পাখি,
আমার একলা রাতের পাখি,
কেমন আছিস তুই আমি ছাড়া, আমাকে ছাড়া?
এমন জীবন'ই তো চেয়েছিলি একদিন।
এমন আমিহীন রূপোলি ভোর, সোনালি সন্ধ্যা!
আজ তোকে তাই দিয়েছি।
একটা স্তব্ধ জোছনা ভরা রাত দিয়েছি।
চাইলেই একলা জ্যোত্স্না ছূঁতে পারিস।
হাস্নুহেনায় একা মাতাল হতে পারিস।
আর কেউ ভাগ বসাবেনা মাতাল বারান্দার একফালি জোছনার আলোয়!
আর কেউ তোর ঘুমহীন ক্লান্ত চোখের ভাগ নেবে না।
চোখের নিচের কালো দিয়ে আর কখনো দুঃখ লিখবেনা অবহেলিত মেয়েটি।
তুই তো তাই চেয়েছিলি পাখি!
তবে এখন কেন চাতকের বেশে ঘুরে বেড়াস এ'পথ থেকে ও'পথে?
এখন কেন এত নিশ্চুপ হয়ে গেছিস?
এখন কেন হাসির আড়ালে কান্না লুকাস,
করিস ঘুমহীন রাত্রি যাপন?
পাখি,
আমার একলা পাখি,
তুই ভালো থাকিস।
তোর ঘুমহীন রাতেরা পূর্ণ যুবতী হোক
এক আকাশ ঘুম নিয়ে।
তোর জোছনা চন্দ্রাবতী হোক
পূর্ণিমায় আলোয়।
শুধু তোর হারিয়ে যাওয়া পরীটি
নিরবে আকাশের এক কোণে
তারা হয়ে চুপিচুপি জ্বলে থাকুক।
তোকে দেখতে পাক আমৃত্যু।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



