হরিজনরাও সামাজিক মর্যাদা এবং শিক্ষার সুযোগ চায়ঃ
ওরা অচ্ছুৎ, অস্পৃশ্য। ওরা দলিত। সমাজের নিচ তলার মানুষ। ওদের ছায়া মাড়ানো পাপ। ওদের হাঁটা-পথে চলা পাপ। ওদের সাথে একপাত্রে জলপান কিংবা এক টেবিলে খাওয়া তো দূরের কথা, জ্ঞাতসারে এক কুয়ার পানি গ্রহণও পাপ- হরিজন সম্প্রদায়ের মানুষদের এমনটাই মনে করে ভারতের উচ্চ বর্ণের হিন্দুরা। দলিতদের চারপাশে নিষেধাজ্ঞার সীমাহীন বেড়াজাল। এমনকি তাদের জন্যে ধর্মশাস্ত্র পাঠ ও ধর্মালয় গমনও নিষিদ্ধ। স্রষ্টা ব্রহ্মের সাথে নাকি এদের শাস্ত্রগ্রাহ্য দূরতম সম্পর্কও নেই। ভারতীয় বর্ণবাদী কুলীন হিন্দু সমাজ মনে করে- "ব্রহ্মপদোদ্ভূত" শূদ্রেরাও নাকি ওদের চাইতে অধিক মর্যাদার। পোষা প্রাণীর জন্যে সমাজে যে মর্যাদাটুকু বরাদ্দ আছে, তার এক দশমাংশও বরাদ্দ নেই গণতন্ত্রের ধ্বজ্বাধারী ভারতীয় সমাজ প্রান্তের এই দলিত মানুষগুলোর জন্যে। অযত্নে লালিত টিকটিকি আর তেলাপোকারা যেমন গুরুত্বহীন অলক্ষ্যে ঘোরাফেরা করে; হয়তোবা কোনো অলস মুহূর্তে কারো আকস্মিক কৌতূহল জাগায়, কিংবা কোনো অকর্মণ্য কবির অপ্রকাশিত কবিতার প্রতিপাদ্য হয়ে দাঁড়ায়; তেমনি সমাজে দলিতদের উপস্থিতি। যেনো দেখেও না দেখা, বুঝেও না বোঝা এক নিরেট বাস্তবতা। হয়তো মদে চুর হয়ে আনমনে হাঁটছে আঁস্তাকুড়ের দিকে। মাথায় আবর্জনার স্তূপ। অথবা মিউনিসিপালিটির পাতাল নর্দমায় নেমে সাফ করছে শতাব্দীর সঞ্চিত জঞ্জাল।
রাতে লোকালয়-প্রান্তে নির্ধারিত পল্লীতে গবাদিপশুর মতো ঠাসাঠাসি করে বসবার। পুষ্টিহীন আহার, আয়েশহীন নিদ্রা আর পরিকল্পানাহীন প্রজনন। এইতো এদের জীবন। উদ্দেশ্যহীন, লক্ষ্যহীন, অন্ধকার। বেঁচে থাকতে হয়, তাই বেঁচে থাকে এরা। জীবনের বোঝা আর পেশার গ্লানি যখন দুঃসহ হয়ে ওঠে, তখন ওরা যেনো তা ভুলতে চায়, হয়তোবা সাময়িকভাবে, সস্তা ধেনো মনে আর মাতলামিতে। এভাবে বয়ে চলেছে অচ্ছুৎদের জীবন-নদী। নিরন্তর-নিরবধি।
এই অচ্ছুৎ, অস্পৃশ্য, দলিতদের একটি অংশ ভারতে "হরিজন" নামে পরিচিত। শহর, বন্দর কিংবা গ্রামে-গঞ্জে যারা পেশাগতভাবে আবর্জনা পরিষ্কার ও মলমূত্র নিষ্কাশনের কাজে নিয়োজিত, সেই সকল মেথর, ধাঙড়, ভূঁইমালি বা ঝাড়ু দারকে "হরিজন" বলা হয়ে থাকে। এই নাম স্বয়ং বাপুজি মহাত্মা গান্ধির দেয়া। "হরি" অর্থ ঈশ্বর আর "জন" অর্থ মানুষ। বাপুজি নামে তাদের ঈশ্বরের একান্তজন বানিয়েছেন, কিন্তু কাজে কি হয়েছে তা বলাই বাহূল্য। চাতুর্বর্ণের বেড়াজাল থেকে ভূ-ভারত এবং আমাদের বাংলাদেশ এখনও অবমুক্ত হতে পারেনি। বাংলাদেশের হরিজন সম্প্রদায় এদেশের আদি অধিবাসী নয়। তারা বিভাগপূর্ব ভারতের অধিবাসী। ১৮৬৪ সালে মিউনিসিপ্যাল এ্যাক্ট পাস হলে নগর পরিচ্ছন্নতার দায়িত্ব স্থানীয় সরকারের ওপর বর্তায়। তৎকালীন বৃটিশ সরকার ভারতের নাগপুর, কানপুর, গোরকপুর, ছাপরা, বলিথা, বিহার, পাটনা, মতিহারী, মুজাফফরপুর, ভাগলপুর, এলাহাবাদসহ বিভিন্ন প্রদেশ থেকে নিম্নবর্ণের মানুষদের এদেশে আনে ভালো চাকরি ও অন্যান্য সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে। কিন্তু হরিজনদের স্বপ্ন স্বপ্নই থেকে গেছে। এখনো তাদের জীবন কাটছে সামাজিক মর্যাদাহীনতা, বিচ্ছিন্নতা, অবহেলা আর অনাদরে। সরকারি, অসরকারি কোনো সাহায্যের হাতই এগিয়ে আসছে না তাদের দিকে।
আমাদের সংবিধানের ২৭ অনুচ্ছেদ সকল নাগরিকের সমঅধিকারের কথা ঘোষণা করেছে। ২৮(১) অনুচ্ছেদ ধর্ম, বর্ণ, লিঙ্গ ও স্থানজনিত বৈষম্যের বিরোধিতা করেছে। দেশের অন্ত্যজ জনগোষ্ঠী কি এই আইনী সমতা কিংবা বৈষম্যহীনতার সুবিধেটুকু পাচ্ছে? ২৮(৩) অনুচ্ছেদ আবার শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে এবং বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা বা শর্তাধীনতার স্বীকৃতি দেয়নি। তারপরও কি হরিজনেরা পার্কে কিংবা রেস্তোরাঁয় সমমর্যাদা পাচ্ছে? হরিজন শিশুরা কি পারছে মূলধারার ছেলেমেয়েদের সাথে একই স্কুলে, একই বেঞ্চে বসতে? এছাড়াও দেশের অনগ্রসর জনগোষ্ঠীর জন্যে বিশেষ সুবিধা প্রদানের বিধানও সংবিধানের ২৮(৪) অনুচ্ছেদে রয়েছে। বিশেষ ব্যবস্থা গ্রহণের সাংবিধানিক সুযোগ বর্তমান থাকা সত্ত্বেও "হরিজন" নামের এই অনগ্রসর জনগোষ্ঠীর অগ্রগতির জন্যে, তাদের নারী ও শিশুদের কল্যাণের জন্যে বিশেষ ব্যবস্থাগ্রহণ তো দূরের কথা, তাদের অস্তিত্ব সংরক্ষণে সাধারণ, সুলভ কিছু করার কোনো দূরবর্তী উদ্যোগও সরকার গ্রহণ করেনি।
ফলে হরিজনদের অনুকূলে প্রযোজ্য সাংবিধানিক সুবিধেগুলো শুধুই "গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন"এর মতোই নিষ্ফলা থেকে যাচ্ছে। এগুলোর যথাযথ প্রয়োগের জন্যে দরকার সরকারি আন্তরিকতা। হরিজনেরাও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাগরিক। সংবিধান-স্বীকৃত সকল মৌলিক ও নাগরিক অধিকার তাদের জন্যেও নিশ্চিত করতে হবে। জাতীয় উন্নয়ন পরিকল্পনায় হরিজনদের সম্পৃক্ত করতে হবে। ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় সংসদ পর্যন্ত প্রতিনিধি নির্বাচনের সকল ক্ষেত্রে অন্ত্যজ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব রাখার বিধান করা দরকার। অনগ্রসর জনগোষ্ঠী হিসেবে চাকুরী ও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে তাদের জন্যে কোটা বরাদ্দ রাখা প্রয়োজন। হরিজনদের মাঝে পেশা পরিবর্তনের মানসিকতা ও ক্ষেত্র প্রস্তুত করতে হবে। সরকারের গৃহায়ন কর্মসূচিতে হরিজন সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করতে হবে। তাদের জন্যে সরকারি খাস জমির স্থায়ী বন্দোবস্ত করা প্রয়োজন। প্রয়োজন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিজিএফ কার্ড প্রভৃতির ব্যবস্থা করা। আদমশুমারি বা জাতীয় জরিপের সময় হরিজন সম্প্রদায়সহ সকল অন্ত্যজ জনগোষ্ঠীর সঠিক পরিসংখ্যান করে জাতীয় উন্নয়ন বাজেটে তাদের আনুপাতিক হিস্যা নিশ্চিত করা একটি অতি আবশ্যক করণীয়। শিশুরাই যেহেতু সকল সম্প্রদায়ের ভবিষ্যৎ কর্ণধার, তাই হরিজন শিশুদের শিক্ষা ও চিকিৎসার বিষয়টি বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। মূলধারার শিশুদের সাথে তারা যাতে এক সাথে লেখাপড়া করতে পারে, তা নিশ্চিত করা দরকার। অস্পৃশ্যতা ব্যাপারটিই অনভিপ্রেত। শিশুদের ক্ষেত্রে তা আরো বেশি।
গত ১৬ তারিখ একটি সংগঠনের পক্ষে অনেকজন বিখ্যাত ব্যক্তিত্বদের সাথে পুরনো ঢাকার সুত্রাপুরে হরিজনদের একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। দেখলাম একঝাঁক প্রতিশ্রুতিশীল হরিজন শিশু। চোখে প্রতিভার ঝিলিক। মুখে দৃঢ় প্রত্যয়। সমবেতকণ্ঠে গাইছেঃ- "আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে"। ওদের পরাজিত হবার কারণ নেই। কারণ থাকবে না। আজ না হোক, কাল। আমি তাই মনে করি। অনুষ্ঠানে উপস্থিত আমাদের সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ডঃ সিরাজুল ইসলাম চৌধুরী স্যারও সেই প্রত্যয় ব্যক্ত করেছেন। বস্তুত, আমরা সবাই আশাবাদী। আশাবাদী মানব সম্প্রদায়ের সাম্যের প্রশ্নে।
অঃটঃ কয়েক মাস পুর্বে আমারা হরিজন শিশুদের জন্য ক্লাশ ফাইভ পর্যন্ত বিনে পয়শায় পড়া লেখা শেখার জন্য গনকটুলী সুইপার কলোনীতে একটি অবৈতনিক স্কুল অপেন করি(সেই স্কুলের অবকাঠামগত সুবিধা প্রদান করে সিটি কর্পোরেশন, বই-পুস্তক, লেখ্যসামগ্রী প্রদান করে ব্রাক)। তখন এই বিশয়ের উপড় এইধরনেরই আমার একটি লেখা কয়েকটি দৈনিক পত্রিকার পাঠকের পাতায়ও প্রকাশিত হয়েছিল। একই প্রক্রিয়ায় গত ১৬ তারিখ থেকে আমরা এমন আর একটি স্কুল প্রতিষ্ঠা করি সুত্রাপুর সুইপার কলোনীতে।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



