বর্ষার আগের কথা, সিরাজগঞ্জের ভদ্রঘাটে
অভদ্রের মতো আমি হারিয়েছিলাম পথ, জানো
কী করি, পথের বাঁকে হারানোর নিশানা লুকানো
বর্ষার আগের কথা, এখনও স্মরণে পথ হাঁটে।
যমুনা না করতোয়া, ভদ্রঘাটে নদীর কী নাম
না জেনেই পা বাড়িয়ে, কিছুক্ষণ পর চেয়ে দেখি
আমার দু'পাশে গ্রাম, তেঁতুল আর শিরীষ সাবেকি
সম্ভ্রমে দাঁড়িয়ে। আমি পথ বরাবর তাকালাম।
কেমন সোনালি আলো সহসা ঝিলিক মারে চোখে
হঠাৎ তেঁতুল ঝাড়ে ডাকাতের মতো বুনো হাওয়া
নড়ে, আর পাতাদের ফুরোয় সে ভীরু পথ চাওয়া
চড়ুই পাখির মতো তারা ভাসে, হাওয়ার মোড়কে।
আমার হারানো পথ হাতের তুড়িতে মেলে নাই
একে ওকে জিজ্ঞাসি, সব শালা ভুল পথ বলে
অনেক হুজ্জত শেষে যমুনা ব্রীজের করতলে
বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে আমি যখন পৌঁছাই।
তোমার চোখেও দেখি তেঁতুলের পাতার উচ্ছ্বাস,
আমিও হারাই পথ, ভদ্রঘাট জানে ইতিহাস।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




