আমি.....
আমি কে?
আমি হলাম পাবলিক,
সবজান্তা একজন পাবলিক!
আমি প্রধানমন্ত্রীকে দাম্ভিক বলি, আমি স্বাস্থ্যসচিবকে চোর বলি, অর্থমন্ত্রীকে স্তাবক বলি, সরকারকে ব্যার্থ বলি।
আমি ডাক্তারকে খুনী বলি, পুলিশকে ঘাতক বলি।
সিটি মেয়রকে চোর বলি, সরকারি কর্মচারীকে ঘুষখোর বলি, শিক্ষককে নিকষ্মার ঢেঁকি বলি।
আমি দশ জন সাধারণ ধান্দাবাজ এর মতো,
সবজান্তা পাবলিকদের একজন।
আমি ফেসবুকে রাজা উজির মারি। পুলিশ দেখলে ভয়ে কাঁপতে থাকি।
আমি লকডাউন ভেংগে বাজারে যাই, মাস্ক কানে ঝুলিয়ে আকাশপানে তাকাই, আবার জীবাণুনাশক স্প্রে খুঁজি। আমি কথায় কথায় নেতা মন্ত্রীকে শাপান্ত দিই, প্রয়োজনে নেতা মন্ত্রীদের তৈল মর্দনেও যাই।
আমি সরকারি অনুদান সাদরে গ্রহন করি,
চায়ের দোকানে সেই সরকারের অতি ব্যায়ের নিন্দাও করি, আমি সবরকম সরকারি সুযোগ সুবিধা ভোগ করি, আবার সরকারের সব নির্দেশিকা ভঙ্গও করি।
আমি ডাক্তার পেটাই, হাসপাতালে নার্সদের গায়ে থুতু ছিটাই, পুলিশকে ঠোলা ঘুষখোর বলি, আবার বিপদে পরলেই থানায় দৌড়াই। আমি দিনমজুরদের দুঃখে কাতর হই, আবার সেই শ্রমিকদেরই মজুরী কম দিতে মরিয়া হই।
আমি ফুটানি দেখাতে রেস্টুরেন্টের দারোয়ানকে ১০০ টাকা বকছিস দিই, আবার আমিই বাজারের গরীব সবজিওয়ালার সাথে পাঁচ টাকার জন্যে তর্ক করি। আমি রাস্তার মোড়ে মাতালের মাতলামির নিন্দা করি,
আমিই আবার সুযোগ পেলেই একটা বোতল খুঁজি।
হ্যাঁ,
উপরের সবগুলোই আমি,
আমি শিক্ষিত,
আমি বিজ্ঞানমনস্ক,
আমি প্রতিবাদী,
আমি মিথ্যাবাদী,
আমি হিন্দু,
আমিই মুসলমান,
আমি পাবলিক,
আমি সবজান্তা একজন নাগরিক।
আমার মান আছে তো হূঁশ নেই,
আমার হূঁশ আছে তো মান নেই।
আমি জাত খুঁজি, আমি পাত খুঁজি,
আমি লিঙ্গ খুঁজি, আমি বর্ণ খুঁজি,
আমি অর্থ খুঁজি। আমার হাজারো দোষ, তবু আমি সর্বদা অন্যের দোষ খুঁজি, আমি মানুষ খুঁজি, শুধু মনুষ্যত্ব খুঁজিনা।।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




