শক্তিঃ
''শক্তি'' বলিতে আমরা বুঝি যে, উহা কাজ করিবার ক্ষমতা। শক্তিকে জানিতে বেশি দূরে যাইতে হয়না। কেননা উহা আমাদের নিজের মধ্যেই আছে, যাহার সাহায্যে আমরা উঠা বসা, চলা ফেরা ও নানাবিধ কাজকর্ম করিয়া থাকি। কিন্তু শুধু গায়ের শক্তিতেই সকল রকম কাজ করা যায় না, অন্যান্য রকম শক্তির ও দরকার। গায়ের শক্তিতে কোন কিছু দেখা বা শোনা যায় না, গায়ের জোর থাকা সত্ত্বেও অন্ধ বা বধির ব্যাক্তিরা দেখে না বা শোনে না। উহার জন্য চাই দর্শন ও শ্রবণ শক্তি। শুধু তাই নয় আরও অনেক রকম শক্তি আমাদের দরকার এবং উহা আছেও। যেমন -বাকশক্তি, ঘ্রাণশক্তি, স্পর্শশক্তি, ধীশক্তি, মননশক্তি ইত্যাদি এবং সর্বোপরি জীবনশক্তি। আমাদের দেহের মধ্যে যেমন রকম রকম শক্তি আছে, তেমন প্রকৃতিরাজ্যেও নানাবিধ ; যেমন তাপশক্তি, আলোকশক্তি, বিদ্যুৎশক্তি, রাসায়নিকশক্তি ইত্যাদি। বস্তুজগতে এমন কোন বস্তু নাই, যাহার মধ্যে কোনরূপ শক্তি নাই। সামান্য একটি দুর্বাপত্রেরও রোগ নিরাময় করিবার শক্তি আছে। মূলকথা এই যে এই জগতটিই শক্তির লীলাখেলা।-অর্থাৎ শক্তি জগতময় এবং জগত শক্তিময়।
বিজ্ঞানী প্রবর আইনস্টাইন বলিয়াছেন যে, ''পদার্থ'' শক্তির রূপান্তর মাত্র। শক্তি সংহত হইয়া হয় পদার্থের উৎপত্তি এবং পদার্থের ধ্বংসে হয় শক্তির উদ্ভব। কি পরিমান শক্তির সংহতিতে কি পরিমান পদার্থ এবং কি পরিমান পদার্থ ধ্বংসে কি পরিমান শক্তির উদ্ভব হইতে পারে, তাহা তিনি অঙ্কের সাহায্যে দেখাইয়াছেন। তিনি বলিয়াছেন যে একটি মটর পরিমান পদার্থকে সম্পুর্ন ধ্বংস করিতে পারিলে তাহা হইতে যে পরিমান শক্তির উদ্ভব হইবে, তাহা দ্বারা বড় রকমের একখানা মালবাহী জাহাজ চালানো যাইবে লন্ডন হইতে নিউইওর্ক পর্যন্ত। আইনস্টাইন এর এই সূত্র ধরিয়া অধুনা হইয়াছে পারমানবিক শক্তির আবিষ্কার। অর্থাৎ জগতের সবকিছু সৃষ্টির মূলে রহিয়াছে ''শক্তি''।
কোন রূপ কাজ করিতে হইলেই আগে চাই সেই কাজটি সমাধা করিবার মত শক্তি । অর্থাৎ ''শক্তি'' আগে ও কাজ পরে। এই জগত ঈশ্বর সৃষ্টি করিয়াছেন এবং সেই সৃষ্টিকাজেও তার আবশ্যক হইয়াছিল ''শক্তির''। যখন হইতে ঈশ্বর আছেন, তখন হইতে তাঁহার শক্তিও আছে। আমরা এমন একটি সময় কল্পনা করিতে পারিনা, যখন ঈশ্বর ছিলেন অথচ তাঁহার ''শক্তি'' ছিলনা। ঈশ্বর অনাদি । কাজেই শক্তিও অনাদি। পক্ষান্তরে আমরা এমন একটি সময়কে কল্পনা করিতে পারিনা, যখন কোনরূপ পদার্থ না থাকিলেও শক্তি থাকিবেনা। কাজেই মানিতে হয় যে ''শক্তি অনন্ত''। কোন পদার্থ বা পদার্থের অনুপরমানুও যেমন যেমন শক্তিবিহীন নয়, তেমন সৌরজগৎ, নক্ষত্র বা নীহারিকাজগত অথবা তাহারও বহির্দেশের কোথাও ও শক্তিবিরল জায়গা নেই। শক্তি কোন স্থানে সীমিত নয়। অর্থাৎ শক্তি অসীম। তাপশক্তি, বিদ্যুতশক্তি, চুম্বকশক্তি ইত্যাদি নানারূপ শক্তির আমরা ক্রিয়া দেখিতেছি। কিন্তু কখনও শক্তিকে দেখিতে পাইতেছিনা। কেননা শক্তির কোন আকার নেই, শক্তি নিরাকার।
এ যাবত যে সমস্ত আলোচনা করা হইল, তাহাতে মনে হয় যে, ঈশ্বর যেমন অনাদি, অনন্ত, অসীম ও নিরাকার, তেমনিই স্থান, কাল ও শক্তি - ইহারা সকলেই অনাদি, অনন্ত, অসীম ও নিরাকার। এখন প্রশ্ন এই যে, ইহারা কি সৃষ্ট না অসৃষ্ট । অর্থাৎ ঈশ্বর কি ইহাদিগকে সৃষ্টি করিয়াছেন, না অনাদিকাল হইতে ইহারা স্বভাবতই বিদ্যমান আছে, তাহা হইলে তাহা হইলে ইহারা ঈশ্বরের সৃষ্টি নহে; এবং যদি বলা হয় যে, ঈশ্বরের সৃষ্টি-- তবে পরমেশ্বর ''স্থানকে'' সৃষ্টি করিলেন কোন স্থানে থাকিয়া, ''কালকে'' সৃষ্টি করিলেন কোন কালে এবং শক্তিকে সৃষ্টি করিলেন কোন ''শক্তির'' দ্বারা ?
আরজ আলী মাতুব্বরের মাতুব্বরি(১৭_শক্তি)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



