তোমারে ভজনা করি, করি আরাধনা
তোমার কারণে যতো পূজা-অর্চনা।
তুমি তো গায়েব বিভু আলো নিরাকার
অরূপ রূপের তুমি একক আধার।
মাটির পুতুল আমি আকারের দোষ
আজন্ম খুঁটে খায় মগজের কোষ।
অরূপসাগর মাঝে দিই যতো ডুব
রূপের ধাঁধা পড়ে হই বেয়াকুব।
মজবুব দিল আজ অতীব নাজুক
উন্মুখ ভাবাবেশে দেখি যার মুখ
সে কি তুমি? না আমার স্বীয় কল্পনা
এঁকেছে তোমায় ভেবে নিজ আল্পনা?
ভাবের কাবায় দেখি ভরাপূর্ণিমা
মেহরাবে রওশন নূরের প্রতিমা।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০০৯ রাত ৯:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



