আমি আজ তোমাদের এক আগুনে ফাগুনের ভালবাসার গল্প বলতে এসেছি,
আমি আজ তোমাদের এক স্বপ্ন জাগানো দিন রাত্রির কাব্যের কথা বলতে এসেছি,
আজ আমি ওই বুড়ি ভিখারীর সারাদিনের তিনশো পঞ্চান্ন টাকার কথা বলবো,
উত্তরবঙ্গ থেকে আসা নাম না জানা কোন বীরাঙ্গনার একাকি সংহতির কথা বলবো,
আমাকে চিলের ডানা মেলার মত স্লোগান দেওয়া কিশোরীর কথা বলতে হবে,
টিফিনের টাকা বাঁচিয়ে এক ঘণ্টা হেঁটে এসে ছোট্ট বন্ধু রাকিবের কথা না লিখলে চলবে না,
পকেট থেকে কয়েকটা মোমবাতি বের করে বলেছিল,
কাল টিউশনির টাকা পেলে মশাল কিনে আনবে।
সত্তুরে বুড়ো রমিজ সেই সকাল থেকে ক্লান্তিহীন যে নেচে গেল জোয়ারে জোয়ারে,
পাশের বাড়ির ভাবী পাঁচ বছুরে টুকিকে রাস্তা থেকে টেনে তুলে আনতে হয়েছে,
সারা সপ্তাহ ধরে শুক্রবারের স্বপ্ন দেখছে কোন দুরের কোন তরুন চাকুরে,
-- কবে ছুটি, কবে প্রান মিলবে মিছিলে।
অনেক রাতে বাসায় ফিরেও ঘুমাতে পারেনা দোকানের সেলসম্যান ইকবাল,
মাথার মধ্যের শুধু ছলাত ছলাত আছড়ে পড়ে জাগরনের ঢেউ।
আমার পাপ হবে যদি আমি আজ ঐ মায়ের কথা না বলি,
যে অনাগত সন্তান গর্ভে নিয়ে শাহবাগ এসেছিল বাংলাদেশ দেখাবে বলে।
গাবতলীর সিএনজি ওয়ালার কথাও বলতে হবে,
শাহবাগ যাব শুনে বলেছিল ‘যা খুশী দিয়েন,মামা’।
বিয়াল্লিশ বছরের শীত ঠেলে আজ বাংলায় বসন্তের ঢেউ আনলে যারা,
ইস্পাতে কণ্ঠ বেঁধে নতুন দিনের স্লোগান ডাকলে যারা,
দুঃখিনীর এক ফোঁটা দুঃখ আর শহীদের এক ফোঁটা রক্তের হিসেব চুকাতে জেগেছ যারা,
কবি তোমাদের কথা বলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ,
কবি তোমাদেরকে ভালবাসতে কবিতার কাছে দায়বদ্ধ,
ইতিহাসে তো তোমাদের কথা লেখা হবেনা,
ইতিহাস যাদেরকে ভুলে যায়, কবিকে তাদেরকে ঠিকই মনে রাখতে হয়!
১৪/০২/২০১৩
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




