন্ধ থাকে প্রায় তিন মাসের মতো। বাসায় যাওয়ার জন্য খালা খবর পাঠান, আমি যাই না। একবার- দু’বার- বহুবার। আমার ভয়, ও-বাড়িতে গেলেই ঋতু আমার ওপর চড়াও হয়ে বলবে, তুমি এতখানি অশ্লীল হতে পারলে কী করে? একটা অপরিচিত মানুষের সামনে আমাকে এমন লজ্জা দেয়ার স্পর্ধা তোমার কীভাবে হলো?
আমি এখনো বুঝি না ঋতু আমাকে ভালোবাসে কিনা। আমার প্রতি ওর কোনোরূপ আবেগ লক্ষ করি নি কোনোদিন। মাথায় উকুন আছে কিনা বা খুশকি লেগেছে কিনা, এই অজুহাতে ওর চুল ছুঁতে গেলেই ও এক লাফে দূরে সরে গেছে। ও যখন পড়তে বসতো, একেবারে খাঁটি মন নিয়ে ওর পড়ার খোঁজ নেয়ার জন্য ওর পড়ার ঘরে ঢুকতাম। ঘরে যদি ও একা থাকত, একেবারে অহেতুক অছিলায় সে আমার সামনে থেকে দ্রুত বের হয়ে যেত। একবার ওর দাঁতে ব্যথা, এমন সময় আমি গিয়ে হাজির, খালা বললেন, করিম, তাড়াতাড়ি ওকে নিয়ে দাঁতের ডাক্তারের কাছে যা। ঋতুর সাথে এক রিক্সায় পাশাপাশি বসে যাব, এই আশায় আমার সুখ আর ধরে না। কিন্তু ঋতু বললো, ব্যথা সেরে গেছে। এর ঘন্টা দুয়েক পর ওর প্রাইভেট টিউটর বাসায় এলো, ঋতু তাকে সঙ্গে নিয়ে ডাক্তারের কাছে গেল। আমি তো কোনোদিন ঋতুর জন্য কোনো ভয়ের কারণ হই নি- ওর বুকে হাত দিতে উদ্যত হই নি, তবু ওর এত ভয় কেন ছিল? ও আমার খালাত বোন, ছোটোবেলায় আমাদের বাড়িতে বেড়াতে গেলে ও সারাক্ষণ আমার পিছে পিছে ঘুরতো। গাছ থেকে বরই পেড়ে দেয়া, পেয়ারা পেড়ে দেয়া, দোলনা বানিয়ে দেয়া সবই আমি করে দিতাম, আমাকে দিয়েই সে এসব করাতো। শীতের রাতে আমার গলা ধরে সে ঘুমাতো, ঘুমের মধ্যে কাঁথা সরে গিয়ে শীতল হয়ে পড়লে ঘুমের ঘোরেই সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বুকের মাঝখান থেকে সবটুকু ওম সে কেড়ে নিত। আস্তে আস্তে বড়ো হতে থাকি, আমাদের মধ্যে ভাবও তত গাঢ়তর হয়, মা-খালারা বলাবলি করেন, করিম আর ঋতুর বিয়েটা দারুণ হয়- নানিজান বলেছিলেন, তাই হবে। আমি বড়ো হই, বড়ো হয় ঋতু। ঋতুর জন্য আমার মনে কত ভাবনা জাগে। ঋতুর জাগে কিনা কিছুই বুঝি না। একবার ওর জন্য কিছু অন্তর্বাস কিনে এনে গোপনে ওর বালিশের নিচে রেখে দিয়েছিলাম। ও সুন্দর করে কাগজে মুড়িয়ে ওগুলো আমাকে ফেরত দিয়ে বলেছিল, আমার জন্য আর কক্ষনো এগুলো আনবে না।
ঋতু আমাকে খুব উপেক্ষা করতো। প্রথম দিকে আমি ভাবতাম, সতী-সাধ্বী বালিকা, বিয়ের আগে হবু স্বামী দ্বারা দংশিত হবার আশংকায়ই হয়ত আমার সংস্পর্শ সে সাবধানে এড়িয়ে চলে।
ঋতু আমাকে যেদিন বললো, বিয়ের পর বউকে কী খাওয়াবে, সেদিন বুঝতে পেরেছিলাম ঋতু আমাকেই মনেপ্রাণে স্বামী হিসাবে চায়, আমাকে ভালোবাসে। কিন্তু আমার ভবিষ্যত অনিশ্চিত হওয়ায় আমার স্বামীত্ব গ্রহণে সে বিষম দ্বিধাগ্রস্ত। আমি আমার অবস্থা উপলব্ধি করি; আমি এক লাফাঙ্গা, ভবঘুরে, অপরিণামদর্শী, জোর করে বা পারিবারিক সমঝোতায় হয়ত ওর সাথে আমার বিয়েটা হলেও হয়ে যেতে পারে। কিন্তু এ আগুনকে আমি শান্তও রাখতে পারবো না, শান্তিও দিতে পারবো না। আমার মতো অভাগার ঘরে ও সারাজীবন জ্বলেপুড়ে অঙ্গার হোক, আমি যদি ওর প্রকৃত শুভাকাঙ্ক্ষী হয়ে থাকি তবে তা হতে দেয়া যায় না। খিদের কষ্টে ভালোবাসা পালায়- ‘পূর্ণিমার চাঁদ’ হয় ‘ঝলসানো রুটি’, আর অভাগা পুরুষের শরীরটাকে মনে হয় বুকের ওপর হাজারমণী পাথর, সেই পাথর শ্বাসরুদ্ধ করে, গলা চেপে রাখে, দম আটকে হত্যা করে।
ঋতুকে পাবার আশা আমি ছেড়েই দিয়েছিলাম। আমার ভবিষ্যত ভাবনায় কারো দিবানিশি উদ্বিগ্ন থাকার প্রয়োজন নেই- আমি আমার মতোই থাকবো, বাঁচবো আমার মতো করে। ঋতুকে বলেছিলাম, ‘যাবি যদি যা’, আমি কাউকে ধরে রাখি নি, ‘পিঞ্জর খুলে দিয়েছি’।
ঋতু টিটকিরি করে বলেছিল, আহ্‌হারে ...
এরপর বছর দুই চলে যায়, একবারের জন্যও খালার বাসায় যাওয়া হয় না। কেন যাব? ঋতুর জন্য? ঋতুকে আমি বলে দিয়েছি, ‘যা কিছু বলার ছিল বলে দিয়েছি’। সে তার ভবিষ্যত স্থির বুঝে নিয়েছে। যদি তা নাইবা হতো, সে কি অন্তত একটি বারের জন্য হলেও আমাদের ‘নোংরা’ মেসটিতে আসতে পারতো না? কেন সে আসে নি? সে কি সত্যি আমাকে ভুলে গেছে?
হঠাৎ একদিন ঋতু আমাকে খবর পাঠিয়েছিল, আমি যেন গিয়ে দেখা করে আসি। ঋতুর খবরটি আমাকে ওর কাছে চুম্বকের মতো টেনে নিয়ে যায়। আমার ভেতরের সকল মান-অভিমান কোথায় মিলিয়ে গিয়েছিল, সব ভুলে আমি ঋতুর জন্য ছুটে ছিয়েছিলাম, যেতে যেতে ঠিক হাঁপিয়ে উঠেছিলাম।
আমাকে ওর ঘরে ডেকে নিয়ে খুব আদর করে বসায়। আমি নতুন করে আমার জীবনকে উপলব্ধি করি, নতুন করে জীবন সাজানোর প্রতিজ্ঞা করি। আমি স্থির করি, ঋতুকে আজ বলবো, আমি আজ আমার কথা ফিরিয়ে নিচ্ছি। তোকে আমি মন থেকে মুক্তি দেই নি। ওটি আমার ভান ছিল। তোকে ছাড়া আমি আর কিছুই ভাবতে পারি না। আমি তোকে বিয়ে করবো, আগামী এক বছরের মধ্যেই।
আমি বলি, ঋতু একটা কথা আছে। বলতে বলতে ওর দিকে এগিয়ে যাই। ও পিছু হটতে থাকে। একদম ওর শরীর ঘেঁষে দাঁড়াই। আমার শ্বাস ঘন হয়ে আসে।
কী করছো? ছিঃ, আমি চিৎকার দেব কিন্তু। ভয়ার্ত স্বরে ঋতু বলতে থাকে।
আমি দু-হাতে ওর দু-বাহু শক্ত করে ধরি, মুখের কাছে মুখ এগিয়ে নেই। ও বুকের ওপর দু-হাত বেঁধে প্রবল প্রতিরোধ গড়ে তোলে, আমি আরো গাঢ় করে ওকে জড়িয়ে ধরতেই চাপা স্বরে চিৎকার দিয়ে ওঠে, আমাকে তুমি নষ্ট করবে? ছিঃ ... ছাড়ো আমাকে ... মা ... মা ...।

ঋতুর কণ্ঠস্বরে আমার স্বপ্নভঙ্গ হয়েছিল। ওর কথা শুনি নি, কথার শব্দ শুনেই সামনের দিকে তাকিয়ে দেখি চেয়ারের হাতলে বসে আমার দিকে তাকিয়ে সে মিটিমিটি হাসছে।
এমন বিড়বিড় করছিলে কেন? ঋতু জিজ্ঞাসা করে।
ঘুম পেয়েছিল। খুব টায়ার্ড লাগছে রে। বলেই আমি আড়মোড়া দিই।
আমার উচ্ছ্বসিত আশায় ভাটা পড়ে যায়। আমি ভেবেছিলাম, কত দীর্ঘদিন সে আমাকে দেখে নি, আমার জন্য সে কত প্রতীক্ষায় ছিল, কেঁদে কেঁদে কত নিশি সে বিনিদ্র কাটিয়েছে, বিরহ-বেদনায় দুঃখী-ম্লান তার চেহারা, আমাকে দেখে সে পাগলের মতো ছুটে এসে বুকে ঝাঁপিয়ে পড়বে- বলবে, আমাকে না দেখে তুমি কীভাবে এতদিন দূরে থাকতে পারলে? তোমার কি পাষাণ মন? আমাকে দেখতে তোমার এতটুকু সাধ হয় নি?
ঋতুর সুখী সুখী চেহারা, সে মিটিমিটি হাসছে। আমার অন্তরে কষ্ট তোলপাড় করে।
গোলাপি রঙের একটা শাড়ি পরেছে ঋতু। শাড়ি তাকে খুব একটা পরতে দেখি নি, পরেছে আজ, দারুণ মানিয়েছে। একটি পা মাটিতে ভর করে আরেক পা সে দোলাচ্ছে। এর আগে আমার এত কাছে কখনো সে আসে নি; আমি ওর শোবার খাটে, হাত বাড়ালেই ওর হাঁটুতে ‘অনধিকার’ হাতটি রাখতে পারি।
আমি বুঝতে পারি না, আবার বুঝিও কিছুটা কেন সে আমাকে ডেকেছে। একি তার আত্মসমর্পণের পূর্বাভাস!
এটা কি তোমার শাড়ি? আমি জিজ্ঞাসা করতেই ঋতু খিলখিল করে হেসে ওঠে গলে পড়ে যায়।
বলি, এত হাসির কী হলো?
ঋতু হাসতে হাসতেই বলে, হঠাৎ ‘তুমি’ করে সম্বোধন করছো যে?
তুমি এখন বড়ো হয়েছ না? আমি বলি।
ঋতু আরো জোরে হাসে। বলে, বড়ো হওয়ার সাথে সাথে সম্বোধন পালটে যায় তা জীবনে প্রথম শুনলাম।
কিন্তু আমি অনেক আগেই দেখেছি। একদম ছোটোবেলায় যখন কথা বলতে শুরু করেছিলে তখন আমার সাথে তুই তুই করে কথা বলতে। তারপর আপনি করে চললো দীর্ঘ সময়। আমাকে তুমি করে বলছো বছর তিনেকও হয় নি।
ঋতু কথা বলে না, কিন্তু ফুঁসফাঁস করে হাসতে থাকে। ও এমন করে হাসছে কেন?
ঋতু জিজ্ঞাসা করে, এতদিন কেন আসো নি?
আমি বলি, তোমাকে আজ ভীষণ সুন্দর লাগছে। কার শাড়ি, খালার?
ঋতু বলে, তুমি এখন কী করো, বলো তো? তোমার কাজ কারবার কিছু ধরতে পারি না। পড়াশোনা কি আছে, না নেই?
আমি বলি, তোমার পরীক্ষা কবে শুরু?
ঋতু ক্ষেপে যায়, বলে, খালি কথা এড়াও কেন? যা জিজ্ঞাসা করি তার সাফ সাফ জবাব দাও।
আমিও একটু কঠিন স্বরে বলি, আগে তো কোনোদিন জিজ্ঞাসা করো নি আমি কী করি, কী খাই, কোথায় যাই, কোথায় থাকি, কার সাথে মিশি। হঠাৎ আজ জানতে চাচ্ছ কেন?
আমার প্রয়োজন আছে তাই জানতে চাচ্ছি। ঋতু বলে।
আমার সম্পর্কে কারো এত না ভাবলেও চলবে। কে আমি? আমি কে? আমার ভালোমন্দে কারো কিছু যায় আসে না।
কিন্তু আমার যায় আসে। বলে ঋতু ক্রুদ্ধ চোখে আমার দিকে তাকায়। তাকিয়ে থাকে। ধীরে ধীরে চোখ নেমে আসে, সে মাটির দিকে তাকায়। বলে, তুমি ভেবো না যে, তোমাকে বিয়ে করার জন্য আমি পাগল হয়ে গেছি। আমি জানি আমাকে বিয়ে করে তুমি নিজেও সুখে থাকতে পারবে না, আমাকেও শান্তিতে রাখতে পারবে না, তারপরও তোমার চিন্তায় আমি সারাক্ষণ অস্থির থাকি, তোমার কী হবে! এখন বুঝতে পারছি, তুমি দূরে থেকেও আমাকে শান্তি দেবে না- তোমার জন্য না হোক, অন্তত আমার কথাটি ভেবে হলেও তুমি একটু তোমার নিজের দিকে নজর দাও। তুমি কি চাও তোমার জন্য আমার অন্তর পুড়ে খাক হোক সারাটা জীবন?
ঋতুর গলা ধরে আসে। আমি শরীর ঝাড়া দিয়ে উঠে পড়ি। চলে যেতে হবে। ঋতু চেয়ার থেকে নেমে সামনে এসে দাঁড়ায়। আমার বুকের কাছাকাছি এসে ঘন হয়ে দাঁড়ায়। ডান হাতে আমার বোতাম নাড়ে। আমি ওর শরীরের ঘ্রাণ পাই, অদ্ভুত সুঘ্রাণে আমি মাতাল হয়ে ওঠি।
আমার শ্বাস ঘন হয়ে আসে, অতি দ্রুত হৃদ্‌স্পন্দন হয়। মাথা নিচু করে ঋতু অনবরত আমার বোতাম নেড়ে যাচ্ছে। আমি ওকে পেয়েছি, আমার অন্তরে আর বিন্দুমাত্র সন্দেহ নেই- আমি ঋতুর মন পেয়েছি; যদি চাই, আমি নিশ্চিত, ওর এই লতানো সুন্দর শরীরটাকেও আমি পেতে পারি। আমি জানি, আমার ঘরে সে বউ হয়ে আসবে না, ওর শরীরে একটি ‘ফুল’ কিংবা ‘কলংক’ এঁকে দিই, প্রথম ভালোবাসার চিহ্ন, কোনো এক এমন অবসরে ও ভাববে, একদিন আমি অন্য কারো ছিলাম।
আমার কণ্ঠস্বর আর্দ্র হয়ে আসে, জড়ানো স্বরে বলি, শুধু চুমো নয়, তোকে আজ সবটুকু চাই।
ঋতুর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। বলে, শুধু কি আমার শরীরটাই তুমি চাও? মনটা চাও না? এই শরীরটা কি শুধু আমারই শরীর? তোমারও না? তোমার জিনিস তুমি নষ্ট করে কতখানি আনন্দ পাবে? নাও, যতখানি পারো ... নাও। বলে সে আগুন চোখে তাকায়, সেই আগুনে অনেক আকুলতা, অনেক কাতরতা, অসহায়ত্ব ফুটে ওঠে।
আমি পারি নি। মহাপুরুষ হওয়ার আশ্চর্য সংযম নেমে আসে আমার মধ্যে। আমি ঋতুর মন পেতে চেয়েছিলাম, মন পেয়েছিলাম। একদিনের নেশায় আমি সারাজীবনের জন্য ওর বুকের কাঁটা হয়ে থাকতে চাই নি, একটা স্থায়ী বসবাস চেয়েছি ওর মনের গভীর গহন অরণ্যে।

---

'খ্যাতির লাগিয়া' উপন্যাস থেকে (একুশে বইমেলা ২০০৪)

'খ্যাতির লাগিয়া' ডাউনলোড করতে চাইলে নীচের লিংকে ক্লিক করুন।

'খ্যাতির লাগিয়া'র ডাউনলোড লিংক

উপরের লিংকটি কাজ না করলে নীচের লিংকটিও দেখতে পারেন।

এখান থেকে 'খ্যাতির লাগিয়া' ডাউনলোড করুন।


উৎসর্গঃ আপনি

সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২৫
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

লিখেছেন নতুন নকিব, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৩৬

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

USB Charger এর ভেতরে লুকানো ক্যামেরার ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

ভ্রমণ মানেই নতুন জায়গা দেখা, প্রিয়জনের সাথে সময় কাটানো... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের সেই মানুষগুলো কোথায় গেলো

লিখেছেন অর্ক, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৬



স্বাধীনতা পরবর্তী, পচাত্তর পরবর্তী সময়ের ঘটনা। পচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। ক্যু হয়েছে দেশে। সামরিক বাহিনীতে সংঘাত। বহু সদস্য হতাহত। জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল... ...বাকিটুকু পড়ুন

ভুটান ও বাক স্বাধীনতা!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪৪

ভুটানের নাগরিকদের জন্য দেশটির সরকার সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা নিশ্চিত করেছে, যা দেশটির "গ্রস ন্যাশনাল হ্যাপিনেস" (GNH) দর্শনের মূল ভিত্তি। ভুটানের সাধারণ মানুষ মূলত যে সমস্ত... ...বাকিটুকু পড়ুন

ঝাঝা

লিখেছেন রাজীব নুর, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬



বর্তমানে জনসংখ্যার বিচারে 'বিহার' ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
বিহারের রাজধানী পাটনা। বিহার মূলত দরিদ্র অঞ্চল বলা যেতে পারে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে। অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। নালন্দা ছিলো মূলত... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ক্যাশলেস সোসাইটি এর জন্য কি পারফেক্ট?

লিখেছেন নাহল তরকারি, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৪০



এটা বাংলা কিউ আর কোড। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাবসায়ীদের বাংলা কিউ আর কোড বাধ্যতামূলক করেছেনভ এটার ভালো দিক ও খারাপ দিক দুইটাই আছে। বাংলাদেশের সিস্টেম, কারিগরি দক্ষতা,... ...বাকিটুকু পড়ুন

×