তিমির রাত্রি যেন কলহ বিভোর,
উঠবে কি দিবাকর আসবে কি ভোর।
দীনহীন মানবতা থমকে দাঁড়ায়,
মুক্তির দূত কবে আসবেরে হায়।
রিক্ত হস্ত যেন ভীরু চঞ্চল,
সুপথের দিশা পেতে সদা উচ্ছল।
সুভাষিণী সদা পথ ভীরু চোখে চায়,
যেন সে অবাঞ্ছিত পথ না মাড়ায়।
কাব্যের হাট বসে ছন্দ নতুন,
তবুও তাদের দিলে ঘৃণার আগুন।
হানাহানি অনাচার নিত্যদিনেই,
লড়ে তারা কারো সনে অতি সহজেই।
লড়াইটা চলে যেন বছর বছর,
তবু না ফুরাতে চায় শোধের প্রহর।
কন্যারে পুঁতে ফেলে এই নরাধম,
বিভীষিকা চারদিকে হতাশা পরম।
গুমড়ে গুমড়ে কাঁদে পৃথিবী আমার,
বিধাতা রহম কর দাও রাহবার।
এ কালিমা ধুয়ে মুছে যেন দেয় সব,
এ ধরায় দাও তুমি নব কলরব।
তেমনি একটি দিনে হাসল গগণ,
ছড়াল তারকা জ্যোতি যেন অগণন।
শতগুণে বেড়ে গেল রবির কিরণ,
পুস্পেরা ছড়াল তো সুবাস কখন।
কি সুর উঠল জানি বিশ্ব বীণায়,
পাখি গায় নব গান যেন সহসাই।
পুস্পেরা নবরূপে সাজাল বাগান,
সবে মিলে বলে যেন এসো, আহলান।
কা’বার মূর্তি সবে পড়ল ঝুকে,
ধ্বংস তাদের যেন আসছে হেঁকে।
শয়তান তারস্বরে করল রোদন,
ফুরোল যে তার রাজ আর প্রহসন।
সহসা আলোতে ভরে ঘর আমেনার,
তারকারা এলো যেন হয়ে সারেসার।
আসছে নুরের নবী এই দুনিয়ায়,
আলোকিত সব ঐ নুরের প্রভায়।
আলোকিত হল ঐ রোমের প্রাসাদ,
ভেঙ্গে দিল এ ধরার সব অবসাদ।
ভাঙ্গল গম্বুজ কাঁপে কিসরার প্রাসাদ,
বাইতুল্লাহ কেঁপে বিলায় চিত্তপ্রসাদ।
নিভল অগ্নিকুন্ড ঐ পারস্যের,
আগুনের পূজারীরা জমা হলো ফের।
হল কী এমন যেন আজি এ ধরায়,
জুলম-শির্কের মসনদ ভেঙ্গে যায়।
আকাশ আর বেহেশতের খুলে যায় দ্বার,
সারবেঁধে ফেরেশতারা পথে এ ধরার।
সবে মিলে গায় গান মর্মে অধীর,
আজি আগমন হল আখেরী নবীর।
মুক্তির তরী নিয়ে খোদার কালাম,
সবার শ্রেষ্ট জনে জানাই সালাম।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



