আমি ঠিক জানি আমি হঠাৎ এমনি কোন দিন
কোন মোড় ঘুরতেই তোমাকে সামনে পেয়ে যাবো
কী কথা ফুটবে মুখে, সংশয়ে কিভাবে তাকাবো
আমি ঠিক জানি, সেটা ভেবে পাওয়া অনেক কঠিন
তবে আমি জানি, আমি প্রথম যেদিন মুখোমুখি
তোমাকে সামনে পেয়ে নাম ধরে অমলিন স্বরে
ডেকেছি, ছুঁয়েছি শুধু তোমার নরম হাত ধরে
সেভাবে ডাকবো জানি, সে হাসিই মুখে দেবে উঁকি
আমি ঠিক জানি না তো, তুমি কি আগের মতো হেসে
ঘড়িতে দেখাবে ... আমি পথে বড় দেরি করে ফেলা
বেচারা প্রেমিক? আর তুমিও কি সেই শেষ বেলা
হাঁটবে আমার সাথে, আমাকে ভীষণ ভালোবেসে?
(নভেম্বর 15, 2005 এ প্রকাশিত। নতুন কবিতা লিখতে ক্লান্তি লাগছে, পুরোনো কিছু কবিতা পোস্ট করছি।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

