আমাদের বাংলা ভাষাটা অনেক সমৃদ্ধ। হাজার বছরের ঐতিহ্য এ ভাষাকে ঘিরে। কিন্তু এ ভাষাটা এখন আমার দুখিনী বাংলা ভাষায় পরিণত হয়েছে। বই প্রকাশনা থেকে শুরু করে, সব ধরনের কাজে আমরা ভুল বানান প্রয়োগ করছি। সেদিকে আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই। রাস্তা-ঘাটে বের হলে সর্বত্রই চোখে পড়ে ভুল বানানে টাসা বিলবোর্ড, সাইনবোর্ড, ব্যানার, ফেস্টুন, পোস্টার আর বিজ্ঞাপন। এ ব্যাপারে সচেতন করার জন্য বাংলা একাডেমি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বিশ্ব সাহিত্য কেন্দ্রসহ, বিভিন্ন প্রকাশনা সংস্হাগুলোও ভূমিকা রাখতে পারে।
আমাদের অনেকেই বানানের ব্যাপারে কথা বলি, কিন্তু কাজ করার সময় সচেতন থাকিনা। এখন ইন্টারনেটের যুগে প্রযুক্তির উৎকর্ষতায় ব্লগসহ বিভিন্ন বাংলা ওয়েবসাইটে প্রচুর বাংলা লেখা হচ্ছে। আমরা বাংলা লিখি, কিন্তু বাংলা লিখার ক্ষেত্রে সচেতন হইনা। বাংলাকে ভালোবাসি ঠিকই, বাংলাকে মনেপ্রাণে ধারণ করার মাঝে আমাদের গলদ রয়েছে। এ থেকে আমাদের উত্তরণ জরুরি।
আমরা বাংলা ভাষাভাষী মানুষ কি-না করতে পারি। ভাষার জন্য আমরা রক্ত দিয়েছি। একাত্তরে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে মুক্তিকামী জনতা। আর এখন যুদ্ধপরাধীদের বিচারের দাবিতে ফুসলে উঠেছে সমগ্র জাতি। যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই আমরা। আর ভাষার শুদ্ধতা, বাংলা বানানের বিশুদ্ধতার জন্যও একটা গণজাগরণ চাই। “মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা।”
হাসান ইকবাল
৮ ফেব্রুয়ারি ২০১৩, ঢাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




