গতকাল শুক্রবার সিলেট, দেবহাটা ও আদমদীঘিতে ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সিলেটের ওসমানী নগরে দুর্বৃত্তের গুলিতে ১ জন খুন হয়। দেবহাটায় মাটিতে পুঁতে রাখা মোটরসাইকেল চালকের এবং আদমদীঘিতে অজ্ঞাত এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়।
সিলেটে গুলিতে এক ব্যক্তি খুন
সিলেট অফিস ও বালাগঞ্জ উপজেলা সংবাদদাতা জানান, সিলেটের ওসমানীনগরে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে আবদুল কদ্দুছ (৩৬) নামের একটি ব্যক্তি খুন হয়েছেন। উত্তর সম্মানপুরে গ্রামে নিহতের বাড়ির সামনে থেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে ওসমানীনগর থানা এসআই আবদুল হাশিম জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে সিকন্দরপুর গ্রামের দুটি পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই খুনের এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে কে-বা কারা আবদুল কদ্দুছকে গুলি করে মৃতদেহ তার বসত বাড়ির সামনে ফেলে আসে। পুলিশ সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এসআই আবদুল হাশিম আরও জানান, খুন হওয়া লোকটি ছিল আছান পক্ষের। এলাকার লোকজনের বরাত দিয়ে তিনি বলেন, প্রতিপক্ষকে ফাঁসাতে আছান খা ফায়দা হাসিলের জন্য নিজেদের লোকদ্বারা আব্দুল কুদ্দুছকে খুন করিয়েছেন।
মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার
দেবহাটা (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা জানান, মাটিতে পুঁতে রাখা মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে সাতক্ষীরার দেবহাটা উপজেলার ভাতশালা গ্রামের ইমান আলী সরদারের পুত্র ছবিরুল ইসলাম (২৫)। শুক্রবার সদর উপজেলার হাড়দ্দহা গ্রামের একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার হয়।
নিহতের ভাই মনিরুল ইসলাম ও আব্দুস সবুর জানান, ছবিরুল ভাড়ায় মোটরসাইকেল চালাতো। তার ৬ মাস বয়সের একটি কন্যা সন্তান রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ছবিরুল মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। খোঁজা-খুঁজির এক পর্যায়ে সকালে লোক মুখে জানতে পেরে হাড়দ্দহা গ্রামে যান তারা। সেখানে একটি ইরি খেতে ছবিরুলের অর্ধপোঁতা দেহ দেখতে পান। খবরটি পুলিশে জানানো হলে সেখান থেকে লাশ উদ্ধার করেন। তারা আরও জানান, ধারণা করা হচ্ছে পূর্ব পরিকল্পিতভাবে ভাড়া করে এনে ছবিরুলকে হত্যার পর তার মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার
আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা জানান,
বগুড়ার আদমদীঘিতে এক অজ্ঞাত বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করেছে থানাপুলিশ। জানাযায়, উপজেলার রক্তদহ বিলের মাঝে কোচমনি দর্গার পার্শ্বে আনুমানিক ৬০ বছর বয়সী ওই বৃদ্ধা মহিলার লাশ স্থানীয় জনতা দেখতে পেয়ে থানায় খবর দিলে আদমদীঘি থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। মহিলার গায়ের রং শ্যামলা, পড়নে খাকি রঙের সোয়েটার, মাথায় ঝাকড়া চুল ও লাল ফিতা বাঁধা ছিল। মহিলাটির কোন পরিচয় পাওয়া যায়নি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




