somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোলকাতার নাটক বনাম বাংলাদেশী নাটক!

১৬ ই আগস্ট, ২০২৫ রাত ৯:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশের নাটক দেখে দেখে বেশ অনেকগুলো নতুন প্রয়োগ শেখা হয়েছে।

যেগুলো মনে আসছে, সেগুলো বলি। আমরা যেমন কাউকে ফোন করি, বাংলাদেশে ফোন দেয়। কেন দেয়? কলকাতায় যেমন হিন্দিভাষীদের দৌরাত্ম্যে ‘কিঁউ-কি’ বাংলায় কারণ ছেড়ে ‘কেন-কি’ হয়ে গেছে, ওখানে হয়ত ‘গিভ হিম এ কল’ হয়ে গেছে ‘ওরে ফোন দাও’।

ওখানে পানি খায়। এমনিতে সমার্থক পানি আর জল নিয়ে অসুবিধার কিছু নেই, কিন্তু যে জিনিসটা পান করা হয় বলেই তার নাম পানি, সেটাকে খায় শুনলে একটু কেমন কেমন লাগে না? ছোটবেলায় রেডিও বাংলাদেশ ঢাকা থেকে ক্রিকেটের ধারাবিবরণীতে ‘পানি পানের বিরতি’ শুনতাম, সেটা এখন ‘পানি খাওয়ার ব্রেক’ হয়ে গেছে কিনা জানি না।

আমরা যেমন বলি, ‘ওর কথা শুনে আমার তো মাথা খারাপ হওয়ার জোগাড়,’ ওখানে বলে – ‘পুরাই মাথা নষ্ট!’ ‘নষ্ট’ বিশেষণটা অন্য অনেককিছুর সঙ্গে চালিয়ে দিলেও মাথার আগে আমরা ব্যবহার করেছি কি?

যে কোনো খাবার স্বাদু হলে আমরা বলি – দারুণ খেতে, ভীষণ ভালো খেতে, খুব সুস্বাদু। ওখানে বলে – অনেক মজা বা জোস হইসে।

সম্পর্কের ডাকাডাকি আলাদা, সে তো সবাই জানে। বাবা-মা-ঠাকুরদা-ঠাকুরমা-দাদু-দিদা-কাকা-কাকী-মামা-মামী-মাসি-মেসো-পিসি-পিসে-দাদা-বৌদি-দিদি-জামাইবাবু যথাক্রমে আব্বা-আম্মা-দাদা-দাদী-নানা-নানী-চাচা-চাচী-মামা-মামী-খালা-খালু-ফুফা-ফুফি-ভাইয়া-ভাবী-আপা-দুলাভাই। কিন্তু আমরা এখানে বাড়ির ‘ডমেস্টিক হেল্প’কে আগে যেমন ‘কাজের মাসি’ বলতাম, এখন সম্ভবত ‘কাজের দিদি’ বলি, ওখানে ডাকে ‘বুয়া’। ছেলেও ডাকে বুয়া, বাবাও ডাকে বুয়া। হিন্দিভাষীরা পিসিকে বুয়া ডাকে। কিন্তু ওখানে পিসি হচ্ছে ফুফা বা ফুপু।

আমাদের ইউনিভার্সিটি ওদের শুধু ভার্সিটি।

আমাদের তরকারি ওখানে ভর্তা বা ভাজি। সিদ্ধ-ভাজা-ঝাল-ঝোল-অম্বল-শুক্তো-ছ্যাঁচড়া-কষা-কালিয়া-দোলমা-চচ্চড়ি-ভাপা-পাতুরি-চাটনি সমৃদ্ধ আমাদের যে বিচিত্র রন্ধনপ্রণালী নিয়ে বাঙালরা গর্ব করে, রান্নার এই বৈচিত্র্য ওদের নাটকে আমি খুঁজে পাইনি। খাওয়ার কোনো দৃশ্য থাকলে শুধুই দেখি/শুনি হয় ভর্তা নয় ভাজি!

কলকাতার টিভি সিরিয়াল দেখলে যেমন বোঝা যায় খাজা অশিক্ষিত দর্শকদের জন্যেই ওগুলো তৈরি, যার মাথামুন্ডু কিস্যু নেই, বাংলাদেশের নাটক তার তুলনায় হাজারগুণ ভালো। প্রতি নাটকেই আউটডোর শ্যুটিং থাকে। সেগুলোর প্রাকৃতিক দৃশ্য বেশ মনোরম, যদিও ঢাকা শহরের রাস্তার দৃশ্যে রিকশার প্রাবল্য অতি বেশি। নায়িকা ঝটপট রিকশায় উঠে পড়ে ‘ভার্সিটি’ যেতে। নায়ক বা ভিলেন এসে তার রাস্তা আটকালে রিকশাচালক চুপচাপ দাঁড়িয়ে দেখে। প্রেম বা ছিনতাই হ্যান্ডেল করার দায়িত্ব নায়িকার একার।

রাস্তার পাশের দোকানদার বা রিকশাওলাদের ওদেশে সম্বোধন করা হয় মামা বলে, এদিকে বাংলার বাইরে, বিশেষ করে মুম্বইতে যে সম্বোধন বরাদ্দ ট্রাফিক পুলিশের জন্যে। অবশ্যই তাচ্ছিল্যে।

আমাদের ধরা পড়া ওদের ধরা খাওয়া। আমাদের কান্নাকাটি করা ওদের শুধু কান্না করা। সাক্ষাতের পর সৌজন্যে আমাদের ‘কেমন আছেন?’ ওদের ‘কী অবস্থা?’ আর আমাদের ‘কী খবর?’ ওদের ‘কী সমস্যা?’

আমাদের ‘খুব ভালো’ ওদের ‘অনেক ভালো’। আমরা কন্যা বা ভগিনীর স্বামীকে জামাই বলি, ওরা নিজের স্বামীকেই জামাই বলে। আমাদের বাচ্চা ওদের পিচ্চি। আমরা বাচ্চাদের সোনা, মানিক এইসব বলি, ওরা বলে ‘কলিজার টুকরা’। আমরা শুধু বড়দের কাছে ‘আশীর্বাদ’ প্রার্থনা করি, ওরা সকলের কাছে ‘দোয়া’ চায়। পকেটে পয়সা না থাকলে আমরা ভিখারি/ভিকিরি, ওরা ফকির।

আমাদের ফালতু বকবকানি ওদের আজাইরা প্যাচাল। বকবক ‘করার’ বস্তু, কিন্তু প্যাচাল গাছের ফলের মতো ‘পাড়ার’ জিনিস।

আমরা লেখাপড়া করি, ওরা পড়ালেখা করে। আমাদের ঢপবাজি ওদের চাপাবাজি।

ভবিষ্যৎ অনুজ্ঞায় ‘তুমি’ করে যাদের সম্বোধন করা হয়, তাদের ক্ষেত্রে আমাদের নদীয়া জেলায় এখনও ‘যাবা, খাবা, পরবা’ ইত্যাদি চালু আছে। নদীয়া পেরিয়ে চব্বিশ পরগণায় ঢুকে গেলেই ওগুলো ‘যাবে, খাবে, পরবে’ হয়ে যায়। আমি ভাবতাম, এটা বুঝি আমাদের জেলার বৈশিষ্ট্য। বাংলাদেশের নাটকে দেখলাম এটাই রীতি। প্রেমিক-প্রেমিকা একে অপরকে যাবা-খাবা-ই বলে।

কিন্তু সবচাইতে বড় পার্থক্য যেটা বুঝলাম, ওদেশে বিয়ে করা খুব সহজ। ফট করে যাকে খুশি বিয়ে করে ফেলা যায় দশ মিনিটেই, এমনকি সেদিনই যদি কিছু সময় পরে পাকা-কথাবার্তা-হয়ে-থাকা বিয়ের আয়োজন ঠিক থাকে, তবুও। শুধু 'কাজি অফিস' বোর্ড ঝোলানো একটা জায়গা পেয়ে গেলেই হ'ল। ভালোবাসা প্রগাঢ় হ'লে বা প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝি কেটে গেলে নাটকে এগুলো প্রায়শ হয়।

আর হ্যাঁ, আমাদের বাড়ি ওদের বাসা। ভালো বাসা।

চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, অপূর্ব, নিশো – সবাই ভালো অভিনেতা। তিশা, তানজিন তিশা, মেহজাবিন চৌধুরী, সাবিলা নূর, তাসনিয়া ফারিন – সবাই সুন্দরী ও ভালো অভিনেত্রী। B:-)
১৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের গল্প- ১০১

লিখেছেন রাজীব নুর, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫০



১। একজন মা (কোহিনূর) সারারাত ঘরের দরজা খুলে বসে থাকেন।
কারণ কেউ একজন এসে তাকে বস্তা ভরতি টাকা দিয়ে যাবে। গতকাল রাতের কথা। আমার বাসায় ফিরতে... ...বাকিটুকু পড়ুন

চারদিকে অদ্ভুত নীরবতা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জুন, ২০২৬ রাত ১০:৪০



নিশ্চিত গন্তব্যের দিকে ধেয়ে চলেছি।
ঊর্ধ্বলোক আর নিম্নের অতল অন্ধকার কোন জায়গায়,
সে নিয়ে আর চিন্তা কি!

প্রিয়ার আহবানে আমরা কতো কিছুই না করি!
এবারে প্রিয়ার আহবানে দিক-শূন্যই নাহয় হলাম!... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুন, ২০২৬ সকাল ১০:২৭

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

দুইদিন আগে সংসদে ট্রেজারি বেঞ্চের একজন সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলের সংসদ সদস্যদের তীব্র আপত্তি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এমন অবস্থায় ডেপুটি স্পিকার অত্যন্ত দৃঢ়তা,... ...বাকিটুকু পড়ুন

×