আমাদের আন্দোলনের ফসল ইতিমধ্যেই আসতে শুরু করেছে। সরকার আইন পরিবর্তনে বাধ্য হয়েছে, এই সপ্তাহের মধ্যেই হয়তো সংশোধিত হতে পারে আইন। এরপর? ৩০ দিন যাবে আপীলে, আপীলের যাবার ৪৫-৬০ দিনের মধ্যে নিস্পত্তি করতে হবে তা। অর্থাৎ সব ঠিক থাকলে আগামী একশ দিনের মধ্যে কাদের মোল্লার গলায় ঝুলতে পারে ফাঁসির দড়ি।
কিন্তু আমরা কি এখনি থেমে যাবো? ঊঁহু, অন্তত এই আইন পাশ না হওয়া পর্যন্ত আমরা আছি। আগামীকাল জামায়াত দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে, দেশব্যাপী গড়ে ওঠা গণজাগরণ মঞ্চগুলোতে উপস্থিত হয়ে তাদের এই বিক্ষোভ প্রতিহত করুন। ৪২ বছর যে যুদ্ধটি চলছিলো, সে যুদ্ধ এত অল্প সময়ে শেষ হবে না। রাজপথ ছাড়ছিনা, ছাড়বো না। এই যুদ্ধ আমাদের তরুণদের সহ্যক্ষমতার লড়াই। হাল ছাড়া চলবে না। আমাদের নিয়মিত রুটিনে নিয়ে আসতে হবে এই যুদ্ধকে। ইতিমধ্যে অনেক মাকে দেখেছি সকালে বাচ্চাকে স্কুলে দিয়েই চলে আসেন শাহবাগের প্রজন্ম চত্বরে। অনেক স্কুল-কলেজ পড়ুয়া প্রতিদিন আসেন তাদের ক্লাস শেষ করে, চাকরীজীবিরা আসেন অফিস শেষ করে। সবাই ধারণা করেছিলো বড়জোর একদিন-দুদিন এই অবস্থান কর্মসূচী চলবে, কিন্তু আমরা তরুণরা তাদের ভুল প্রমাণিত করেছি। এই রুটিন আমাদের চালিয়ে যেতে হবে বেশ কিছুদিন, কারণ সামনে রায় ঘোষণার অপেক্ষায় আছে সাঈদির মামলাটিও।
আমরা এমন এক শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে লড়ছি, যারা সাংঘঠনিকভাবে যেমন শক্তিশালী, তেমন শক্তিশালী অর্থনৈতিক দিক দিয়েও। আগে থেকেই বলে আসছি এই আন্দোলনকে বাধাগ্রস্থ করতে তারা করবেনা এমন কোনো হেনতম কাজ নেই। ষড়যন্ত্র চলছে, চলবে। কিন্তু এসব প্রতিহত রে এগিয়ে যেতে হবে সামনের দিকে। এতদিন আমরা পেরেছি, সামনেও পারবো, কিন্তু এই ষড়যন্ত্র মোকাবেলায় দরকার আপনাদের। ব্লগার এণ্ড অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্ক একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম, তাই অরাজনৈতিকভাবেই এই আন্দোলন চলবে। কিন্তু খেয়াল রাখবেন যে বিষয়টি নিয়ে আমরা আন্দোলন করছি সেটি কিন্তু রাজনৈতিক, তাই এর সমাধান করতে হবে রাজনৈতিকভাবেই। তাই অনেক ছাত্র ও রাজনৈতিক সংঘটন যারা আমাদের দাবীর সাথে একমত, তারা উপস্থিত হয়ে তাদের সংহতি জানান দিচ্ছেন।
আরেকটি ব্যাপারে খেয়াল রাখুন, 'ব্লগার এণ্ড অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্ক' এর হলুদ রঙ্গের হেডব্যান্ড এবং আইডি ছাড়া অনেকেই মিডিয়াতে নিজেকে আন্দোলনের উদ্যোক্তা হিসেবে প্রকাশ করে আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করছেন। যেমন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিডিয়া হাউজ প্রথমআলোতেও একজন স্বাক্ষাতকার দিয়ে বলেছেন আমরা নাকি আন্দোলন বন্ধ করে দেবো ছুটির দিনগুলো ব্যতীত এবং শাহবাগ থেকে সরিয়ে নেবো। এসব বিভ্রান্তি প্রকাশকারীদেরও চিনে রাখুন, সুযোগমত তাদের জবাব দেওয়া হবে। হলুদ হেডব্যান্ড ব্যতীত আরিফ জেবতিক, অমি পিয়ালও বিভিন্ন টকশোতে অংশ নিয়ে থাকেন, কিন্তু তারা আমাদের পক্ষেই কাজ করছেন এবং এই আন্দোলনের প্রকৃত ম্যাসেজ পৌঁছে দিতে চেষ্টা করছেন সবার মাঝে। তাই তাদের কথায় আস্থা রাখুন। আরেকটি ব্যাপার, আমরা কিন্তু জামায়াতে ইসলামীর নিষিদ্ধের ব্যাপারে আন্দোলন করছি, সকল ইসলামিক বা ধর্মভিত্তিক রাজনৈতিক দল নয়। কারণ জামায়াতে ইসলামী রাজনৈতিকভাবে আমাদের স্বাধীনতার বিরোধীতা করেছিলো, অন্যরা নয়। তাই এই দাবীকে ভিন্নভাবে দেখার অবকাশ নেই।
সকল যুদ্ধাপরাধীর অবিলম্বে ফাঁসী কার্যকর করতে হবে। আমাদের সংগ্রাম চলছে, চলবে।
জয় বাংলা।
কৃতজ্ঞতাঃ মুক্তিযুদ্ধের গল্প শোন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




