তোমাকে দেখবো বলে মাঝে মাঝে এখনো
ছুটে যাই তোমাদের বিখ্যাত একচালা বাড়ি।
যেতে যেতে ভাবি আমাকে দেখতেই
কলাবতী চাঁদ জ্যোৎস্নার পসরা বিছাবে
তোমার চেহারায়,
মরাগাঙে অকস্মাৎ ডাকবে ভরাকটাল।
গাড়িঅলার ঘাড় মটকাতে ইচ্ছে করে
এতোটা গড়িমসি কে করে? সে না মটর?
পড়ি-কি-মরি করে দু'পা হাতে নিয়ে
তোমাদের বাড়ির দোরগোড়ায় পৌঁছতেই
জমে যায় আ-চুল-নখ
ঝড়ে-উপড়ানো গাছের শিকড়ে ঝুলে থাকা
মাটির মতো ঝুরঝুরে হয়ে যায় এতিম কলিজা
গা-ছমছম-করা নিঃস্তব্দতা ভেঙে খান খান করে
কলিং বেলে ভীরু আঙুল।
কে খোলে কবরের হা-মুখ? কৃষ্ঞ-কুহর?
আশ্চর্য! এখাসে একদিন দারুণ ফাগুন ছিলো!
আঁধারের ভুতুড়ে পেটের দেয়ালে
পিশাচের হাসির ধ্বনি
প্রতিধ্বনি হয়ে বাজতে থাকে
অভ্যাসের দোষে মুখ ফসকে বেরুনো সালাম।
নির্বিকার হেঁটে যায় তোমারই প্রেতচ্ছায়া!
দুঃস্বপ্নের বীভৎস ভীতি
আমার গলার গঙ্গায় বসিয়েছে জগদ্দল ফারাক্কা।
তবু সেই ভয়াল উপত্যকায় কালের অলাতচক্রে
ফিরে ফিরে তোমাকেই খুজে ফিরি আঁতিপাতি...
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০০৯ সকাল ১১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


