১
দুঃখলতা বাউ
গিরিমাটির গহীন অরণ্যে-
আলোকলতার মতো ছড়াও;
বিষাদের বিষম নুড়িপাথর
তাকেও জড়াও।
২
স্মৃতিপাখি ঠোকরাও
একা গাছটিরে কাঠঠোকরার মতো অবিরত ঠোকরাও
বক্ষঃস্থলে কোটর খুঁড়ে
পিপীলিকার আবাস বানাও।
৩
দুঃখ কী কাগুজে নোট?
জনে জনে করবো বিলি!
দুঃখ তো আমার একান্ত গহীন গুহার কৃষ্ণপাথর
আমি সে পাথর খোদাই ক’রে গড়ি-
দুঃখপ্রতিমা!
৪
কষ্ট কী অর্ধ অনাবৃত লাস্যময়ী পণ্যদূত?
ছবি ক’রে সেটে রাখবো বিলবোর্ডে!
কষ্ট তো আমার একান্ত গহীন গুহার দেয়াল
আমি দিবারাত্রি সে দেয়াল খুদে
লিখে রাখি কষ্টনামা!
দমদম, কলকাতা।
১২.০১.১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


