ফিরে আসতে হবে কিনা ভাবিনি সেইদিন, আসলে ফিরে আসার বিষয়টা মাথায় খেলেইনি তখনও! কেন খেলবে? কেন জলে নেমে প্রথমেই ভাববো ডুবে যাওয়ার কথা? কেন সমুদ্র পেরুনোর স্বপ্ন দেখবোনা? যদিও তোমরা সেই দুঃখী আলবাট্রস এর মত আমার ডানাটাও মুচড়ে ছিড়ে ফেলেছিলে। একটা একটা পালক ছেড়ার মত করে আমাকে নগ্ন করেছিলে, আমি আকাশের এক বোবা কোণে তাকিয়ে ভাবার চেষ্টা করছিলাম- এ বুঝি আমি নই, এ অন্য কেউ। আজ যা ঘটছে তা এই সময়ের নয়, তা অন্য কোন সময়ের ভুল করে ঝরে পড়া কোন পুথি।
আমি ভেবেছিলাম চাইলেই বুঝি ফিরে আসা যায়। ভেবেছিলাম যে কখনও অনুতাপ করবে সে আমি নই। ঘরের দেয়াল জুড়ে আঁকা পথগুলো কোনো এক দিন গোলকধাঁধা হয়ে আমার দিকে ভেংচি কাটবে জানলে হয়ত পা ফেলতাম খুব সাবধানে, মেপে মেপে। আমার আকাশ জুড়ে এঁকে যেওয়া আনমনা তারাগুলো যে শুধু তোমাদের ইচ্ছেপূরনের জন্যই একে একে খসে যাবে আলগোছে, জানলে হয়তো সূর্যের মুখে লাথি মেরে হারিয়ে যেতাম সেই কবেই অন্ধকার সমুদ্রে।
সেই আমাকেও বুঝতে হল যে আসলে কখনই কোথাও ফিরে যাওয়া যায়না, কেউ কখনও পারেনি। কেউ কি ছুঁয়ে দেখাতে পেরেছে বর্তমানকে? ফিরে যাওয়ার মরীচিকা আঁচল মেখে ছায়া হয়ে ফেরে অভিমানী বাসনা। পচে যাওয়া মৃত কিছু স্বপ্ন দুর্গন্ধ ছড়িয়ে ডাকছে শবখেকো কীটদের। জানলায় তবুও মাঝে মাঝে যে একটা চড়ুই এসে বসে, এতেই আমার অনেক হাসি পেয়ে যায়। মরে যাওয়ার পরে আর মন খারাপ হবে না, শুধুমাত্র এই কারনেই আজ শুধু আমার মরে যাওয়ার কথা ভাবলে খুব মন খারাপ হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


