লোডশেডিং এর মোমবাতি জ্বালা,
গ্রীল দিয়ে ঘেরা, একাবোকা ওই বারান্দাটায়
টিপ টিপ টিপ বৃষ্টি ঝরে।
জং ধরা শিকে, মুক্তোদানা,
জল টলোমলো টুপ টুপ টুপ।
ক্ষয়ে যাওয়া ঘরে, স্মৃতি দোল খাওয়া
অন্ধকারে, একা আমি চুপ।
আলো জ্বলা ভোরে, ঘাসের উপরে,
ঘাস ফড়িঙের পলকা ডানা,
দামাল বাতাসে কখনো কেঁপেছে
তির তির তির।
তোমার হাতের মুঠোর ভেতরে
আমার হাতটা ঘেমে নেয়ে উঠে
ভালোলাগা আর অস্থিরতায়
জাগিয়ে তুলেছে সারাটা শরীর।
শিউলি ফুলের লাজুক শিশিরে,
ঘুম ভাঙা ভোরে রোদ চিকচিক।
তোমাকে পাওয়ার উন্মাদনায়
ঘড়ি দৌড়াতো টিক টিক টিক।
ঘোর লাগা চাঁদ, টেলিফোনে রাত,
স্বপ্ন মেশানো আবোল তাবোলে,
হারানো শহরে, অচেনা আলোয়
হঠাৎ কেঁদেছো 'ভালোবাসি' বলে।
দমকা বাতাসে গান ভেসে আসে,
স্মৃতির পর্দা তির তির তির।
ফুলদানি ছিল,এলোমেলো ঘরে
ঝড়ের শব্দে ভেঙে চৌচির।
লুনা রুশদী
প্রকাশ: বইপাড়া

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
