তোমাকে একগুচ্ছ রজনীগন্ধা দিয়েছিলাম
যার প্রতিটি পাঁপড়িতে আমার হৃদয়ের রঙ মেশানো ছিলো।
তুমি খুব হেসেছিলে ;
উচ্ছ্বাসে ভেঙে পড়া ঝর্নার মতো -
দু'চোখে আনন্দের যাবতীয় সুর তুলে - ধ্রুপদী নাচের ঢঙ -
বলেছিলে - 'ভালোবাসি.....!'
কী যে খুশীতে আত্মহারা - নেচেছিলো গানের পাখিরা
বাসন্তী রোদের রঙে ভিজেছিলো আয়ত আকাশ !
তারপর....., কতো রোদ ফিরে গেলো
কতো বেলা মিশে গেলো অবেলার খামে ।
একদিন
পাশের বাগান থেকে একগুচ্ছ গোলাপ এনে খুব -
হাসলে - 'দ্যাখো, কী সুন্দর !'
দেখলাম ! তোমার ঠোঁটে ভেজা অসংখ্য পাখির ডানা -
দু'গালে দারুচিনি টোল । কী দারুণ !
আমার অঙ্গুলি ছুঁয়ে অকস্মাৎ
একগুচ্ছ মৃত রজনীগন্ধার ঘ্রাণ উড়ে গেলো !
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


