আমারও আত্মপীড়া আছে!
কার ধরি দোষ?
আমিও দাঁড়িয়েছিলাম শত্রুর সাথে
কোন্ নদীটির কূলে?
মাতৃকুল-পিতৃকুল ভুলে!
আমিও-তো সুসন্তান থাকিনি
আমিও-তো অঙ্গীকার রাখিনি
সেই আত্মদোষ --
ভালো করে জানে আমারও মস্তিষ্কের কোষ!
কার করি নিন্দা?
আমারই কারণে হয়েছে নষ্ট পরাগ ও রেণু
আমিও বাজিয়েছিলাম কোন্ ইতরের বেণু?
ভুলে গেছি নিজের তরঙ্গ
ভুলে গেছি নিজের হাওড়
নদী ও সমুদ্র!
বীজপত্র নিয়ে--
বৃষ্টিমুখর হইনি নিজের চারণভূমিতে!
কাকে বলি শত্রু?
বিপর্যয়-অবলুপ্তি-আর অন্তর্ধানে
হইনি কেন সংবেদী--
গৃহশত্রু নিয়ে নিজেই হয়েছি ঘরভেদী!
মেনে নিই আজ নিজেরই অপরাধ
আত্মগ্লানি নিয়ে ভেঙে দিই অন্তর্বেদনায় বাঁধ--
নিজে দেখি নিজের জলপ্রবাহ ও প্রস্ফুটন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



