মেজাজ টা শেষ দুই ঘণ্টা ধরে চরম খিছে আছে। এই মেয়েটার সময় জ্ঞান যে কবে হবে? মাঝে মাঝে ভাবি যে এই মহিয়সি নারীর মাথায় যদি আর একটু বেশি বুদ্ধি থাকত কি এমন ক্ষতি হয়ে হত!! মাথা ভরতি কোঁকড়া চুলের বড় বড় গোল গোল চোখ ওয়ালা আমার একটা মুনিয়া আছে, আমি তার কথাই বলছি। আমি যখন খুব সিরিয়াস হয়ে কথা বলি, তার বড় বড় গোল চোখ গুলি হঠাৎ করে ছোট হয়ে যায়, তীক্ষ্ণ চোখে তাকিয়ে থেকে বুঝার চেষ্টা করে ফান করছি নাকি আসলেই সিরিয়াস!! ওই যে বললাম মাথায় বুদ্ধি নামক জৈব রাসায়নিক উপাদান এর ঘাটতি। কিন্তু তাকে যে তখন কি সুন্দর লাগে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কখনো মুনিয়া কে বলা হয়ে উঠেনি, আজ আসুক বলে ফেলব কথাটা । মাঝে মাঝে তার কর্ণ থেকে নিউরণ এর AXON আর DENDRITE এর কারিশমা শেষ হয়ে আমার কথা গুলি BRAIN এর ভিতর একটা অর্থ তৈরি করতে অনেক সময় লাগে তার। ততক্ষণে Madam তো রেগে আগুন। বুঝতে সময় লাগলেও কি হবে, রাগ করতে তার সময় লাগেনা। কিন্তু সব কিছুর একটা সীমা থাকা দরকার, একটা মানুষের আসতে কত সময় লাগে?? এই দিকে আমার যন্ত্রণা টা বেরেই চলেছে...।। উফফ কি অসহ্য...!!
ওর সাথে আমার বন্ধুত্ব অনেক দিনের। ঠিক কবে থেকে মনে করতে পারছি না। তবে তখন থেকেই মেয়েটার মারমুখি আচরন আমার খুব ভাল লাগত। একসাথে private পরতাম। কত যে matrix সমীকরণ ওর মুখের দিকে তাকিয়ে থেকে মিলিয়েছি...!! শুধু Sir যখন বলতেন “R u following?” , তখন সম্ভিত ফিরে পেতাম।
সাত পাঁচ ভেবে একদিন ধুম করে কাজ টা করে বসলাম । একদিন বিকালে ধানমণ্ডি লেক এর পাড়ে বসে ওকে বলেছিলাম
- আচ্ছা তোর জুতাটা খুল তো ।
আবার সেই সরু চোখের চাহনি দিয়ে জিজ্ঞেস করলো।
- ক্যান?
- নাহ এমনি তে । আরে বাবা তোর জুতা নিয়ে তো দৌড় দিব না আমি!
-আগে বল ক্যান?
- তোর জুতা টা খুলে আমার পায়ের উপর পা রেখে বস।
আমাকে অবাক করে দিয়ে মেয়েটা আমার পায়ের পাতার উপর পা রেখে বসে বসে ফুসকা খাচ্ছে ।
-আচ্ছা এইবার বল তো কেন পায়ের উপর পা রাখতে বললি ?
- নিজের পায়ে তো সারাজীবন অনেক চলেছিস এইবার ক্ষান্ত দে। আমার পায়ের উপর দাড়িয়ে বাকি জীবনটা চালিয়ে দিতে পারিস ।
পুরা ফুসকা টা মুখের ভিতর পুরে চাবাতে ভুলে গেল কিছুখনের জন্য। নিজের সবচেয়ে কাছের বন্ধুর কাছ থেকে এমন করে প্রেম প্রস্তাব ও হয়ত স্বপ্নেও ভাবে নি। হঠৎ করে বলল...
-হুমমমমম। তাই? সত্যি? আল্লহ আমি তো বিশ্বাস করতে পারছি না। শুভ্র তুই না! আগে বলবি না!!
-আহা, যাক তুই এত সহজ এ রাজি হয়ে যাবি চিন্তাই করি নাই। তাহলে তো এখন আমরা শুধু ফ্রেন্ড না তাই না? আমরা এখন bf-gf ?
-হা হা হা হা......। ভেরি ফানি । এই সব ফালতু মজা আর কখনো করলে তোর খবর আছে কইলাম ।
এইবার অন্য রকম আগুন জ্বালা চাহনি । আমি কিন্তু সত্যি ভয় পেয়েছিলাম। একটু পরে অবাক হয়ে খেয়াল করলাম সে তার পা টা কিন্তু এখনও সরায় নি !
ওইদিনের পরে কত্ত বার নানা ভাবে বলেছি ভালবাসি...ভালবাসি । কিন্তু তার সেই একই উত্তর একই ভাবভঙ্গি । নাহ বেক্কেল মেয়েটা আমার feelings টাই বুঝল না। আমাদের সেই আগের মত আড্ডা দেয়া, এইখানে ওইখানে ঘুরে বেড়ানো ঠিকই চলছিলো। একদিন সন্ধ্যায় ওকে নিয়ে ওর প্রিয় "হট কেক" এ নিয়ে গিয়েছিলাম। খাওয়া হল , ঘুরা হল , তারপর সন্ধ্যায় ওকে বাসায় রেখে আসলাম । বাসের জানালার পাশে বসে ঘরমুখি ব্যস্ত ঢাকা দেখতে দেখতে বাসায় ফিরছিলাম । হঠাৎ করে মাথায় একটা বুদ্ধি আসলো । বুদ্ধি না দুষ্টু বুদ্ধি। এই রকম বুদ্ধি আমার মাথায় প্রায়ই আসে। সব চেয়ে বেশি আসে অদ্ভুত অদ্ভুত সময়ে। আমার এইসব পাগলামি টাইপ কাজ কারবার এর জন্যই মুনিয়া আমাকে "কর্ডলেস" ডাকতো । যাই হোক বুদ্ধি মত ওকে ফোন করলাম...
-হুমমমমমমম। বল কি ব্যাপার আবার ফোন কেন করলি?
-তুই কি খুব busy?
-হুম একটু। সমস্যা নাই, বলে ফেল ।
- নাহ একটু সিরিয়াস কথা তো...
-উরে, তোর সিরিয়াস কথার যন্ত্রণায় তো অতিষ্ট গেলাম রে।
- নাহ এইবার খুবই সিরিয়াস।
- ওকে বলে ফেল।
-দেখ আমি জানি তোর একটু খারাপ লাগবে, কিন্তু তোকে সত্যি না বলে শান্তি পাচ্ছি না। মনটা একটু শক্ত কর প্লিজ।
- ওই আবার প্যাচাল! তুই বলবি ?
- বললে তো মনে কর বলেই ফেললাম। কিন্তু শুনার পর তোর যে কষ্ট হবে সেটা ভেবে খারাপ লাগছে রে ।
- ওই তুই কইবি?
- শুন, আমি না তোকে কোন ভালো টালো বাসি না। ওই সৌরভ হালা রে চ্যালেঞ্জ করে কইসিলাম তোরে পটাইয়া দেখামু। কিন্তু তুই তো বহুত খারুষ আছিস! একটু ও পটলি না। যাই হোক ,দেখ তোকে না বললে ব্যাপার টা কেমন যেন হয়ে যায় তাই না বলে শান্তি পাচ্ছিলাম না।
ফোনের ওই পাশে একদম চুপচাপ।
-হ্যালো , বল তুই কিছু মনে করিস নাই।
-ন ......নাহ । কি মনে করব? তুই ই তো। এইসব তো তুই ই করবি।
-যাক বাবা তুই কিছু মনে করিস নাই তাহলে? বাঁচাইলি।
নাক টানার শব্দ পাওয়া যাচ্ছে ওই পাশে। আমি হ্যালো হ্যালো করে কত্ত চিৎকার পাড়ি । সে তো অঝর ধারায় অশ্রু বর্ষণ করেই যাচ্ছে।আমি তো হাল ছেড়েই দিলাম। অনেক হতাশ ও হলাম । মুনিয়া হঠাৎ করেই বলল
-শুভ্র, প্লিজ। আমাকে খুশি করার জন্য হলেও একটা বার বল "তুই এখন যা বললি সব মিথ্যা"।
ওর সাথে সুর মিলিয়ে নাক টেনে কান্না শুরু করব নাকি ভাবছিলাম। বেক্কেল মেয়েটার সাথে আমার ও খুব কান্না পেয়েছিল ওইদিন । চরম খুশির কান্না । আমি কেঁদেছিলাম নাকি সেটা ঢাকার সোডিয়াম লাইট এর আলোতে কেউ দেখে নি । সেই দিন মনে হয়েছিল এই জীর্ণদশা মধ্যবিত্ত জীবন খুব একটা মন্দ না। অনেক ভালো লাগায় মুনিয়ার জন্য জমা ভালবাসা ঢাকার রাস্তায় , লোকাল বাসের সিটের চিপায় , আনন্দ সিনেমার বড় টিভিটার চূড়ায়, এলাকার চিপাগলির সর্বত্র ছড়িয়ে পড়েছিল। যেদিকে তাকিয়েছি শুধু ভালবাসা দেখেছি ।
আচ্ছা আড়াই ঘণ্টা হল । মেয়েটা এখনও আসলো না কেন ? এই বার সত্যিই খুব রাগ হল। আমি বার বার করে জ্যতি কে বলে দিলাম মুনিয়া কে জলদি খবর দে। শালা কি আবার নিজের বউয়ের ফোন নিয়ে ব্যস্ত হয়ে ভুলে গেল নাকি? নাহ, মনে হয় না। আমার যন্ত্রনাটাও বেড়ে চলেছে। মজার ব্যাপার হল ব্যথা টা কোথায় সেটাই বুঝতে পারছিনা । হাসপাতালের বেড এ একটু পাশ ফিরে শুতেই বাবা কে দেখলাম। আচ্ছা আব্বু টা কখন আসলো? আমাকে দেখতে এসে গেছে নিজের সব কাজ ফেলে? তো ওই পুলিশ বেটার সাথে কিসের এত কথা ! হায় হায় আব্বু যে কি করে কিচ্ছু বুঝি না। এত রাগি একটা মানুষ হুট হাট কান্না শুরু করা কি মানায়...!! আহারে চশমাটা আনতে ভুলে গেছে মনে হয়। ওইতো নাকের উপর চশমার দুটা কালো দাগ দেখতে পাচ্ছি । এত্ত কান্নার কি হল বুঝলাম না। একটু কাছে আসো তো! মাথায় একটু হাত রাখো বাবা।
দরজার চিপা দিয়ে কাকে দেখা যায়? তানহা না? আরে কি আজব তানহা চলে আসল আর ওই বোকা মুনিয়া টা আসল না এখনও!! আমি কি ঠিক দেখছি ? আরে হা ! মুনিয়াই তো! তানহার কাধে মাথা রেখে দাড়িয়ে আছে । বেক্কেল টা দেখি আজও সেই অক্টোবর এর ১৭ তারিখ এর মত সুর লাগিয়ে কাঁদছে। জান, আমি এই যে এইখানে! তোমার ডান দিকের দরজা টা দিয়ে ঢুকলেই আমাকে দেখতে পাবে। ফাজলামি বন্ধ করো তো এইবার! দৌড় দিয়ে চলে আসো আমার কাছে। পাশে বসে হাত টা ধরো। আচ্ছা ওইখানে আমার বাবা দাড়িয়ে আছে সে কি দেখছে না! লজ্জা শরম তো কাল পর্যন্ত ও ছিল। আজকে আমার বাবার সামনে দাড়িয়ে ভ্যা ভ্যা করে কাঁদছে কেন?
ওইতো সজীবরা ও চলে এসেছে । পুলিস কে সৌরভ বলছে "স্যার , এইবার ছেড়ে দেন। আমরা ডেড বডির রিলিস লেটার নিয়ে আসছি"। সজীব কি আজকাল সকাল বেলায় ও **** খাওয়া শুরু করলো নাকি? দাড়া একবার হলে যেয়ে নি, তোর পোটলা খাওয়া ছুটিয়ে দিচ্ছি । ব্যাটা আসলি তোরা আমকে দেখতে, আবার ডেড বডি কই পাইলি ! তাহলে কি আমি মারা গেছি !!!
না না এভাবে কিভাবে মারা যাই। আমার এখনও পড়া শেষ হয় নাই , চাকরি করা হল না , আম্মুর জন্য সেই ২৮ হাজার টাকার শাড়ি টা কিনা হল না , প্রতি সেমিস্টার এ ভেবেছি সামনের বার খুব রেজাল্ট করব তাও করা হল না , আব্বুর জন্য গাড়ি কিনা হল না , আমার ছোট ভাই টাকে কথা দিয়েছিলাম গোল্ডেন এ+ পেলে Nike এর জুতা কিনে দিব সেটা দেয়া হল না , গ্রামে গিয়ে দাদা দাদুর কবর যিয়ারত করা হল না ,ছাদের উপর লুকানো সিগারেট এর প্যাক টার জন্য আম্মু কে মিথ্যা বলেছিলাম স্যরি বলা হল না, মতিন স্যারের বাগানের ফুলের টব গুলির জন্য মাফ চাওয়া হল না। আব্বুর পকেট থেকে কতো টাকা নিয়েছি ক্ষমা চাওয়া হল না। আমার ছোট্ট ভাই টা কে কতো মেরেছি কোনদিন জড়িয়ে ধরে বলা হয় নি তোকে খুব খুব ভালবাসি। খুব রাগের মাথায় বড় ভাইয়া কে একটা পাল্টা ঘুসি দিয়েছিলাম, কখনো বলা হল না ভাইয়া তুই আমার কত্ত কাছের বন্ধু ছিলি। বড় মামার নতুন পালসার বাইক এর গ্লাস ভেঙ্গে বলেছিলাম কই কিচ্ছু জানি না, মামা কে স্যরি বলা হল না। এইত কিছুদিন পর রিয়া দেশ এ আসবে ওর জামাই নিয়ে , ওদের পিজ্জা হাটের ট্রিট এ গিয়ে আমাদের গ্রুপ ছবি তোলা হল না । মুনিয়ার কাছে কত্ত মিথ্যা বলেছি, যেগুলির জন্য ধরা খাই নি সেগুলির জন্য মাফ চাওয়া হল না। সারা জীবন আমার পায়ে ভর করে দাঁড়াতে দিব কথা দিয়েছিলাম , কথা রাখা হল না। আরও কতো কতো কিছু করার বাকি ছিল মাত্র ২১ বছর এ থেমে যাবার কথা ছিল না । মানি না , না না না আমি এই মৃত্যু মানি না ।
তোমাদের দুনিয়া চলবে , আমার ভালবাসার আবেশ লাগানো এই ঢাকা শহর চলবে, যাদের ছাড়া একটা মুহূর্ত চলতো না তারা ও থাকবে , শুধু আমি থাকব না!! প্রতিদিনের মত আশরাফ স্যার রোল কল করবেন সবাই উপস্থিত শুধু রোল ৪৮ আর কোনদিন "উপস্থিত/লাব্বাইক/ প্রেজেনট/হাজির" এইসব বলে কেউ কে হাসাবে না । আমি তো কোন দোষ করি নি । আমাকে এত বড় শাস্তি কেন দেয়া হল? আমি না থাকলে আমার বাবা কাকে নিয়ে চিন্তা করবে, আম্মুর হাতে ভাত খাবে কে, মুনিয়ার সাথে রিক্সায় করে ঘুরবে কে? নির্জন দ্বীপে মুনিয়ার হাতে হাত রেখে জ্যোৎস্না স্নান কিংবা সমুদ্রবিলাশ এর মত অনেক অনেক স্বপ্ন আধুরাই রয়ে গেল ! না না আমি যাব না, আমি এই খুন মানি না।
শুধু "তাঁদের" কথা না শুনে বিশ্ববিদ্যালয় এর গেট এ গিয়েছিলাম । মানব বন্ধন করেছিলাম। "দুর্ঘটনা বহুল ব্যর্থ সরকারের পতন চাই " শীর্ষক মানব বন্ধনে গিয়েছিলাম। "তারা" বলেছিল বুঝিস কিন্তু!! আমি বুঝি নাই। বাবা মোবাইলে ফোন করে বলেছিল "বাবা শুধু পড়ালেখা করো। ওইসব রাজনীতি none of your concern"। বাবাকে খুব ভয় পেতাম তাই কিছু বলি নাই । কিন্তু বাবা আজ বলছি এই দেশের ঘাসে জমে থাকা প্রতিটি শিশির কনা আমার , গাছের প্রতিটি কাক আমার , রাস্তার লাইট পোস্ট গুলি আমার , ধিঘির জলে ভেসে থাকা শাপলা গুলি আমার , আমার বোনের সম্ভ্রম আমার , এই পুরা দেশটা আমার concern। তাই আমি প্রতিবাদ করেছি, মিছিল করেছি। "তারা" বলেছিল বেশি করিস না "টেংরি ভাইঙ্গা দিমু" । আমি থামি নাই। আমাকে বলেছিল আমাদের দলে আয়। আবার বিরোধী দল বলেছিল তোর ফিল্ড ভালো , আমাদের সাথে চল । আমি চলেছিলাম আমার কিছু মুক্তিকামী বন্ধুর সাথে ।আমার মাথার উপর কোন দলের পতাকা ছিল না । পায়ের নিচে বাংলার মাটি আর বুকে ছিল স্বপ্নের বাংলাদেশের প্রত্যয়। আমার বন্ধু সজীব বলেছিল, বন্ধু আমি আছি তোর সাথে "৭১ এ তো যাইতে পারি নাই , এইবার যামু "
আমরা যদি না জাগি মা
কেমনে সকাল হবে ?
তাই আমি জেগেছি । আজ জীবন মৃত্যুর উরধে গিয়ে ও আমি জেগে আছি । আমার আত্মা ঘুমাবে না, যতদিন না তোমারা জেগে উঠো। তোমাদের হাতে দায়িত্ব সঁপে তবেই না আমার মুক্তি।
সম্পূর্ণ কল্পনা প্রসূত এই লিখা পড়ে অনেকেই দীর্ঘ শ্বাস ফেলে বলবেন হায় খোদা এই দেশের যে কি হবে ? কি আর হবে ! আমার এক মাদক আসক্ত বন্ধুর মা বলেছিলেন "জানি আমার ছেলে খারাপ , এখন কি করবো বাবা ? খারাপ হলেও আমারই তো ছেলে , ফেলে তো দিতে পারি না" । জানি এই দেশ ঘুণে খাওয়া , তাই বলে আমরাও ছেড়ে তো দিতে পারি না !
গল্পটা এইখানেই "অতঃপর তাহারা শুভ্রর স্মৃতি নিয়ে যে যার মত বাস করিতে লাগিল " বলে শেষ করে দিতে পারলে আমি ও খুশি হতাম । কিন্তু আসল দুঃখ সেই হতভাগার মৃত্যুর পরেই শুরু। শুভ্রদের আত্মা বাংলার বাতাশে মুক্তির গান গেয়েই যাচ্ছে । সুদূর লন্ডনে বসে রুদ্ধশ্বাস ব্যস্ততার মাঝে সেই গান আমার কানে পৌঁছে গেসে । আপনাদের ও শুনিয়ে ছাড়ব ।এই গল্পের পরের অংশ সম্পূর্ণ অ-রোমান্তিক । আপনাদের কাছে আমি সেই গল্প পৌঁছে দিব যে করেই হোক। আমকে দিতেই হবে।
আর এর আগের লিখাটার পরে নতুন কিছুর জন্য যারা উৎসাহ দিয়েছেন তাঁদের কে অনেক ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



