আমাদের বুড়ো অর্থমন্ত্রী,
এক বিকেলে উদাস হয়ে আকাশের দিকে চেয়ে বললেন
মৃদু, মৃদু স্বরে
"আন্তর্জাতিক বাজারো আখাশের দাম বাড়তো ফারে!"
কাছেই ছিলো এক দুষ্টু সাংবাদিক
দুম করে ব্যাটা ছেপে বসে পেপারে, আকাশের দাম বাড়বে!
অমনি দ্যাখো কোত্থেকে কয়েকটা লোক এসে কী সব করে
আকাশের ডিপো থেকে রাশি রাশি শুক্লপক্ষের আকাশ কিনে এনে মজুদ করে রাখে
দেখতে দেখতে আমাদের এ শহরে জ্যোৎস্নার দাম বেড়ে যায়
গাঁয়েগঞ্জে আরো বাড়ে,
কৃষ্ণপক্ষ মাস জুড়ে থাকে
শহুরে বেড়ালগুলো চাঁদের অভাবে বড় মৌন মেরে ঘোরে
উত্তরবঙ্গের প্যাঁচা মহানন্দে হুমহুম সুরে
গান গেয়ে চলে, মাসভর
ভয় লাগে, অর্থমন্ত্রী সামনে বাজেটে যদি ফের
আবার বাড়ান দাম ফুটফুটে রূপা-আকাশের?
চারদিকে নখ,
আকাশেও ঐ সরু চাঁদের নখর
সস্তায় আমাদের ছিঁড়ে ছিঁড়ে ফ্যালে, যদি ফ্যালে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


