তেমন কোনো বিশেষত্ব নেই দিনটির সারা পৃথিবীর কাছে
আমার বাবার দূরদর্শিতা কিংবা বিচক্ষণতার জন্যই যদিও
১লা জানুয়ারি উদ্ভাসিত হলো সুন্দরতম সোহাগের দিন হিসাবে।
দলিলদস্তাবেজে আমার জন্মদিন ওটাই; বন্ধুরা
প্রকৃত দিনের খবর কেউ জানে না
৫ম নভেম্বর থেকেই শুরু হয় পরবর্তী ৪ঠা নভেম্বর উৎসব যাপনের আয়োজন।
৩৬৪টা দিন ঘোরের ভেতর কীভাবে কেটে যায় স্বপ্ন ও দহনে
তুমি বলেছিলে,
১লা জানুয়ারিই বেঁচে থাক বাকি পৃথিবীর কাছে, ৪ঠা নভেম্বর
অন্য কারো নয়। তুমি বলেছিলে, ৩৬৪ দিন
তুমুল কলহে কাটুক, এমনকি নিষ্পত্তি হয়ে গেলেও
সম্পর্কের সকল লেনদেন, বছরের একটা মাত্র দিনে
সকাল থেকে সন্ধ্যা গোলচক্বরের মোড়ে মোড়ে বাতাসে উড়াবো
তুখোড় ঝাণ্ডা- নীল নীল শাড়ির আঁচল। সহসা ‘টুউউং’ শব্দে
একটি রিকশা থামবে কোথাও; কিংবা সিএনজি, অথবা ক্যাবের
ভেতর থেকে বিপুল মানুষের শোরগোল ভেদ করে ঝলসে উঠবে
তোমার আশ্চর্য কণ্ঠস্বর :
...................অ...
......................................হ...
.........................................................না...
আচম্বিতে চারদিক খুঁজে কোথাও তোমাকে পাব না। তোমার
সুমধুর অভ্যাসের মতো ধীর পায়ে নীরবে পেছনে দাঁড়াবে,
ঘাড় থেকে একগোছা চুল আলগোছে সরিয়ে তামাম মানুষের
চোখের উপর নির্দ্বিধায় এঁকে দেবে স্পর্ধিত চুম্বন–গাঢ়তম প্রেমের স্বাক্ষর
কী তুমি রেখে গেছো মিরপুরের অলিগলি, রাজপথ ও রেস্তরাঁয়!
উদ্ভ্রান্ত আজও ছুটে যাই গোলচক্বরের কোলাহলে। তোমার
মোহনরাঙা স্থির অবয়ব, সঘন দৃষ্টি সম্মুখ সমুদ্রে। উদার বক্ষে
ঝাঁপিয়ে পড়ে আবোলতাবোল কত কী বলি : কী করে
এত সুখ দাও, জাদুকর পাখি!
তুমি আসবেই, পৃথিবীর যে প্রান্তেই বাঁধো না তোমার বাসা,
বছরের ৩৬৪ দিন অনর্গল অহিনেউলেময় হলেও, এ দিনটাতে
তুমি আসবেই অমরাবতীর প্রেম নিয়ে
৪ঠা নভেম্বর- এ দিনটির তেমন কোনো বিশেষত্ব নেই
সারা পৃথিবীর কাছে
নিবিড় কয়েক ফোঁটা অশ্রু আর কান্নার দাম কতটুকুই বা হবে!
২৭ মে ২০১০ সকাল ১০:২৪
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০২১ বিকাল ৫:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




