'দাদখানি চাল, মুসুরের ডাল,
চিনি-পাতা দৈ,
দু’টি পাকা বেল, সরিষার তেল,
ডিম-ভরা কৈ।
পথে হেঁটে চলি, মনে মনে বলি,
পাছে হয় ভুল;
ভুল যদি হয়, মা তবে নিশ্চয়,
ছিঁড়ে দেবে চুল।
'দাদখানি চাল, মুসুরের ডাল,
চিনি-পাতা দৈ,
দু'টি পাকা বেল, সরিষার তেল,
ডিম-ভরা কৈ।'
বাহবা বাহবা- ভোলা, ভূতো, হাবা
খেলিছে তো বেশ।
দেখিব খেলাতে, কে হারে কে জেতে,
কেনা হলে শেষ।
'দাদখানি চাল, মুসুরের ডাল,
চিনি-পাতা দৈ,
ডিম ভরা বেল, দু'টা পাকা তেল,
সরিষার কৈ।'
ওই তো ওখানে ঘুড়ি ধরে টানে,
ঘোষেদের ননী:
আমি যদি পাই, তা হলে উড়াই
আকাশে এখনি।
দাদখানি তেল, ডিম-ভরা বেল,
দু'টা পাকা দৈ,
সরিষার চাল, চিনি-পাতা ডাল,
মুসুড়ের কৈ!
এসেছি দোকানে-কিনি এই খানে,
যদি কিছু পাই;
মা যাহা বলেছে, ঠিক মনে আছে,
তাতে ভুল নাই!
দাদখানি বেল, মুসুরের তেল,
সরিষার কৈ,
চিনি-পাতা চাল, দু'টা পাকা ডাল,
ডিম-ভরা দৈ।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৬ সকাল ৯:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




