বাংলাভাষা এই মুহুর্তে পৃথিবীর অন্যতম বৃহৎ ভাষা। সেই তুলনায় ইন্টারনেটে ভাষার প্রতিনিধিত্বের দিক থেকে বাংলা ভাষা এখনও অনেক পিছিয়ে। ইন্টারনেটে আঞ্চলিক ভাষাগুলোর প্রতিনিধিত্বে সামপ্রতিক সময়ে ব্লগিং অন্যতম একটি শক্তিশালী প্রপঞ্চের রূপ নিয়েছে। বাংলাদেশে ব্লগিংয়ে একটি বড় বিপ্লব সাধন করেছে সামহোয়্যার ইন ব্লগ। ইন্টারনেট প্রযুক্তির অংশ হিসেবে ব্লগিং সুবিধাটি এখন মানুষের মতপ্রকাশের, অন্যের ভাবনার সাথে সংযুক্ত হওয়া অথবা ভিন্নমত ও আলোচনার মিথস্ক্রিয়ায় স্থান, কাল ও পাত্রের সীমাবদ্ধতা অতিক্রমের চমৎকার একটি প্লাটফর্ম।
2005 সালের 16 ডিসেম্বরে জন্ম নিয়ে সামহোয়্যার ইন ব্লগ খুব অল্প সময়ে ইন্টারনেটে বাংলাভাষায় লেখালেখি ও পঠনের যে জায়গাটা করে দিয়েছে সেটা অবিশ্বাস্য। প্রতিদিন পেইজ ভিউয়ের গড়পড়তা সংখ্যাটি 50,000 ছাড়িয়ে যা দেশের অনেক বড় বড় দৈনিক পত্রিকারও নেই। সেই হিসেবে ব্লগ এখন মূলধারার সংবাদ পরিবেশনের মাধ্যমের চাইতেও অধিক পঠিত একটি মাধ্যম।
ব্লগের মুক্ত, অবাধ, আন-সেনসরড এবং আন-এডিটেড রূপটির যে শক্তি সেটি অন্য মাধ্যমে দেখা যায় না। ফলে সমসাময়িক বিষয় যার পরিমন্ডলীয় ব্যপ্তি হতে পারে ব্যক্তিগত থেকে সামাজিক, স্বদেশ অথবা আনর্্তজাতিক - এ সব কিছুতে ব্লগ সাধারন যে কোন মানুষকে একজন শক্তিশালী লেখকে পরিণত করে। অপর বাস্তব বইটিতে সামহোয়্যার ইন ব্লগে সামপ্রতিক সময়ের আলোচিত কয়েকটি উল্লেখযোগ্য বিষয়ে ব্লগ লেখকদের ভাবনা, চিন্তা এবং একই সাথে পাঠকদের মতামতের বিষয়গুলো নিয়েই সংকলন হয়েছে। ব্লগের একটা বিশাল সুবিধা হলো লেখার সাথে সাথেই পাঠকের প্রায় রিয়ের টাইমে ইন্টার্যাকশন। বইটিতে ব্লগীয় ফরম্যাটের সেই ধাঁচটাকে ধরে রেখেই সংকলন করা হয়েছে।
বাংলাভাষায় ব্লগীং থেকে লেখা, লেখার পাঠ, মন্তব্য-প্রতি মন্তব্যের মিথস্ক্রিয়ায় এ ধরনের ফরম্যাটে কম্পিউটারের মনিটর থেকে ছাপার অক্ষরে আত্নপ্রকাশের এটিই খুব সম্ভবত প্রথম পদক্ষেপ। আশা করি অপর বাস্তবের মাধ্যমে পাঠকেরা পরিচিত হবেন ব্লগের গতিশীল এক নতুন জগতের সাথে যেখানে লেখক এবং পাঠকের ভিতরে স্থানিক, সময়ের কোন দূরত্বই নেই। নতুন এই জগতে আপনাকে স্বাগতম।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



