কলিকালের এই পৃথিবীটা অবশেষে ছাড়তেই হলো।
হুমায়ূন আজাদের কবিতার লাইনটি 'মানুষের সঙ্গ ছাড়া আর সবকিছুই ভালো লাগে' ক’দিন ধরেই মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিলো। প্রথমে মনে হয়েছিলো লাইনটি নিয়ে কিছু চিন্তাভাবনা করার একটি মহান দায়িত্ব প্রয়াত আজাদ সাহেব উপর থেকে আমার ওপর চাপিয়ে দিয়েছেন। চিন্তাটা ভালোই লেগেছিলো। এনজিওতে কাজ করা একজনের মাথার মধ্যে যখন এ ধরনের থিমেটিক চিন্তাভাবনার দায়িত্ব এসে পড়ে, তখন নিজেকে গুরুত্বপূর্ণ না মনে করার কোন কারণ নেই। কিন্তু অত্যন্ত মনোবেদনার সঙ্গে ক’দিনের মধ্যেই লক্ষ করলাম, হুমায়ূন আজাদ আমাকে নিয়ে মশকরা করছেন। থিমেটিক চিন্তাভাবনা ফালতু কথা, লাইনটি নিয়ে আমার মধ্যে মাথাব্যথা সৃষ্টি করাই ছিলো তার উদ্দেশ্য। নিজে বেঁচে থাকতে হয়তো মানুষের সঙ্গ নিয়ে তার বড়সড় মাথাব্যথা ছিলো, মরার পর কাউকে না কাউকে তো সেটা থাকতে হবে, সেটা ভেবেই তিনি তার নিজের সৃষ্টি করা দায়িত্বটি আমার ওপর চাপিয়ে দিলেন। এটা ঠিক, তাঁর লেখা আমি বেশ পছন্দ করি, কিন্তু তাই বলে তো তিনি আমার ওপর কিছু চাপিয়ে দিতে পারেন না! অথবা এটাও হতে পারে, পরলোকের যে জায়গাতে তিনি আছেন (আমি জানি না সেটি কোথায়, তবে খুব সম্ভব বেহেশত কিংবা নরকের যে কোনোটিতে তিনি আছেন। মাঝামাঝি কোথাও যে নেই সে ব্যাপারে নিশ্চিত।) সেখানে বোধহয় সঙ্গীর অভাব পড়েছে। লাইনটি মাথায় ঢুকলে শুরু হবে মাথাব্যথা, মাথাব্যথা হলে ডাক্তার, ডাক্তারের ভুল ওষুধ, এবং সবশেষে অবধারিতভাবেই মিস্টার আজাদের বর্তমান আবাসিক এলাকায় যেতে হবে। মরেছি বটে, কিন্তু বলতে চাই, জনাব আজাদের মনে যদি এ খায়েশ থেকে থাকে, এবং এ কারণে যদি মরে থাকি, তাহলে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
বলছি বটে, তীব্র প্রতিবাদ জানাচ্ছি, কিন্তু কোন জায়গা থেকে যে জানাচ্ছি তা তো আমি নিজেই জানি না। জায়গাটাকে কেমন যেনো প্লুটো গ্রহের মতো মনে হচ্ছে। পৃথিবীর মানুষ যুক্তি-তর্ক করে প্লুটোকে গ্রহরাজ্য থেকে বিদায় দেয়ার পর মহা-শূন্যের একমাত্র মালিক গড অলমাইটি বোধহয় প্লুটোতেই নতুন একটি সেন্টার খুলেছেন। এটা যে বেহেশত কিংবা নরক কোনোটিই নয়, সে ব্যাপারে আমি নিশ্চিত। কারণ এখানে হুমায়ূন আজাদ নেই। তিনি থাকলে এটি হতো হয় বেহেশত, নয় নরক। বেহেশত আমার জন্য, নরক তেনাদের জন্য। তেনাদেরও কাউকে দেখছি না। 'ঢাকা মানে ঢাকা, ঢাকা মানে নারায়ণগঞ্জ-জয়দেবপুর নয়'- আমি পরলোকের ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর কোথায় যে আছি, গড অলমাইটি নোজ। ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



