
বিধু বিনোদ চোপড়ার নতুন ছবি ‘ফেরারি কি সওয়ারি’তে শচীন টেন্ডুলকারকে অভিনেতা হিসেবে দেখার সুযোগ পেতে যাচ্ছেন চলচ্চিত্রের দর্শকেরা। ইতিমধ্যে ছবিটিতে অভিনয়ের জন্য সবুজ সংকেত দিয়ে দিয়েছেন শচীন। ছবিতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন বিদ্যা বালানও।
আইপিএল মৌসুমের পরপরই ভারতের প্রখ্যাত ক্রিকেটার শচীন টেন্ডুলকার ‘ফেরারি কি সওয়ারি’ ছবিটির শুটিংয়ে অংশ নেবেন। ছবির একটি ছোট অথচ বিশেষ চরিত্রে অভিনয় করবেন শচীন। এ প্রসঙ্গে বিধু বিনোদ চোপড়ার উদ্ধৃতি দিয়ে পিটিআই জানিয়েছে, ‘ছবিতে শচীনের নাম ব্যবহারের সুযোগ পেয়ে আমরা খুবই খুশি। এতে বিশেষ একটি চরিত্রে দেখা মিলবে শচীনের। এ মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলতে চাচ্ছি না।’ তিনি বলেন, ‘আমার ধারণা, শচীনের নামের কারণেই ছবিটির দর্শক সংখ্যা কয়েক গুণ বেড়ে যাবে।’
একটি শিশু, তার বাবা ও দাদাকে ঘিরে ছবিটির কাহিনি আবর্তিত হয়েছে। শিশুটি ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখে। স্বপ্ন পূরণের পথে হাঁটতে গিয়ে একটি ফেরারি গাড়িকে ঘিরে নানা মজার ঘটনা ঘটতে থাকে। কাহিনিতে বড় ধরনের বাঁক আসে যখন শিশুটির বাবাকে শচীন টেন্ডুলকারের ফেরারি গাড়ি চুরি করতে বলা হয়।
ফেরারি কি সওয়ারি ছবির মুক্তির দিন ধার্য করা হয়েছে চলতি বছরের ১৫ জুন। ছবিটি প্রযোজনার পাশাপাশি এর কাহিনিও লিখেছেন বিধু বিনোদ চোপড়া। এর বিভিন্ন চরিত্রে রয়েছেন সারমান যোশি, বোমান ইরানি প্রমুখ। এ ছাড়া বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন বিদ্যা বালান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




