মানুষ হিসেবে আমি মোটামুটি শ্যামলা টাইপের।
সে হিসেবে হাতটাও যথাসম্ভব শ্যামলাবরণ হওয়ার কথা এবং হয়েছেও তাই।
হাত নিয়ে কথা বলার আগে এই বর্ণবৈষম্য টানার অর্থ, আমার এই দুটি হাত আর যাই হোক কালো হাত নয়।
কালো হাত আবার ভেঙ্গে দেবার জন্য আমরা সবসময়ই উৎসুক জাতি।
আমার দক্ষিণ হস্ত মানে দক্ষিণ বাহু মানে ডান হাত আর কী, ইদানিং চরম ব্যাথায় কাতর। সারাক্ষণ নানাভাবে ঘুরিয়ে পেচিঁয়ে, নানাভাবে ব্যায়ামের কলাকৌশল রপ্ত করে ঠিক রাখতে হয়।
এই ব্যাথার উৎসস্থল আমার অগনন সময় ধরে নেটে বসে থাকা।
নেটে বসে থাকলে যা হয়। নানা কাজ করে নেটের বিলের সদ্ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে একটি প্রধাণতম অস্ত্র, মাউস নাড়াচাড়া। নেটে থাকা সময়ের পুরোটাই আমার চেয়ার থেকে এক হাত দুরে কম্পিউটার টেবিলের মাউস ধরে রাখতে হয়। এই হাত বাড়িয়ে রাখতে রাখতে যে সমস্যা হয় হাত ঝিম ধরে যায়। দিনের পর দিন এই ঝিম ঝিম অবস্থা ডিজেল গাড়ী থেকে সিএজি কনভার্সনের মতো ব্যাথায় রুপান্তরিত হয়ে যাচ্ছে।
সঙ্গে আরো সমস্যাও শুরু হয়ে গেছে। কোনো জায়গায় বসে থাকলে অটোমেটিক সামনে চলে যায়। গুটিয়ে আনতে কষ্ট হয়। চেয়ারে বা বাসে বসে তাকলে এখন সামনে কিছুর প্রয়োজনীয়তা দেখা দেয়, দক্ষিণ হস্ত সম্প্রসারনের জন্য কোনো আশ্রয় কেন্দ্রের।
এ এক মহাসমস্যা।
কী করা যায় বুঝিয়া উঠিতে পারিতেছিনা। চোখ, দাতঁ, নাক, কান এমনকি গলার জন্য আলাদা ডাক্তার থাকলেও হাতের ডাক্তার নেই।
তারা একেবারে গ্রুপ রোগের চিকিৎসক।
পঙ্গু।
যে নাম শুনলেই হাত কিছুক্ষনের জন্য আবার কেন জানি ভালো হয়ে যায়?
যাই হোক একটা সমাধাণ আশু প্রয়োজন। চিন্তা করেছলোম ব্যাথানাশক কিছু খেয়ে সমস্যা নিবারন করবো। তাও সম্ভব নয়। ব্যাথানাশক ওষুধ এখন চিরস্থায়ী ব্যাথা নিবারনের লক্ষ্যে আত্মাকে বিদেহী করে দেয় অনায়াস।
আর সমাধান না হলেও যে খুব বেশি ক্ষতি হবে, তাও না।
আমার বাড়িয়ে রাখা হাত আমার জন্য সমস্যা হলেও অন্যদের জন্য উপকারী ঘটনা। কারন, এদেশে প্রচুর মানুষ প্রতিদিন হাত বাড়িয়ে দেয়ার আহবান জানায়।
সেই ডাকেই না হয় আমি সাড়া দিয়ে রাখলাম।
তবে বিষয়টা ডান হওয়ায় একটু প্রোবলেম। বাম হলে সমস্যা ছিলনা। ডান হাতের একটা আলাদা গুরুত্ব আছে। যেটা গতকাল একটা গল্প পড়ে বুঝেছি। এক শ্রমিকের বা হাতে ব্যান্ডেজ দেখে সবাই জিজ্ঞাসা করলো কী হয়েছে? কীভাবে হয়েছে?
উত্তরে শ্রমিকটি জানাচ্ছিল কারখানায় কাজ করার সময় তার ডান হাত মেশিনের ভেতর চলে গিয়েছিল।
সবাই অবাক। তবে বাম হাতে ব্যান্ডেজ কেন?
শ্রমিকটি জবাব দিল, আমি কী আর এতো বোকা? ডান হাত কতো কাজে লাগে। আমি যেই দেখছি আমার ডান হাত মেশিনের ভেতর চলে যাচ্ছে, আমি তখন দ্রুত বুদ্ধি খাটিয়ে ডান হাত বের করে বাম হাত ঢুকিয়ে দিলাম।
আমারও বুদ্ধি খুলছে। আমি এখন বাম হাতে মাউস চালাই। তবে এতেও সামান্য সমস্যা। রাইট বাটনটা যে কোনদিকে থাকে তা মিলাতে পারিনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



