কেনো যে রাত জাগতে এতো ভালো লাগে কে জানে?
রাত কি মাতৃজঠরের উপমা বলে?
তবে কি আমি আমর জন্মের আগের সময়টাকেই বেশি ভালবাসি?
নাকি আমার জন্মের বিশেষ কোনো অপূর্ণতাকে পূর্ণ করে
আবার জন্ম নিতে চাই বলে?
নাকি আমার মনশ্চক্ষুতে সবসময় জ্বলজ্বল করে যে সকাল
তাকে রাতের বৃন্ত থেকে ছিঁড়ে আনতে চাই বলে?
এমন প্রশ্নের কোনো উত্তর আমার জানা নেই
শুধু জানি রাতের মায়াবী রহস্য আমাকে খুবই টানে
আমি তার দুর্বার আকর্ষণ উপেক্ষা করতে পারি না
রাতের মেঘবরণ কেশরাশির নিবিড় অরণ্যে
বিলি কাটতে কাটতে বলে ওঠি, লাইলী আমার!
তোমার চেহারায় এমন গভীর প্রশান্তি বলো কে লেপে দিয়েছে?
রাত্রি কোনো জবাব না দিয়ে মুখ লুকোয়
আর আমি পুবাকাশের দিকে তাকিয়ে
বেহায়া সকালের নির্লজ্জ আগমনের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিবাদ জানাতে
ঘুমের গভীরে ডুব দিই
রাত আমার জন্য রাত জাগে না
সে সকালের বেদীমূলে সর্বস্ব বিসর্জন দিয়ে ফেরারি হয়ে যায়
দিনান্ত ছাড়া তার আর ফেরার গত্যন্তর থাকে না
আমি অপেক্ষার প্রলম্বিত দোলনায় দুলতে দুলতে
দু'পায়ে ঘষটি মেরে মেরে ক্ষয়ে ফেলতে চেষ্টা করি
উত্তেজনার জলন্ত সলতে
কিন্তু এই দুরাচার দিন বারবার সলতেটাকে কেবলই উসকে দেয়।
বি. দ্র. কবিতা জন্মের পূর্বে এলেখাটি চিঠি ছিলো। আমার কোনে এক রাত জাগার সখা ভিন মহাদেশ থেকে চিঠি লিখে জিজ্ঞেস করেছিল এখনো রাত জাগি কিনা-তার জবাবে লেখা। পরে সেটি কবিতা হইলো।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


