আমার হয়ত কিছুই বলার ছিল না,
তবুও সভা মঞ্চের ওই অসহ্য মাইকটা টেনে নিয়ে,
গগনবিদারী চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করলো-
তোমাদের কখনই আমার কিছু বলার ছিলনা,
তাই তোমাদের কাছ থেকে কোনকিছু শোনবারও নেই।
আমাকে তোমরা অহংকারী বলবে?
আমি তা নই, আমি শুধু
তোমাদের কারও অহংকারের তোয়াক্কা করিনা।
আমাকে আমার পৃথিবীর কোনটুকুতে ছেড়ে দাও...
তোমাদের মত ছাপোষা স্বপ্ন মানিব্যাগে নিয়ে,
গুনে গুনে খরচ করতে আমি রাজী নই।
আমার কিছু স্বপ্ন আছে, ওরা খুব বুনো আর স্বাধীনচেতা,
ওদের একরোখা জেদে পিষে মারা গেছে আমার অনেক
ঠাণ্ডা মাথায় কষা হিসাব-নিকাশ।
মাথার ঘাম পায়ে ফেলে তিল তিল পরিশ্রমে
আমি কিছু অন্ধকার জমিয়েছিলাম,
আমার সেই ছোটবেলাকার অভ্যেস,
আলো পড়লে আমার স্বপ্নগুলো একদম ঘুমাতে পারেনা।
বার বার ভুল ভোরে ভুল ঘুম থেকে জেগে উঠে উঠে,
স্বপ্নগুলোও সব হার জির জিরে বদমেজাজী হয়ে যাচ্ছে।
ওদের ঘুম পাড়ানোর জন্য কত কষ্ট করে অন্ধকারগুলো জমিয়ে ছিলাম!
তোমাদের এই অসহ্য কোলাহলে আমার জমানো অন্ধকারগুলো,
গোধূলির আলোয় উড়াল দিয়ে রাতের বুকে তলিয়ে গেল,
এখন আমি স্বপ্নগুলো কিভাবে ঘুম পাড়িয়ে রাখব?
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




