মানুষের পায়ের শব্দ শোনে সন্তর্পণে কান পেতে
হাজার পায়ের আনাগোনার ভিড়ে
কেবল দুটি পা খুঁজে ফেরে!
দরদরিয়ার বৃক্ষরাজি আজও মায়াময় ছায়াশীল
শীতল ছায়ায় জুড়োয় শরীর হাজারো পথিকের,
তবু প্রাণে প্রশান্তি মেলে না
সন্তান হারানো মায়ের মতো
বছরের পর বছর প্রতীক্ষায় থাকে ছায়ার আঁচল পেতে।
দরদরিয়ায় নীড়ে ফেরা পাখির ডানায় চেপে জ্যোৎস্না নামে
একটি বাড়ির জানালায় মুখ বাড়িয়ে উঁকি দেয়
গরাদের ফাঁক গ’লে ঢুকে
একজন জনদরদী মানুষ খোঁজে!
দরদরিয়ার পুকুরগুলো দীর্ঘশ্বাস ফ্যালে পাড়ে
বৃষ্টি হ’লে বুক চাপড়ে মরে
হায়রে জল, কত জল, বুক থৈ থৈ করে জলে
তবু তাদের ছেলে চেয়েও পায়নি
একফোঁটা জল নিদানকালে!
দরদরিয়ার বুকের শোণিত ধারার ক্ষরণ
সমস্ত নদী-খাল বেয়ে ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশে
দররিয়ার বুকের ব্যথা বাজে সারা বাংলাদেশের বুকে
অহর্নিশি দুঃখিনী বাংলাদেশ
তাজ, তাজ ব’লে ডাকে।
ঢাকা
২১.১০.১৪
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০২৪ রাত ৩:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



