বাংলাদেশের ইতিহাসে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গুরুত্বপূর্ণ একটি চরিত্র হলেও অনুবাদের অভাবে বিশ্বসাহিত্য অঙ্গনে তার উপস্থিতি তেমন উল্লেখযোগ্য নয়, তাই নজরুল সাহিত্যের মানসম্পন্ন অনুবাদ গ্রন্থ প্রকাশ জরুরি হয়ে পড়েছে।
শিক্ষাবিদ ও গবেষক, ভিক্টোরিয়া ইউনিভার্সিটির স্কুল অব সোস্যাল সাইন্সেস এন্ড সাইকোলজির এশিয়ান স্টাডিজের সিনিয়র প্রভাষক ড. মার্ক স্টিভেনসন একথা বলেন।
তিনি আজ বাংলা একাডেমীর সেমিনার কক্ষে নজরুল বিষয়ক একক বক্তৃতা প্রদান করেন।
বাংলা একাডেমীর সভাপতি জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তৃতা করেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান।
বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক রফিকুল ইসলাম, ড. রাজীব হুমায়ুনসহ বাংলাদেশ ও ভারতের নজরুল গবেষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ এবং পশ্চিম বাংলায় নজরুল ইসলাম সমান জনপ্রিয় উল্লেখ করে মার্ক স্টিভেনসন বলেন, সাম্য ও মানবতার কবি নজরুল ইসলাম শোষণ-বঞ্চনার বিরুদ্ধে যেমন সোচ্চার ছিলেন, তেমনি তিনি ছিলেন প্রেম-ভালোবাসা ও দ্রোহের কবি। ইংরেজ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভূমিকার কারণে তিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিতি লাভ করেছেন।
তিনি বলেন, বিশ্ব সাহিত্যে রবীন্দ্র নাথের উপস্থিতি যতোটা সমুজ্জ্বল, নজরুল ততোটাই অলক্ষ্যে থেকে গেছেন। অথচ তিনি বড় মাপের একজন কবি।
নজরুলের সাহিত্য কর্মকে বিশ্ব সাহিত্যের অঙ্গনে যথার্য মর্যাদায় তুলে ধরতে হলে তার সৃষ্টিকর্মের অনুবাদ অত্যন্ত জরুরি উল্লেখ করে তিনি বলেন, এতে বিশ্ব সাহিত্য ভাণ্ডার আরো সমৃদ্ধ হবে। তার অনবদ্য সাহিত্য বিশ্বসংস্কৃতির সঙ্গে রচনা করবে বাংলা ও বাঙালির সেতুবন্ধ।
নজরুল সাহিত্যকে বিভিন্ন ভাষাভাষী মানুষের কাছে পরিচিত করে তুলতে স্টিভেনসন সংশ্লিষ্ট সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান।
শামসুজ্জামান খান কাজী নজরুল ইসলামকে বহুমাত্রিক ও বিরল প্রতিভা উল্লেখ করে বলেন, বিদ্রোহী কবি হিসেবে পরিচিতি লাভ করলেও এই মানবদরদী কবি সবসময় ভাগ্যহত, বঞ্চিত ও অবহেলিত মানুষের অধিকারের পক্ষে সোচ্চার ছিলেন।
তিনি বলেন, আমাদের মুক্তিযুদ্ধের সময় তার সঙ্গীতের বাণী ও সুরমূর্ছনা লড়াকু বাঙালিকে অমিত তেজে সব সময় সামনের দিকে এগোবার প্রেরণা যুগিয়েছে।
কবীর চৌধুরী বলেন, কাজী নজরুল ইসলাম বাঙালি কবি হলেও বিশ্বসাহিত্যের জনপ্রিয় রুশ কবি মায়াকোভস্কি ও ফ্রান্সের র্যাবোঁর সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো।
তিনি বলেন, আরবি, ফার্সিসহ বিভিন্ন বিদেশী ভাষা থেকে নজরুল ইসলাম প্রচুর অনুবাদ করেছেন।
তিনি বলেন, আমাদের সাহিত্য-সংস্কৃতিকে বহির্বিশ্বে তুলে ধরার একমাত্র কার্যকর অবলম্বন হচ্ছে অনুবাদ। আর তা করা গেলে বাঙালির সাহিত্য-সংস্কৃতির সমৃদ্ধ ভাণ্ডার সম্পর্কে বিশ্ববাসী জানতে পারবে, বাংলা ও বাঙালির ভাবমূর্তি উজ্জ্বল হবে। খবর: বাসস

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



